মেন্যু
Menu

কেন আমাদের আলিম প্রয়োজন?

২৩ নভেম্বর, ২০২৬

ভূমিকা

মুসলমানদের কেন আলিমদের শরণাপন্ন হতে হবে? আল্লাহ তায়ালা তাঁর নবি সা.-এর মাধ্যমে কুরআন ও সুন্নাহর আকারে হিদায়াত নাজিল করেছেন। আধুনিক প্রযুক্তির কল্যাণে হিদায়াতের এই উৎসগুলোর নাগাল পাওয়াও এখন খুব সহজ। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মাঝে ভুলত্রুটির ঊর্ধ্বে নন এমন মানুষদের মধ্যস্থতা কেন লাগবে? দ্বীনি বিষয়ে নিজেরাই সিদ্ধান্তে পৌঁছাতে মুসলমানরা কি বই-পুস্তক কিংবা ওয়েবসাইটের ওপর নির্ভর করতে পারে না? তারা কি সরাসরি কুরআন ও সুন্নাহ (নবিজির আদর্শ) নিয়ে চিন্তাভাবনা করতে পারে না? আর যদি দেখা যায়, কখনো কখনো আলিমদের বিশেষায়িত জ্ঞানের ওপর আমাদের নির্ভর করতেই হয়, তাহলে কোন আলিম নির্ভরযোগ্য আর কোন আলিম নির্ভরযোগ্য নন—তা আমরা বুঝব কীভাবে? যাদের আমরা নৈতিক আদর্শ হিসেবে উঁচু আসনে বসাই, তাদের কেউ কেউ যদি আদর্শের ঠিক উল্টো বলে প্রমাণিত হন, তখন কী হবে? মুসলমানরা তাদের আলিমদের এত সম্মান করে। অথচ পরে যদি দেখা যায়, কিছু প্রসিদ্ধ আলিম ব্যক্তিগত কিংবা রাজনৈতিক লেনদেনে গুরুতর নৈতিক স্খলনের শিকার, তখন কি তা ঈমানের সংকট কিংবা দ্বীনের প্রতি মোহভঙ্গের কারণ তৈরি করে না? আর নারীদের বিষয়টি কী? তারা কি আলিম হতে পারেন? যদি পারেন, তাহলে তাদের সংখ্যা এত কম কেন?

এই প্রবন্ধে আমি এমন কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার লক্ষ্য দুটি—

  • এক. বিশুদ্ধ ইসলামি ইলমের ওপর নির্ভর করা যে অপরিহার্য, তা দেখানো।

  • দুই. দ্বীনি কর্তৃত্বকে স্বীকার করলেই যে সন্দেহপূর্ণ বিষয়ে নিজের নৈতিক বিচারবুদ্ধি খাটানোর দায় থেকে মুসলমানরা পুরোপুরি মুক্ত হয়ে যায় না, তাও স্পষ্ট করা। 

প্রায় পনেরো শতাব্দী আগে কুরআন ও সুন্নাহ প্রথম নাজিল হয়েছিল আরবের প্রেক্ষাপটে। পরবর্তী যুগের মুসলমানদের জীবনে তা কীভাবে প্রযোজ্য হবে, তা ব্যাখ্যা করার জন্য প্রত্যেক যুগের মুসলমানরাই ইলমচর্চার গুরুত্ব স্বীকার করে এসেছে।

কিন্তু শিল্পবিপ্লব ও উপনিবেশবাদের (Colonialism) সমসাময়িক কালে ইউরোপে কিছু সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর ঘটে। এই রূপান্তর মানবজাতির ক্ষুদ্র একটি অংশের চিন্তাধারাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। আর এর ফলে আজ অনেকের চোখেই আলিমরা হয়ে পড়েছেন অপ্রাসঙ্গিক। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের পেছনে কারণ একাধিক। কেউ কেউ সেক্যুলার মতাদর্শকে আপন করে নিয়েছে। মুসলমানরা কেন তাদের ঐতিহ্যকে, তুরাসকে অাঁকড়ে ধরে থাকবে, তা এই সেক্যুলাররা বুঝতে পারে না। তারা ভাবে, মুসলমানরা কেন সরাসরি সেক্যুলারিজম (Secularism) গ্রহণ করে না? কেন নিজেদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে অতীতের বিষয় হিসেবে মেনে নেয় না, যা থেকে কেবল মাঝে মাঝে অনুপ্রেরণা নেওয়া যায়? আরেক দলের মাঝে আল্লাহর ওহির প্রতি অঙ্গীকার আরও গভীর। তারা হয়তো প্রশ্ন করবে, 'গুগলের কল্যাণে নির্ভুল কুরআন ও সুন্নাহ যখন আমার হাতের মুঠোয়, তখন ভুল করতে পারেন এমন আলিমদের কেন দ্বারস্থ হব?' আবার আরেক দলের দাবি, যারা সনদের (Chain of Authorities) ধারাবাহিকতায় ইসলামি ইলম বর্ণনার আনুষ্ঠানিক অনুমতি (ইজাজাহ) পেয়েছেন, তারা ছাড়া আর কেউ ইসলামকে জানতে পারে না। তারা ঘোষণা দেয়, 'এরাই প্রকৃত উলামা। এদের ছাড়া আর কেউ কুরআন ও সুন্নাহর ব্যাখ্যা করতে পারবে না।'

এই প্রবন্ধে সমাজে আলিমদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনায় এসেছে বর্তমান ও অতীত দুই সময়ের কথাই। মুসলিম সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ দুই প্রেক্ষাপটেই এই ভূমিকা বিবেচনা করা হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি কুরআন, সুন্নাহ এবং পূর্ববর্তী আলিমদের রচনা থেকে উদ্ধৃতি দেব। এমন একটি ছোট প্রবন্ধে সকল আলোচ্য বিষয় পূর্ণাঙ্গভাবে তুলে ধরা সম্ভব নয়। এর জন্য বহু লেখকের একাধিক প্রবন্ধ প্রয়োজন। তবে আমি আশা করি, প্রবন্ধের শেষে পাঠক একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির জরুরত উপলব্ধি করবেন। এই দৃষ্টিভঙ্গি আলিমদের কর্তৃত্বকে সম্মান করবে। আবার সাধারণ মুসলমানকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক দায় থেকে রেহাইও দেবে না। পুরো প্রবন্ধজুড়ে আমি দেখানোর চেষ্টা করব, আধুনিক মুসলমানের জীবনে ইলমের ভূমিকা কী হওয়া উচিত। কারণ এমন এক দুনিয়ায় তারা বাস করছে, যেখানে অনেকেই সেক্যুলার জনপরিসরের (Secular Public Sphere) পক্ষে কথা বলে। আর সেই পরিসর থেকে ধর্মকে বাদ দেওয়ার দাবি তোলে।

প্রবন্ধের উপসংহারে একটি বাস্তবতা স্বীকার করা হবে। আমাদের প্রয়োজন মেটানোর মতো আলিম তৈরি করা একটি সামষ্টিক ফরজ। আধুনিক পশ্চিমে এই ফরজ আদায় হচ্ছে না। বলা যায়, আধুনিক বিশ্বের বেশির ভাগ অঞ্চলেই হচ্ছে না। তাই আমাদের মানতে হবে, আলিম তৈরি করা শুধু আলিমদের কাজ নয়; বরং গোটা মুসলিম উম্মাহর কাজ। আধুনিক বিশ্বে ইসলামের ভূমিকা কী হওয়া উচিত, তা জোরালোভাবে তুলে ধরতে আমাদের আলিমরা প্রায়ই ব্যর্থ হন। এই ব্যর্থতা আসলে সব মুসলমানেরই ব্যর্থতা। একে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে এবং এই অবস্থা পরিবর্তন করার চেষ্টা করতে হবে।

'নবিদের উত্তরসূরি'

আলিমদের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে দ্বীনি ইলম অন্বেষণ সম্পর্কিত নবিজি সা.-এর একটি আলোক-উৎসারী হাদিসের উল্লেখ প্রায় অনিবার্য। হাদিসটি একাধিক হাদিসগ্রন্থে বর্ণিত হয়েছে। ইমাম ইয়াহইয়া ইবনে শারাফ আন নববির (মৃ. ৬৭৬/১২৭৭) প্রসিদ্ধ সংকলন রিয়াজুস সালিহিনেও তা স্থান পেয়েছে। আলিম কারা এবং তাদের কাঁধে কত বিশাল নৈতিক দায়ভার, তা বোঝার ক্ষেত্রে এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ উৎস। এই বর্ণনা অনুযায়ী নবিজি সা. বলেছেন—

مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَصْنَعُ، وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ، وَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا، وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ.

'যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ইলম অন্বেষণকারীর কাজে সন্তুষ্ট হয়ে ফিরিশতারা তার জন্য ডানা বিছিয়ে দেন। আসমান ও জমিনের সবাই আলিমের জন্য ইস্তিগফার করে, এমনকি পানির গভীরে থাকা মাছও। আবিদের ওপর আলিমের মর্যাদা তেমন, যেমন সব তারকার ওপর চাঁদের মর্যাদা। নিশ্চয় আলিমরা নবিদের উত্তরসূরি। নবিরা দিনার কিংবা দিরহাম রেখে যাননি; তাঁরা রেখে গেছেন ইলম। কাজেই যে তা গ্রহণ করল, সে বিপুল অংশ লাভ করল।'

হাদিসটি মোটা দাগে আমাদের দুটি কথা জানায়। দ্বীনি ইলম অন্বেষণের ফজিলত অপরিসীম। আর যারা সঠিক উদ্দেশ্যে তা অর্জন করে, তাদের মর্যাদাও অনেক উঁচুতে। নিয়তই যে এখানে সবকিছু, তা আরেকটি হাদিসে চমকপ্রদভাবে ফুটে উঠেছে। যারা দুনিয়াবি উদ্দেশ্যে দ্বীনের ইলম অর্জন করতে চায়, তাদের জন্য হাদিসটি এক ভয়ংকর সতর্কবার্তা। সেই দীর্ঘ হাদিসে নবিজি সা. কিয়ামত দিবসের একটি দৃশ্যের বর্ণনা দিয়েছেন। এটিও রিয়াজুস সালিহিনে আছে। তিনি বলেছেন—

وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ، وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ. قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ.

'এমন এক ব্যক্তিকে হাজির করা হবে, যে ইলম অর্জন করেছিল, অন্যকে শিখিয়েছিল এবং কুরআন পড়েছিল। আল্লাহ তাকে তাঁর দেওয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দেবেন। সে সেগুলো স্বীকার করবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন, ‘এই নিয়ামতের শুকরিয়া আদায়ে তুমি কী করেছ?’ সে বলবে, ‘আমি ইলম অর্জন করেছি এবং তা শিখিয়েছি। আর আপনার সন্তুষ্টির জন্য কুরআন পড়েছি।’ আল্লাহ বলবেন, ‘তুমি মিথ্যা বলেছ। তুমি ইলম অর্জন করেছ, যাতে লোকে তোমাকে আলিম বলে। কুরআন পড়েছ, যাতে লোকে তোমাকে কারি বলে। আর তা বলা হয়েছেও।’ তারপর তার ব্যাপারে হুকুম দেওয়া হবে। তাকে মুখের ওপর উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।'

স্পষ্টতই, নবিদের উত্তরসূরিদের দায়িত্ব হালকাভাবে নেওয়ার বিষয় নয়। নিয়ত সঠিক হলে ইলম অন্বেষণ সর্বোত্তম আমল। আর নিয়ত খারাপ হলে তা মানুষকে জাহান্নামের দিকেও নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হিফাজত করুন। এই মৌলিক বাস্তবতা সত্ত্বেও ইসলামকে সঠিকভাবে বোঝার জন্য আলিমরা অপরিহার্য। এর কারণ অনেক দিক থেকেই বেশ স্পষ্ট। এবার আমরা সেই প্রসঙ্গেই যাব।

আলিমদের প্রয়োজন কেন

জীবনাচার হিসেবে ইসলামের ভিত্তি কুরআন ও সুন্নাহ। কুরআন বহুমাত্রিক বুননে গাঁথা এক ওহি। মুসলমানরা বুঝেছে, নবিজি সা. তেইশ বছরের নবুওয়তি জীবনে এই ওহির ব্যাখ্যা দিয়ে গেছেন। নবিজির সুন্নাহর সাহায্য ছাড়া কুরআনের সূক্ষ্ম খুঁটিনাটি প্রায়ই বোঝা যায় না। আবার কুরআন ও সুন্নাহ দুটিতেই এমন কিছু নস আছে, যার নানামুখী ব্যাখ্যা সম্ভব। যেকোনো সম্প্রদায়ের কাছে মূল্যবান যেকোনো পাঠ্যের ক্ষেত্রেই এ কথা সত্য। মার্কিন সংবিধানের কথাই ধরুন। এর শব্দসংখ্যা ৪,৫৪৩। অর্থাৎ এই প্রবন্ধের চেয়েও তা বেশ ছোট। তবু এই সাংবিধানিক দলিল কর্র্তৃক বর্ণিত নীতিমালা ব্যাখ্যা করতে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে বিশাল বিচারিক অবকাঠামো। গড়ে তুলেছে ল ফার্ম ও আইন স্কুলের মতো অসংখ্য আইনি প্রতিষ্ঠান। এগুলোর কাজ আইনের গবেষক ও পেশাজীবী তৈরি করা। আর এই সাংবিধানিক দলিলটিই আজকের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির পরিচালনা নিয়ন্ত্রণ করে। একইভাবে কুরআন এবং নবিজি সা.-এর শিক্ষা মানব-ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতাকে পথ দেখিয়েছে। গত হাজার বছরের বেশির ভাগ সময় এই সভ্যতা আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরাশক্তি হিসেবে বিকশিত হয়েছিল।

এই প্রেক্ষাপটে এটা খুবই স্পষ্ট, দুনিয়ার জীবনে কুরআন ও সুন্নাহ কীভাবে মুসলিম উম্মাহকে পথ দেখাবে, তা সঠিকভাবে বুঝতে ইলমি দক্ষতা গড়ে তোলা জরুরি। রাজনীতি ও বুদ্ধিবৃত্তির উঁচু স্তরে বিষয়টি হয়তো স্পষ্টই মনে হয়। কিন্তু কেউ প্রশ্ন করতে পারেন, কুরআন ও সুন্নাহয় সংরক্ষিত পবিত্র ওহি নিয়ে আলিমদের গভীর চিন্তাভাবনা সাধারণ মুসলমানকে কতটা প্রভাবিত করে, কিংবা কতটা করা উচিত? এখানেও সংবিধানের উপমাটি কাজে আসতে পারে। মার্কিন সংবিধান কিংবা বিভিন্ন অঙ্গরাজ্যের সংবিধান যুক্তরাষ্ট্রের আইনের সবচেয়ে মৌলিক স্তর। সব নাগরিকের ওপর প্রভাব ফেলে এমন বৃহত্তর আইনি কাঠামো গড়ে উঠেছে এই সংবিধানগুলোর ভিত্তিতেই। এসব আইন মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। আইন মেনে চলার প্রয়োজনীয়তা সবাই স্বীকার করে। এর কারণ শুধু এটা নয় যে আইন না মানলে পরিণতি গুরুতর হতে পারে। আমরা সাধারণত এটাও বিশ্বাস করি যে আইন মেনে চলাই সঠিক কাজ। এর জন্যও আইনটা কী, তা জানতে হয়। আর সাধারণত তা জানা হয় আইনবিদদের তৈরি উৎসগুলো ব্যবহার করে। দৈনন্দিন জীবনে আমরা আরও যেসব ক্ষেত্র ও পরিসরের ওপর নির্ভর করি, সেগুলোর বেলায়ও একই কথা প্রযোজ্য। চিকিৎসা, প্রকৌশল, অর্থনীতি কিংবা আরও বহু ক্ষেত্র। এই তালিকা অন্তহীনভাবে লম্বা করা যায়। এসব জানতেও সেই শাস্্ত্রের বিশেষজ্ঞদের দ্বারস্থ হতে হয়।

মূল কথা হলো, মানুষের কাজকর্মে প্রায়ই বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন হয়। আলিমদের আমরা ওহির বিশেষজ্ঞ হিসেবে দেখতে পারি। এই ওহি আমাদের বলে দেয়, কীভাবে জীবনযাপন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই বিশেষজ্ঞদের ওপর নির্ভর করি। মানুষের সামাজিক অস্তিত্বের ধরনটাই এমন যে কিছুটা বিশেষায়ণ (spelization) ছাড়া কোনো সমাজ বিকশিত হতে পারে না। বিশেষায়ণের ফলে মানুষ একেকটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে। অন্যদের সেই দক্ষতা অর্জনের সুযোগ হয় না। মানবসমাজের পারস্পরিক নির্ভরশীলতাই এটা অনিবার্য করে তোলে। আলিমদের ক্ষেত্রেও এ কথা অবশ্যই সত্য। বেঁচে থাকার উপকরণের জন্য আলিমদেরও বিশেষজ্ঞদের ওপর নির্ভর করতে হয়। যে ডাক্তার তাদের টিকা দেন, যে প্রকৌশলী তাদের ঘরবাড়ি ও গাড়ির নকশা করেন, কিংবা যে সরকারি কর্মকর্তারা তাদের শহর-নগর পরিচালনা করেন, সবার ওপরই তারা নির্ভরশীল। ফলপ্রসূ জীবনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেতে যেমন আমাদের সবার এসব বিশেষজ্ঞ দরকার, তেমনি কুরআন ও সুন্নাহর শিক্ষা নিজের জীবনে কাজে লাগানোর মতো করে পেতে সাধারণ মুসলমানদেরও আলিম দরকার।

পৃথিবীর বেশির ভাগ মুসলমানই তরজমার সাহায্য ছাড়া কুরআন ও সুন্নাহর ভাষা বুঝতে পারে না। এসব তরজমা শেষ পর্যন্ত আলিমরাই করেন। প্রথম হিজরি তথা সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর আরবের আরবি বোঝার যোগ্যতা তাদের আছে। আর ওহির যুগের প্রায় দেড় হাজার বছর পরের পাঠক ও শ্রোতার কাছে তারা সেই অর্থ পৌঁছে দেন। জোনাথন এ. সি. ব্রাউন তার অসাধারণ গ্রন্থ Misquoting Muhammad-এ দেখিয়েছেন, আলিমদের ব্যাখ্যামূলক সাধনার সাহায্য ছাড়া কুরআন বোঝার প্রয়াস ব্যর্থ হতে বাধ্য। কুরআনের শক্তিশালী ভাষা বুঝতে সাহাবিরাও কখনো কখনো জাহেলি যুগের কবিতার শরণাপন্ন হতেন। কুরআনের কিছু অলংকারপূর্ণ শব্দের অর্থ জাহেলি কবিতা প্রামাণিকভাবে স্পষ্ট করে দিত। ব্রাউন দেখিয়েছেন, কিছু আধুনিকতাবাদী মুসলমান হাদিসের মতো কুরআন-বহির্ভূত দ্বীনি উৎসকে প্রান্তিক করার বিপথগামী চেষ্টা করেছেন। কিন্তু এই চেষ্টা নিজেই নিজেকে খণ্ডন করে। কারণ পবিত্র কুরআনের কিছু শব্দের অর্থ নির্ধারণে তাদেরও স্পষ্টতই আরবি অভিধানবিদদের কুরআন-বহির্ভূত ইলমি কাজের আশ্রয় নিতে হয়।

একটি হরফের ব্যাখ্যা

কুরআনের একেকটি হরফের ক্ষেত্রেও এ কথা সত্য। একটি উদাহরণ দেওয়া যাক। সূরা মায়িদার ৬ নম্বর আয়াতে অজুর বিধান এসেছে। সেখানে একটি বাক্যাংশ সাধারণত তরজমা করা হয় 'তোমাদের মাথা মাসেহ কর' বলে। এই তরজমা মূল আরবির একটি জটিলতাকে আড়াল করে ফেলে। জটিলতাটি হলো, وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ (ওয়ামসাহু বিরুউসিকুম) বাক্যাংশের 'বা' হরফটি কীভাবে বোঝা হবে। এই একটি হরফ নিয়েই ব্যাপক আলোচনা হয়েছে। মাথার কতটুকু মাসেহ করতে হবে, এ নিয়ে আলিমদের মাঝে তৈরি হয়েছে একাধিক মত। নাহুবিদরা বলেন, 'বা' হরফটি বারোটি ভিন্ন অর্থ দিতে পারে। ফলে ফকিহরা মতভেদ করেছেন, আয়াতে চাওয়া মাসেহ কি পুরো মাথার, নাকি মাথার কিছু অংশের? যদি পুরো মাথার হয়, তাহলে একটি চুল বাদ পড়লেই কি মাসেহ বাতিল হয়ে যাবে? আর যদি কিছু অংশের হয়, তাহলে মাত্র একটি চুল মাসেহ করলেও কি তা সহিহ হবে? শেষ পর্যন্ত ফকিহরা এই দুই প্রান্তের মাঝে নানা অবস্থান গ্রহণ করেছেন। এবার এই সমস্যাটিকে কুরআনের প্রায় ছয় হাজার আয়াতের বাকি অংশে বিস্তৃত করুন। তারপর তা ছড়িয়ে দিন নবিজি সা.-এর নামে বর্ণিত হাজার হাজার হাদিসে। তখন বোঝা যাবে, সঠিক ব্যাখ্যায়, অর্থাৎ যে ব্যাখ্যা সত্যিকার অর্থে আল্লাহর উদ্দেশ্যকে প্রতিফলিত করে, তাতে পৌঁছানো কতটা কঠিন হতে পারে।

কোনো কোনো পাঠকের কাছে এমন বিতর্ক নিন্দনীয় অর্থে 'অ্যাকাডেমিক' মনে হতে পারে। তারা মনে করেন, সম্ভবত আল্লাহ চান না মানুষ তাঁর পবিত্র কালামের এমন সূক্ষ্ম খুঁটিনাটি নিয়ে অযথা ব্যস্ত থাকুক। অতীতের কিছু আলিমও অর্থহীন পাণ্ডিত্যপনার বিপদ নিয়ে কথা বলেছেন। ইলমি বিতর্কে নিজের অহং জাহিরের তাড়না থেকে এমন পাণ্ডিত্যপনার জন্ম হতে পারে।

তবু সংশ্লিষ্ট আলিমদের কাছে এ ধরনের ব্যাখ্যাগত মতভেদ তুচ্ছ বা অপ্রাসঙ্গিক মনে হয়নি। এমন আরও বহু আয়াতের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আহলুস সুন্নাহ সেসব আয়াতের একটি নির্দিষ্ট অর্থকে সঠিক মনে করে, অথচ অতীত ও বর্তমানের বিপথগামী লোকেরা সেগুলোকে ভিন্ন অর্থে টেনে নিতে চায়। আল্লাহ তায়ালা সর্বজ্ঞ স্রষ্টা। ভাষার প্রকৃতি তিনি পুরোপুরি জানেন। কুরআনের মতো একটি কিতাবের জন্য মানুষের যে ব্যাখ্যা লাগবে, তাও তিনি জানেন। ফকিহদের এসব 'অপ্রাসঙ্গিক' খুঁটিনাটি নিয়ে ব্যস্ততাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, তাহলে একটি বিষয় মনে রাখা ভালো: আধুনিক রাষ্ট্রগুলোও তাদের আইন ব্যাখ্যার জন্য বিপুল অর্থ ব্যয় করে বিশাল বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলে।

যেমন যুক্তরাষ্ট্রের কথা ধরা যাক। সেখানে বিচার বিভাগ ফেডারেল সরকারের তিনটি সমমর্যাদার বিভাগের একটি। ফেডারেল ও অঙ্গরাজ্যের বিচার বিভাগ মিলিয়ে বিচারকের সংখ্যা প্রায় ৩২,০০০। অথচ লাইসেন্সপ্রাপ্ত সক্রিয় আইনজীবীর সংখ্যার তুলনায় এই সংখ্যা নিতান্তই নগণ্য। আমেরিকান বার অ্যাসোসিয়েশনের (American Bar Association) সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, দেশটিতে প্রায় ১৩ লাখ আইনজীবী পেশায় নিয়োজিত। প্যারালিগ্যাল (Paralegal) ও আইনে প্রশিক্ষণহীন অন্যান্য কর্মীর বিশাল সহায়ক অবকাঠামোর কথা তো বাদই দিলাম। এই প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে চালাতে সাহায্য করার জন্য তাদেরও কিছুটা আইনি জ্ঞান লাগে। এর মধ্যে শিক্ষা ও গবেষণার বিশাল অবকাঠামোর হিসাবও ধরা হয়নি। নতুন প্রশিক্ষিত আইনজীবীর ধারাবাহিক জোগান বজায় রাখতে এই অবকাঠামো জরুরি। আবার আইনি চিন্তাবিদদের জন্য এমন পরিসরও এই শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো তৈরি করে, যেখানে তারা মামলা-মোকদ্দমা আর ব্যয়বহুল আইনি সেবার চাপমুখর পরিবেশ থেকে দূরে বসে জটিল সমস্যা নিয়ে ভাবতে পারেন। এই লাখো মানুষের কাজ হলো আইনের লিখিত কিতাব ব্যাখ্যা করা। এর মাধ্যমে তারা মক্কেল কিংবা মামলার পক্ষগুলোকে সেই কিতাব বা দলিল অনুযায়ী তাদের অধিকার ও দায়িত্ব জানিয়ে দেন।

এর কারণ হলো, যেকোনো ব্যবস্থায় আইনের ভিত্তি ভাষা। আর শাসন, সামাজিক সংগঠন ও বিরোধ নিষ্পত্তির মতো জটিল সমস্যার ক্ষেত্রে ভাষা স্বভাবতই অস্পষ্ট। আধুনিক অনেক মানুষের (এমনকি কিছু আধুনিক মুসলমানেরও) একটি ধারণা আছে। তাদের মতে, ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। অথচ তাদের কাছে, সেক্যুলার আইনের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া পুরোপুরি যুক্তিসংগত। এক অর্থে এই ধারণা প্রমাণ করে, তারা সেক্যুলারিজমকে আধুনিক আইনি সংস্কৃতির নিয়ন্ত্রক রীতি হিসেবে মেনে নিয়েছে। অমুসলিমদের কাছে আইনি প্রশ্নে বলার মতো ধর্মীয় কোনো সূত্র প্রায়ই থাকে না। তাদের জন্য বিষয়টি পুরোপুরি যুক্তিসংগত মনে হতে পারে। কিন্তু মুসলমানরা যদি এমন ধারণা পোষণ করে, তাহলে বুঝতে হবে, তারা এমন এক আইনি সংস্কৃতি আত্মস্থ করেছে, যা তাদের নিজেদের ইসলামি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। হয়তো না জেনেই তারা তা করেছে। কারণ ইসলামের প্রায় পুরো ইতিহাসজুড়ে আলিমরা ইসলামকে যেভাবে বুঝেছেন, তাতে ইসলাম কিছু আচরণকে আইনগতভাবে বাধ্যতামূলক করে। এমনভাবে করে যে ইংরেজি ভাষায় সেগুলোকে যুক্তিসংগতভাবেই আইন (Law) বলা যায়।

আধুনিক ব্যবহারে আইন শব্দটি রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রত্যাশা থাকে, আইন ভাঙলে দুনিয়াবি শাস্তি হবে। কিন্তু সাধারণভাবে যাকে ইসলামি আইন বলা হয়, তা সবসময় এই ধারণা অনুযায়ী কাজ করে না। এর অনেক আদেশ-নিষেধের সাথে কুরআন-সুন্নাহ নির্ধারিত কোনো শাস্তি যুক্ত নেই। গিবতের নিষেধাজ্ঞা এর একটি উদাহরণ। কার্যত এগুলো অধিবিদ্যক অঙ্গীকারে (Metaphysical Commitments) সমর্থিত নৈতিক নির্দেশনা। অর্থাৎ এগুলোর পেছনে কাজ করে আখিরাতের শাস্তির প্রতি বিশ্বাস। মুমিন যদি যথাযথ আত্মিক অনুশীলনে নিয়োজিত থাকে, তাহলে তার কাছে এই ভয় খুবই বাস্তব। কেউ যদি বিশ্বাস করে, আল্লাহ তাঁর কালাম কুরআনের মাধ্যমে একটি আইন নাজিল করেছেন এবং মুসলমানদের সেই আইন অনুযায়ী জীবনযাপনের নির্দেশ দিয়েছেন, আর এর ফলাফল হিসেবে আখিরাতে আছে পুরস্কার কিংবা শাস্তি, তাহলে ওহিতে দেওয়া বিধানগুলো মেনে চলার জন্য এগুলো যথেষ্ট জোরালো কারণ। বেশির ভাগ বিধানের সাথে আল্লাহর নির্ধারিত কোনো দুনিয়াবি শাস্তি না থাকলেও এই কারণগুলো জোরালোই থাকে। বহু গবেষক লক্ষ করেছেন, ইসলামি আইন আসলে অসাধারণ দীর্ঘস্থায়ী ও কার্যকর একগুচ্ছ প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিল। এসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী মুসলিম সমাজ পরিচালনায় সহায়তা করেছে। আর এর ফলে এসেছে বিস্ময়কর সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশ।

আলিমদের ঐতিহাসিক ভূমিকা

ইসলামের ইতিহাসজুড়ে মুসলিম সমাজের প্রধান প্রতিষ্ঠানগুলোর আইনি, আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তি জুগিয়েছেন আলিমরা। এ ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব সমাজ যে আলিমদের ভূমিকাকে অত্যন্ত মূল্য দিত, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে কখনো কখনো এর অনাকাঙ্ক্ষিত সমস্যাজনক পরিণতিও দেখা দিত। এর একটি উদাহরণ পাওয়া যায় ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী আলিম আবু হামিদ আল গাজালির (মৃ. ৫০৫/১১১১) কিছু মন্তব্যে। এই পরিণতিগুলো দুটি বিষয় স্পষ্ট করে। এক. তার যুগে আলিমদের সামাজিক মর্যাদা কত উঁচু ছিল। দুই. আজ মুসলমানরা কতটা বিপরীত পরিস্থিতিতে আছে। এই বৈপরীত্য নিয়ে আমাদের গভীর আত্মজিজ্ঞাসা প্রয়োজন।

ইসলামি সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আধ্যাত্মিক গ্রন্থ ইহইয়াউ উলুমিদ্দিন। সমকালীন মুসলমানদের জন্য বড়ই পরিহাসের বিষয়, এই গ্রন্থের শুরুতেই ইমাম গাজালি একটি অভিযোগ করেছেন। তার অভিযোগ, মুসলমানরা চিকিৎসাবিদ্যার চর্চা ছেড়ে দিচ্ছে। অথচ ইসলামি আইনশাস্্ত্র তথা ফিকহের চর্চায় তারা সক্রিয়, কারণ ফিকহ তখন অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়ে উঠেছিল। ইহইয়ার চল্লিশটি 'কিতাব' (অধ্যায়)-এর প্রথমটিতে এই বিষয়ে তার আলোচনা পাওয়া যায়। 'কিতাবুল ইলম' অধ্যায়ে তিনি বলেন—

'কত জনপদ আছে, যেখানে একমাত্র চিকিৎসক একজন অমুসলিম। অথচ চিকিৎসকদের সংশ্লিষ্ট ফিকহি বিধানের ক্ষেত্রে তার সাক্ষ্যও গ্রহণযোগ্য নয়। তবু আমরা কাউকে চিকিৎসাবিদ্যার চর্চায় নামতে দেখি না। বরং দেখি, তারা ফিকহের ইলম নিয়ে কাড়াকাড়ি করছে। বিশেষ করে ইখতিলাফি বিষয় আর তর্কবিতর্ক নিয়ে। অথচ জনপদ এমন ফকিহে ভরপুর, যারা ফতোয়া দেওয়া আর নিত্যনতুন ঘটনার জবাব দেওয়ায় ব্যস্ত। হায়, আমি যদি জানতাম! দ্বীনের ফকিহরা কীভাবে এমন একটি ফরজে কিফায়ায় নিয়োজিত হওয়ার অনুমতি দেন, যার দায়িত্ব অন্যরা আগেই নিয়ে নিয়েছে? আর কীভাবে অন্য একটি ফরজে কিফায়া ছেড়ে দেন, যার দায়িত্ব কোনো মুসলমান নেয়নি (অর্থাৎ চিকিৎসাবিদ্যা)? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? কারণ তো একটাই। চিকিৎসাবিদ্যা দিয়ে ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধান, অসিয়তের সম্পদের দায়িত্ব আর এতিমের সম্পদের নিয়ন্ত্রণ পাওয়া সহজ হয় না। এর মাধ্যমে বিচার বিভাগ কিংবা প্রশাসনের পদও পাওয়া যায় না। সমকক্ষদের ছাড়িয়ে যাওয়া যায় না। শত্রুদের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাও মেলে না।'

মুসলিম সমাজে চিকিৎসাবিদ্যার চর্চা না থাকা নিয়ে গাজালির আক্ষেপ দুটি বিষয় স্পষ্ট করে। তার যুগে আলিমদের সামাজিক মর্যাদা কত উঁচু ছিল। আর আজ মুসলমানরা কতটা বিপরীত পরিস্থিতিতে আছে। সমকালীন মুসলিম বিশ্বে এবং পশ্চিমের মুসলমানদের মনে একটি ধারণা গেঁথে দেওয়া হয়েছে (বলা যায় মগজধোলাই করা হয়েছে)। ধারণাটি হলো, চিকিৎসা অন্যতম মর্যাদাপূর্ণ পেশা। আমাদের সেরা আর মেধাবী তরুণদের প্রথম পছন্দ সাধারণত এটিই। এই পেশা সচরাচর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, প্রাচুর্য না হলেও। অথচ আমাদের যুগে ইসলামি ইলম অন্বেষণের ফল সাধারণত ঠিক উল্টো। মুসলিম বিশ্ব কিংবা পশ্চিমের কোনো মাদরাসার একজন সাধারণ স্নাতক পাশ শিক্ষার্থী বর্তমানে সামাজিক মর্যাদা প্রায় কিছুই আশা করতে পারে না। বরং তার ভাগ্যে জোটে আর্থিক অনিশ্চয়তা। কেন এমন হলো?

এর উত্তর কাঠামোগত। সমাজ হিসেবে আমরা কীভাবে আমাদের অগ্রাধিকার সাজাই, কোন পেশাকে উৎসাহ দিই আর কোনটিকে নিরুৎসাহিত করি, তার মধ্যেই এর উত্তর নিহিত। আমরা কোন কাজটি মানুষকে আরও বেশি সংখ্যায় করাতে চাই? কোন কাজ থেকে নিরুৎসাহিত করি? সাধারণভাবে একটি সমাজ সেসব ক্ষেত্রকেই এগিয়ে নেয়, যেগুলোকে সে নিজের লক্ষ্য অর্জনে ফলপ্রসূ ও সহায়ক মনে করে। আধুনিক সমাজগুলো তরুণদের জন্য অনেক পেশাকে উৎসাহিত করে। এসব পেশায় উচ্চ বেতন দেওয়া হয়। এগুলোতে প্রবেশ করতে চাওয়াদের মাঝে প্রতিযোগিতাকে উৎসাহিত করা হয়। উত্তর আমেরিকা, ইউরোপের বড় অংশ আর বেশির ভাগ মুসলিম দেশে চিকিৎসা নিঃসন্দেহে এমন একটি ক্ষেত্র। প্রথম দেখায় মনে হতে পারে, যেকোনো সামাজিক প্রেক্ষাপটেই চিকিৎসা উচ্চ বেতন ও মর্যাদা পাবে। শত হলেও, কোন সমাজে অসুস্থ মানুষ নেই? যে অসুখ জীবনের মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা জীবনটাই কেড়ে নিতে পারে, তা থেকে সেরে উঠতে মানুষ সাধারণত কোনো খরচই বাকি রাখে না।

তবু ইহইয়াতে গাজালির এই প্রসঙ্গান্তরের মন্তব্য থেকে বোঝা যায়, মুসলিম সমাজ তখন এতটাই সম্পদশালী ছিল যে চিকিৎসার প্রয়োজন তারা অমুসলিমদের হাতে ছেড়ে দিতে পারত। আর একই সাথে তাদের সেরা ও মেধাবীদের বেশির ভাগকে ইসলামি আইন অধ্যয়নে উৎসাহিত করতে বিপুল সম্পদ ব্যয় করতে পারত। তবে গাজালির অভিযোগ এই অবস্থার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে নয়। তার লেখায় এমন কোনো ইঙ্গিত নেই যে অমুসলিমদের হাতে এই গুরুত্বপূর্ণ দক্ষতা ছেড়ে দেওয়ায় তার যুগের মুসলিম সমাজে উল্লেখযোগ্য স্বাস্থ্যসমস্যা দেখা দিয়েছিল। বরং তার অভিযোগ ছিল আরও গুরুতর একটি বিষয় নিয়ে। বিষয়টি তার জীবনসাধনার কেন্দ্রে ছিল। তার উদ্বেগ ছিল, আলিমরা আল্লাহর জন্য কাজ করার বোধ হারিয়ে ফেলেছেন; তারা কাজ করছেন দুনিয়াবি লাভের জন্য। তুলনামূলক শক্তিশালী ও আত্মবিশ্বাসী একটি ইসলামি সমাজই কেবল এমন সমস্যার বিলাসিতা করতে পারে। এমন সমাজ আধ্যাত্মিক অবক্ষয়ে নিমজ্জিত হয়। এই অবক্ষয় সমাজের নৈতিক পথপ্রদর্শকদের আখিরাতের সাফল্যকে ক্ষতিগ্রস্ত করে। ফলে নৈতিক আদর্শ হিসেবে তাদের কার্যকারিতাও হুমকির মুখে পড়ে। অন্যভাবে বললে, গাজালি ঠিকই ভেবেছিলেন যে তার সমাজ একটি নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

কিন্তু আধুনিক মুসলমানরা ভিন্ন এক নৈতিক সংকটের মুখোমুখি। বলা যায়, এই সংকট অনেক বেশি তীব্র। আলিমরা দুনিয়ার পেছনে ছুটে কলুষিত হয়েছেন, মূলত এ থেকে এই সংকটের জন্ম নয়। অবশ্য দারিদ্র্যও নিজস্ব ধরনের কলুষতা তৈরি করতে পারে। বরং এই সংকটের জন্ম হয়েছে আলিমদের সামাজিক মর্যাদা এবং তার সাথে যুক্ত নৈতিক কর্তৃত্ব হারানোর ফলে। এসব সমাজে আলিমরা যে ঐতিহাসিক ভূমিকা পালন করতেন, তার এক ঝলক আমরা দেখতে পাই গাজালির উপরের বক্তব্যে। ঔপনিবেশিক যুগে মুসলিম বিশ্বের ওপর আধুনিকতার একটি ইউরোপকেন্দ্রিক সেক্যুলার ধারণা চাপিয়ে দেওয়া হয়। এর ফলে আলিমদের সেই ভূমিকা কমে যায়। গাজালির কথা থেকে আমরা দেখতে পাই, পঞ্চম হিজরি শতাব্দীতে (অর্থাৎ একাদশ খ্রিষ্টীয় শতাব্দীতে) একজন ফকিহ ছিলেন সমাজব্যবস্থার শীর্ষে। ইসলামি ফকিহরা বিচার বিভাগ ও সরকারি পদগুলোতে আসীন ছিলেন। পাশাপাশি সব ধরনের আর্থিক বিষয়েও তাদের পরামর্শ নেওয়া হতো। যেসব বিষয় আলিমদের মর্যাদাপূর্ণ সামাজিক ভূমিকায় টেনে আনত, গাজালি সেগুলোর কয়েকটি শুধু প্রসঙ্গক্রমে উল্লেখ করেছেন। বাস্তবতা ছিল, ইসলামি সমাজে আইন অধ্যয়ন ছিল শিক্ষার স্তরবিন্যাসের শীর্ষে। আর এর পেছনে যথার্থ কারণও ছিল। ইসলামি রীতিনীতি, নৈতিকতা ও আইন ছিল প্রাক-আধুনিক ইসলামি সমাজের ভিত্তি। আধুনিক পশ্চিমে সেক্যুলার ও লিবারেল মূল্যবোধ জনজীবনের প্রতিটি দিককে যেভাবে প্রভাবিত করতে চায়, ইসলাম ঠিক সেভাবেই জনজীবনের প্রতিটি দিককে প্রভাবিত করত।

মুসলমান ও আধুনিক 'সাংস্কৃতিক বিপ্লব'

বিকশিত ইসলামি সমাজগুলো আধুনিক মুসলিম বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে জরাজীর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবনতির পেছনে আছে কয়েক শতাব্দী ধরে চলা এক জটিল রূপান্তর। এই রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আধুনিক জাতিরাষ্ট্র (Nation-state) প্রতিষ্ঠার মধ্য দিয়ে এসব অঞ্চলের সেক্যুলারকরণ (Secularization)। এটি বাস্তবায়িত হয়েছে এক বেদনাদায়ক বিচ্ছেদের মধ্য দিয়ে। এই বিচ্ছেদে ছিল ঔপনিবেশিক পরাধীনতা, ঔপনিবেশিক শক্তিগুলো কর্তৃক বিপুল সম্পদ পাচার এবং প্রায়ই নৃশংস দমনপীড়ন। এই দমনপীড়নের ভিত্তি ছিল একটি বর্ণবাদী লিবারেল-ঔপনিবেশিক মতাদর্শ (Liberal-colonial Ideology)। এই মতাদর্শ মনে করত, বর্বর অ-ইউরোপীয় জাতিগুলোকে 'সভ্য' করাই পশ্চিমা সাম্রাজ্যবাদের দায়িত্ব। গত আড়াইশো বছর বা তার কাছাকাছি সময় মুসলিম সমাজের বৈচিত্র্যময় ও মোটাদাগে বিকেন্দ্রীভূত আইনি ব্যবস্থাগুলোকে তারা উপড়ে ফেলেছে। এসব ব্যবস্থার ভিত্তিমূলে সাধারণত ছিল ইসলামি চেতনা। এই সময়ে ঘটে যাওয়া পরিবর্তনগুলোর প্রভাব শুধু মুসলিম সমাজের সামাজিক, রাজনৈতিক ও আইনি চর্চাকেই প্রভাবিত করেনি। এর ফলে অনেক মুসলিম অভিজাত তাদের ঔপনিবেশিক প্রভুদের আনা মূল্যবোধও গ্রহণ করে নেয়।

আমাদের এই সময়ে, অর্থাৎ পঞ্চদশ হিজরি শতাব্দীর মাঝামাঝি তথা একবিংশ খ্রিষ্টীয় শতাব্দীর শুরুতে, এসব মূল্যবোধ অনেক মুসলমানের মনে এত গভীরভাবে গেঁথে গেছে যে, দুনিয়াকে দেখার অন্য পথগুলো এখন তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। যেমন, মুসলিম সমাজ গঠনে শরিয়াহ কেন্দ্রীয় ভূমিকা পালন করবে, এমন দৃষ্টিভঙ্গি। এমন দৃষ্টিভঙ্গি এখন তাদের কাছে মনে হয় কৃত্রিম, 'মধ্যযুগীয়', পশ্চাৎমুখী। এমন আরও অনেক সমস্যাজনক বিশেষণ তারা এই দৃষ্টিভঙ্গিকে বোঝাতে ব্যবহার করে। সেক্যুলারিজম আমাদের যুগের এমন এক অলিখিত রীতিতে পরিণত হয়েছে যে বিকল্প কোনো সমাজব্যবস্থার প্রস্তাব শুনলেই অনেকে অাঁতকে ওঠে। মুসলিম দৃষ্টিকোণ থেকে এ এক গভীর পরিহাসের বিষয়। এর অন্তত দুটি কারণ আছে। প্রথমত, পশ্চিমা চিন্তার ভিত্তি নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনার কেন্দ্র হলো বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়গুলোই ক্রমশ স্বীকার করছে, সমকালীন পশ্চিমা ধারণাগুলো অনেকাংশেই আপতিক (Contingent)। দেকার্ত জ্ঞানের ভিত্তিতে এক ধরনের নিশ্চয়তা প্রতিষ্ঠা করেছিলেন। এনলাইটেনমেন্টের (Enlightenment) বৈশিষ্ট্য ছিল বুদ্ধির (Reason) শ্রেষ্ঠত্বের ওপর সর্বব্যাপী আস্থা। এই নিশ্চয়তা আর আস্থাই লিবারেল-ঔপনিবেশিক প্রকল্পের (Liberal-colonial Project) পথ সুগম করেছিল। কিন্তু আধুনিক পশ্চিমা সংস্কৃতিতে তা আজ আর টিকে নেই। তার জায়গা দখল করেছে গভীরভাবে বিভক্ত এক অ্যাকাডেমিয়া (Academy) এবং এমন এক বৃহত্তর সমাজ, যা ক্রমেই আইডেন্টিটি পলিটিক্স (Identity Politics) আর কালচার ওয়ারের (Culture Wars) ঘূর্ণিতে ডুবে যাচ্ছে।

মনে হয়, এই প্রবণতা বিশেষ করে অ্যাকাডেমিয়ায় মানবিক বিদ্যার (Humanities) নানা শাখায় এমন সব চিন্তাধারার জন্ম দিয়েছে, যারা পরস্পরকে বুঝতেই পারে না। অবশ্য কিছু গবেষক সমকালীন পশ্চিমা চিন্তার সামগ্রিক সংগতি নিয়ে এখনো আশাবাদী। যারা এখনো এনলাইটেনমেন্টের প্রতি অঙ্গীকারবদ্ধ, তারা এখনো এই প্রকল্পের বুদ্ধিবৃত্তিক সংকীর্ণতা (Intellectual Provincialism) উপলব্ধি করতে পারেননি। এই প্রকল্প আজ টিকে আছে শুধু একটি নব্য-ঔপনিবেশিক (Neo-colonial) উদ্যোগ হিসেবে। পাশবিক শক্তি আর বুদ্ধিবৃত্তিক কূটতর্কের সমন্বয়ে একে টিকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে উত্তর-আধুনিক (Postmodern) ভাবনার জগতে যেসব আপেক্ষিকতাবাদী (Relativist) বিকল্প ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, সেগুলো খুব সহজেই অসংগতির গোলকধাঁধায় হারিয়ে যায়। আর বৃহত্তর সমাজের জন্য সবচেয়ে বড় কথা হলো, শেষ পর্যন্ত সেগুলো অর্থহীনতায় গিয়ে ঠেকে।

অথবা একটু সহজভাবে বলতে গেলে, এই চিন্তাব্যবস্থাগুলো এমন কিছু পরিচয়ের ওপর নির্ভর করে তৈরি হয়েছে, যেগুলোকে তারা নিজেরাও কেবল ‘সামাজিকভাবে নির্মিত’ (Socially Constructed) বলেই স্বীকার করে নেয়। গত কয়েক দশকে গড়ে ওঠা কিছু বয়ান বা ডিসকোর্সই (Discourse) এসব পরিচয়ের মূল ভিত্তি। এর বাইরে তাদের শক্ত কোনো অস্তিত্ব নেই। মূলত মিশেল ফুকোর মতো স্বঘোষিত শূন্যবাদী (Nihilist) চিন্তাবিদদের মোহনীয় ধারণার ওপর ভর করেই এসব ব্যবস্থার ভিত্তি রচিত হয়েছে।

আদর্শ ব্যক্তিত্বের প্রয়োজন

বহু মানুষের কাছে আজকের সময়টি গভীরভাবে বিভ্রান্তিকর। এমন সময়ে এই প্রেক্ষাপট আল্লাহর হিদায়াতের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে। আলিমরা আল্লাহর হিদায়াতের কর্তৃত্বশীল ব্যাখ্যাতা। তবে তাদের গুরুত্বের আরেকটি দিকও আছে। এই গুরুত্ব তাদের ফিকহি দক্ষতায় যতটা, তার চেয়ে বেশি একটি বিশেষ জীবনধারার অনুশীলনকারী ও ধারক হিসেবে তাদের কর্তৃত্বে। একজন ইসলামি আলিম অবশ্যই নবিজির ইলমের উত্তরসূরি। কিন্তু এর পাশাপাশি নবুওয়তের আরও কিছু দায়িত্ব তার পালন করার কথা। বিশেষ করে একজন প্রকৃত আলিমের কাছে প্রত্যাশা, তিনি নবিজি সা.-এর দেখানো সর্বোচ্চ আচরণের মান বজায় রাখবেন। পরিষ্কার করে বলি, ইসলামের বিশুদ্ধ সুন্নি বোঝাপড়া মতে, ওহির সাথে নবিজির সরাসরি যে সম্পর্ক, তার কোনো অংশের উত্তরাধিকার দাবি করার সুযোগ নেই। এমন দাবি কুফরের কাছাকাছি। তবে আলিমদের কাছে প্রত্যাশা, তারা নিজেদের ব্যক্তিগত আচরণে ইসলামি রীতিনীতি মেনে চলবেন। কুরআন নবিজি সা.-কে সব মুসলমানের জন্য আদর্শ হিসেবে বর্ণনা করেছে—

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰهَ وَ الۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰهَ کَثِیۡرًا ﴿ؕ۲۱﴾

'যারা আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ।'

নবিজি সা.-কে আদর্শ হিসেবে আল্লাহর এই নিযুক্তি নিশ্চয়ই একটি সত্যের প্রতিফলন। আল্লাহ জানেন, মানুষের নিজেদের মধ্য থেকেই পথপ্রদর্শক প্রয়োজন। কুরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন—

وَ مَا مَنَعَ النَّاسَ اَنۡ یُّؤۡمِنُوۡۤا اِذۡ جَآءَهُمُ الۡهُدٰۤی اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوۡلًا ﴿۹۴﴾ قُلۡ لَّوۡ کَانَ فِی الۡاَرۡضِ مَلٰٓئِکَۃٌ یَّمۡشُوۡنَ مُطۡمَئِنِّیۡنَ لَنَزَّلۡنَا عَلَیۡهِمۡ مِّنَ السَّمَآءِ مَلَکًا رَّسُوۡلًا ﴿۹۵﴾

'যখন মানুষের কাছে হিদায়াত এসেছে, তখন তাদের ঈমান আনতে একটি কথাই বাধা দিয়েছে। তারা বলেছে, ‘আল্লাহ কি একজন মানুষকে রাসূল করে পাঠালেন?’ বলুন, ‘পৃথিবীতে যদি ফিরিশতারা নিশ্চিন্তে চলাফেরা করত, তাহলে আমি আসমান থেকে তাদের কাছে একজন ফিরিশতাকেই রাসূল করে পাঠাতাম।’'

শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষ শেখে অনুকরণ আর অভিভাবকত্বের মধ্য দিয়ে। কিন্তু নবিজি সা.-এর মতো কোনো আলিম এমন ওহি পাওয়ার আশা করতে পারেন না, যা তার ভুল শুধরে দেবে। তাই আলিমদের কাছে মুসলমানদের প্রত্যাশাকে বাস্তবতার আলোকে সংযত রাখতে হবে। কাজটি করতে হবে অন্তত তিনটি স্তরে—

  • প্রথমত, আলিমরা বিপুল সম্মানের দাবিদার। তবু মুসলমানরা তাদের এমন আসনে বসাবে না, যেখানে তারা ভুল ও সংশোধনের ঊর্ধ্বে উঠে যাবে।

  • দ্বিতীয়ত, আমাদের মুসলিম ভাইয়েরা, যাদের মধ্যে আলিমরাও আছেন, মানুষ হিসেবে নিতান্তই ভুলপ্রবণ। তারা স্পষ্ট ভুল করার পর যদি নিজেদের ভুল বুঝতে পারেন, তাহলে মুসলমানদের তাদের ক্ষমা করতে হবে।

  • তৃতীয়ত, আমাদের মানতে হবে, কোনো একটি পরিস্থিতিতে ইসলাম কী চায়, তা নিয়ে আলিমদের মাঝে মতভেদ থাকতে পারে। তাই একজন যাকে ভুল মনে করছেন, তা হয়তো একজন আলিমের সুচিন্তিত সিদ্ধান্ত মাত্র।

নির্ভরযোগ্য আলিম কোথায় এবং কীভাবে পাওয়া যাবে?

আমরা যদি মেনে নিই যে আলিমদের কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে। নির্ভরযোগ্য আলিম কোথায় পাওয়া যাবে? আর একজন সাধারণ মানুষ সেই নির্ভরযোগ্যতা কীভাবে যাচাই করবে? যোগাযোগ প্রযুক্তির বিস্তার, বিশেষ করে ইন্টারনেট, এই প্রশ্নকে একই সাথে সহজ ও জটিল করে তুলেছে। একজন সাধারণ মানুষের সামনে অনলাইনে আলিম হওয়ার দাবিদারের কোনো অভাব নেই। যেকোনো বিশেষায়িত জ্ঞানের মতো এখানেও বিশ্বাসযোগ্য আলিম সাধারণত তারাই, যাদের অন্য আলিমরা কর্তৃত্বশীল হিসেবে স্বীকৃতি দেন। বিষয়টি সুনামের ওপর নির্ভরশীল। তবে এতে সমস্যা আরও জটিল হতে পারে। কারণ সেই অন্য আলিমদেরও আবার অন্যদের স্বীকৃতি প্রয়োজন। শেষ পর্যন্ত যেকোনো বিশেষায়িত ক্ষেত্রে নির্ভরযোগ্য আলিমদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। যেমন কেউ যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের বড় কোনো দ্বীনি প্রতিষ্ঠান থেকে পাশ করেন, তাহলে আশা করা যায় ইসলামি ইলমি ঐতিহ্যে তার ভালো দখল আছে। এমন প্রতিষ্ঠানের মধ্যে আছে আল আজহার ও তার বিভিন্ন শাখা, দেওবন্দ, রিয়াদের আল ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, মদিনা বিশ্ববিদ্যালয়, নদওয়াতুল উলামা, ইন্দোনেশিয়ার পেসানত্রেন (Pesantren) ব্যবস্থা, কারাউইয়্যিন, সাহারানপুর এবং এ রকম আরও প্রতিষ্ঠান।

তবে এসব ইলমি কেন্দ্রের পাশাপাশি পশ্চিমেও ক্রমশ কিছু ইসলামি প্রতিষ্ঠান গড়ে উঠছে। সময়ের সাথে পরিপক্ব হলে এগুলোও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বে প্রশিক্ষিত আলিমদের সমমানের আলিম তৈরি করবে বলে আশা করা যায়। কাউকে ইসলামের আলিম হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে এই স্তরের আনুষ্ঠানিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তা মোটেই যথেষ্ট নয়। বিখ্যাত ভারতীয় আলিম আবুল হাসান আলি নদভি (মৃ. ১৪২০/১৯৯৯) নদওয়াতুল উলামার সমাপনী বর্ষের ছাত্রদের বলতেন, 'এখন তোমাদের হাতে আলিম হওয়ার উপকরণ এসেছে।' এর তাৎপর্য ছিল, এই সদ্য স্নাতকরা যদি নিজেদের জীবন ইলম ও ইবাদতে উৎসর্গ করে, তাহলেই তারা সেই মর্যাদায় পৌঁছানোর আশা করতে পারে। ইসলামি ইলমের এই দিকটি মনে রাখা জরুরি। বিশেষ করে হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় আধুনিক ইসলামি শিক্ষাকেন্দ্রগুলোর আপেক্ষিক দুর্বলতার কথা বিবেচনা করলে। আল আজহারের মতো প্রতিষ্ঠানের আধুনিকায়িত পাঠ্যক্রমে একজন সাধারণ স্নাতক প্রথমে হাই স্কুলের শেষ তিন বছর (সানাবিয়্যাহ) পড়েন। এই পর্যায়ে শরিয়াহর ইলমগুলোর সাথে তার কঠোর ও নিবিড় পরিচয় ঘটে। এরপর তিনি ইসলামি বিষয়ের কোনো একটি সংকীর্ণতর শাখায় চার বছরের 'স্নাতক ডিগ্রি' সম্পন্ন করেন।

পশ্চিমা প্রতিষ্ঠানগুলোতে আমরা সাধারণত স্নাতক ডিগ্রিধারীদের গবেষক বা স্কলার বলি না। কিন্তু একটি ইসলামি প্রতিষ্ঠানের স্নাতককে প্রায়ই আলিম বা ইসলামি স্কলার বলা হয়। বিষয়টি নিয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার। বাস্তবতা হলো, প্রকৃত ইসলামি পাণ্ডিত্য গড়ে ওঠে আজীবন গবেষণা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাই আলিমরা বড় কোনো দ্বীনি প্রতিষ্ঠান থেকে পাশ করবেন, এটা যেমন আমরা প্রত্যাশা করি, তেমনি এর চেয়ে আরও অনেক বেশি কিছুও প্রত্যাশা করা উচিত। যেমন পশ্চিমে ডক্টরেট ডিগ্রিকে প্রায়ই একজন স্কলারের পরিচায়ক চিহ্ন ধরা হয়। মুসলিম বিশ্বেও এই মানদণ্ড ক্রমশ গৃহীত হচ্ছে। আবারও বলি, এসব প্রচলিত রীতি মাত্র। এগুলোর ভালো-মন্দ দুই দিকই আছে। যেমন পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে ডক্টরেট কোনোভাবেই এ কথা নির্দেশ করে না যে, ব্যক্তিটি একজন আলিম। কারণ পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক স্টাডিজ এখনো অধিকাংশ ক্ষেত্রে সেক্যুলার আঙ্গিকে পড়ানো হয়। সাধারণত সেক্যুলার বুদ্ধিবৃত্তিক ইতিহাসের (Intellectual History) দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখা হয়। অন্যদিকে মুসলিম বিশ্বে ইসলামি ইলমচর্চার চিত্র ভিন্ন। পশ্চিমে স্নাতকোত্তর পাঠদান ও গবেষণার বিস্তৃত অবকাঠামো সহজলভ্য। আছে পোস্টডক্টরাল (Postdoctoral) পেশার সুযোগও। এসব কারণে পশ্চিমা অ্যাকাডেমিয়ায় নিয়মিতভাবে হাজার হাজার গবেষকের আবির্ভাব সম্ভব হয়। কিন্তু মুসলিম বিশ্বে এসবের অভাব রয়েছে। এর কারণ অর্থনৈতিক সীমাবদ্ধতা। তবে সামাজিক ও সরকারি অনাগ্রহ, এমনকি অবহেলাও এর কারণ। এসব সমস্যা এত বিশাল যে বর্তমান প্রবন্ধে তা নিয়ে আলোচনা সম্ভব নয়। তবে সমকালীন মুসলমানদের এ নিয়ে আরও অনেক গভীরভাবে ভাবা উচিত।

উপরের চ্যালেঞ্জগুলো সত্ত্বেও অনেক সময় একজন আলিম দুই ব্যবস্থাতেই স্বীকৃতি পেতে পারেন। এর জন্য তার একটি ইসলামি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং তুলনামূলক সেক্যুলার কোনো প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টাডিজে ডক্টরেট থাকতে হবে। পশ্চিমের জনপরিসরে পরিচিত বেশ কয়েকজন আলিমের এমন বুদ্ধিবৃত্তিক পটভূমি আছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলোকেও সাধারণভাবে নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে দেখা যায়। অবশ্য কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত একজন আলিম কোনো নির্দিষ্ট ব্যাখ্যা গ্রহণ করলে বিবেকবান মানুষ তা নিয়ে দ্বিমত করতেই পারেন। পশ্চিমের তুলনামূলক নবীন ও বিকাশমান প্রতিষ্ঠানগুলোর উদাহরণ হলো কেমব্রিজ মুসলিম কলেজ, আল মাগরিব ইনস্টিটিউট এবং জায়তুনা কলেজ। এগুলোর সাথে যুক্ত আলিমদের ফতোয়াকে সাধারণভাবে কর্তৃত্বশীল হিসেবে স্বীকার করা যেতে পারে। তবে এই পর্যায়ে তাদের স্নাতকদের ক্ষেত্রে হয়তো তা প্রযোজ্য নয়। এসব প্রতিষ্ঠানে যারা পড়ান, তারা সাধারণত কিছুকাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বে পড়াশোনা করেছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানের স্নাতকদের ক্ষেত্রে সাধারণত তা ঘটে না। আমি যেমনটি ইঙ্গিত করছি, সময়ের সাথে সাথে হয়তো একজন আলিমকে গুরুত্বপূর্ণ আলিম বা মুফতি হিসেবে স্বীকৃতি পেতে পশ্চিমের বাইরে আর পড়াশোনা করার প্রয়োজন হবে না। তবে আমার মনে হয় না, আমরা এখনো সেই অবস্থানে পৌঁছেছি।

কেউ যদি আরবি জানেন, তাহলে অনলাইনে আরবি পাঠকদের জন্য চমৎকার কিছু ফতোয়া ভান্ডার আছে। এর কয়েকটি ইংরেজি পাঠকরাও ব্যবহার করতে পারেন। সবচেয়ে সমৃদ্ধ ভান্ডারগুলোর একটি হলো ইসলামওয়েব (Islamweb.net)। সাধারণ মানুষ অনলাইন ওয়েবসাইট থেকে ফতোয়া গ্রহণ করতে পারে কি না, এ বিষয়েও সেখানে একটি ফতোয়া আছে। প্রত্যাশিতভাবেই তার উত্তর ইতিবাচক। তবে ফতোয়াটিতে যেকোনো ফতোয়ার উৎস যাচাই করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য ইসলামওয়েবের 'আমাদের সম্পর্কে' (About Us) পাতার দিকে ইঙ্গিত করা হয়েছে। সেই পাতা থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির অর্থায়ন করে কাতারের ওয়াকফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বড় অংশেই রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা তুলনামূলক সীমিত। তাই কাতারের সাথে এই সংশ্লিষ্টতার কারণে কাতার নিয়ে আলোচিত ফতোয়ার ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। মিসরের সরকারি ফতোয়া প্রতিষ্ঠান দারুল ইফতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিশেষ করে সরকার বা রাষ্ট্রের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দেওয়া ফতোয়ার বেলায়। এই প্রসঙ্গে ইবনে তাইমিয়ার (মৃ. ৭২৮/১৩২৮) একটি কথা উল্লেখ করার মতো। বর্ণিত আছে, তিনি বলেছেন—

'প্রত্যেকের ভাগেই কিছু ইজতিহাদ আছে। আর সাধারণ মানুষের (আম্মি) ইজতিহাদ হলো কাকে অনুসরণ করবে, তা বেছে নেওয়া।' 

উদাহরণস্বরূপ, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের (এমবিএস) আক্রমণাত্মক সেক্যুলারকরণ নীতির লৌহমুষ্টির অধীনে রাজনৈতিকভাবে স্পর্শকাতর প্রশ্নে সৌদি ফতোয়া প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পড়তে হবে যথেষ্ট সতর্কতার সাথে। আমি বলব, পশ্চিমা আলিমদের ক্ষেত্রেও এ কথা সত্য হতে পারে। বিশেষ করে যারা পশ্চিমের ইসলামবিদ্বেষী (Islamophobic) সরকার কিংবা মুসলিম বিশ্বের স্বৈরাচারী সরকারের সাথে নিজেদের জড়িয়ে ফেলেন।

নারী আলিমরা (আলিমাত) কোথায়?

তাত্ত্বিকভাবে ইসলামি ইলমচর্চা শুধু পুরুষদের একচেটিয়া অধিকার নয়। কিন্তু বাস্তবে এটি আরেকটি ক্ষেত্র, যেখানে মুসলিম সমাজকে তাদের অগ্রাধিকার নতুন করে ভাবতে হবে। পুরুষ আলিমদের তুলনায় নারী আলিমের সংখ্যা খুবই কম। এর আংশিক কারণ হতে পারে আগে আলোচিত বিষয়টি, অর্থাৎ ইসলামি ইলমচর্চার সামাজিক মর্যাদার অভাব। আরেকটি কারণ নারী আলিমদের প্রশিক্ষণের সুযোগের অভাব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অভাব ব্যাপক বলেই মনে হয়। আমার পরিচিত অনেক আলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এবং পশ্চিমে শুধু নারীদের জন্য পরিচালিত ইসলামি প্রতিষ্ঠানে পড়েছেন বা পড়িয়েছেন। তারা আক্ষেপ করেছেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে তারা যে প্রশিক্ষণ পেয়েছেন, তার তুলনায় এসব প্রতিষ্ঠানে পাঠদানের মান খুবই নিম্ন। এ বিষয়ে আমি যাদের সাথে কথা বলেছি, তাদের মতে এসব প্রতিষ্ঠানের স্পষ্টতই গুরুত্বপূর্ণ আলিম তৈরির কোনো ইচ্ছা নেই। স্বাভাবিকভাবেই এই অবস্থা বদলাতে হবে। নারী আলিমদের প্রশিক্ষণকে মূল্য দেওয়ার পেছনে মুসলিম উম্মাহর যথেষ্ট কারণ আছে। তারা উম্মাহর অর্ধেকের জন্য আদর্শ হওয়ার মতো অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। ইলম অন্বেষণ তো সবার জন্যই ফরজ। নবিজি সা.-এর স্্ত্রী উম্মুল মুমিনিন আয়িশা রা. ছিলেন একজন প্রসিদ্ধ আলিম, ফকিহ ও মুফতিয়া। দামেস্কের প্রসিদ্ধ হাম্বলি ফকিহ ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ (মৃ. ৭৫১/১৩৫০) ছিলেন তাদের একজন, যারা অসংখ্য ফতোয়া প্রদানকারী হিসেবে আয়িশা রা.-এর প্রশংসা করেছেন।

ইসলামের ইতিহাসে তিনি কোনো ব্যতিক্রমও ছিলেন না। আমার উসতায শাইখ মুহাম্মাদ আকরাম নদভি নারী মুহাদ্দিসদের নিয়ে চল্লিশ খণ্ডের একটি বিশ্বকোষ রচনা করেছেন। তাতে তিনি দেখিয়েছেন, ইসলামের ইতিহাসজুড়ে হাজার হাজার নারী হাদিসের আলিম হিসেবে খিদমত করেছেন। আমাদের আম্মাজান আয়িশা রা. নিজেও মদিনার নারীদের প্রশংসা করেছেন দ্বীনের গভীর বুঝ অর্জনে তাদের আগ্রহের জন্য। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন—

نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ، لَمْ يَمْنَعْهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ.

'আনসারি নারীরা কতই না উত্তম নারী! লজ্জা তাদের দ্বীনের গভীর বুঝ অর্জনে বাধা হয়ে দাঁড়ায়নি।'

আমাদের যুগে নারীরা নানা ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। কিন্তু শরিয়াহর ইলমগুলো উচ্চতর পর্যায়ে অধ্যয়নের সুযোগ তারা কদাচিৎ পান। আগেই বলেছি, এর সম্ভাব্য কারণ গোটা উম্মাহজুড়ে শরিয়াহ শিক্ষার দুর্বল অবকাঠামো। নারী-পুরুষ উভয়ের জন্যই এই অবকাঠামোকে সামগ্রিকভাবে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। আশা করা যায়, এর মাধ্যমে ইসলামি প্রতিষ্ঠান থেকে পাশ করা শরিয়াহ বিশেষজ্ঞ নারীদের চরম ঘাটতি পূরণের কাজ শুরু হবে।

নারী আলিমদের প্রশিক্ষণের আরও কিছু উপকারিতা আছে। নারী আলিমরা সাধারণত মা হবেন। আর মা হিসেবে তারা অনিবার্যভাবেই তাদের সন্তানদের শিক্ষক। সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব পুরুষদেরও আছে, বিশেষ করে সন্তানরা বড় হলে। তবে পরিবারের আর্থিক ভরণপোষণ স্বামীদের শরয়ি দায়িত্ব। এ কারণে সন্তানের শিক্ষায় তাদের সরাসরি অংশগ্রহণ সাধারণত স্্ত্রীদের তুলনায় কম ঘন ঘন ও কম ব্যাপক হয়। তাই নিছক সংখ্যার বিচারে বলা যায়, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত পুরুষদের চেয়ে নারীদের সুযোগকে অগ্রাধিকার দেওয়া। সব মাকে কর্তৃত্বশীল আলিম হিসেবে প্রশিক্ষিত হতে হবে, তা নয়। তবে মুসলিম উম্মাহর শক্তিমত্তার যুগে সবসময়ই প্রথা ছিল, নারীদের আলিমা হওয়ার সুযোগ দেওয়া হতো। তারা সেইসব পুরুষ আলিমের পাশাপাশি আলিমা হতেন, যারা এই সাধনায় জীবন উৎসর্গ করেছেন। আবারও বলি, আমাদের সমাজের প্রচলিত চর্চা বদলাতে উল্লেখযোগ্য প্রচেষ্টা প্রয়োজন। উম্মাহ হিসেবে আমরা ইসলামি শিক্ষাকে সামগ্রিকভাবে অবহেলা করেছি। তাই এই নতুন অভিমুখ সব ক্ষেত্রেই আনতে হবে। কেবল তখনই আমরা এমন আলিমদের আবির্ভাবের আশা করতে পারি, যারা পুরুষ হোন বা নারী, উম্মাহর প্রয়োজন মেটাতে পারবেন।

আলিমরা যদি ভুল করেন?

আমাদের উম্মাহর প্রথম যুগের আলিমরা ভালো করেই জানতেন, তারা মানুষ। ভুল তাদের হতেই পারে। তারা নবিদের মতো আল্লাহর পক্ষ থেকে ‘মাসুম’ (ভুল থেকে সুরক্ষিত) নন। প্রথম যুগের বেশ কয়েকজন আলিম থেকে একটি কথা বর্ণিত আছে। তাদের মধ্যে আছেন মদিনার বিখ্যাত ইমাম এবং যার নামে একটি মাজহাব পরিচিত, সেই মালিক ইবনে আনাস (মৃ. ১৭৯/৭৯৫)। কথাটি হলো: 'নবিজি সা. ছাড়া আর সবার কথাই আমরা গ্রহণও করতে পারি, বর্জনও করতে পারি।' অন্যভাবে বললে, নবিজি সা. যা শিখিয়েছেন, আল্লাহর রাসূল হিসেবে তাঁর মর্যাদার কারণে আমরা তার সবকিছুই নিঃশর্তে গ্রহণ করি। কিন্তু আর কারও ক্ষেত্রে এমন নিঃশর্ত গ্রহণযোগ্যতা নেই। বাকি সব মতকে যাচাই করতে হবে নবিজি সা.-এর শিক্ষার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে। সেই মানদণ্ডেই তা সঠিক বা বেঠিক সাব্যস্ত হবে। ধরা যাক, কোনো আলিম ইজতিহাদ করে একটি সমস্যাজনক সিদ্ধান্তে পৌঁছালেন। যেমন তিনি বললেন, মুসলমানরা কোনো শর্ত ছাড়াই মদ বা শূকরের মাংস খেতে পারবে। এ ক্ষেত্রে তার অনুসারীরা তাকে অনুসরণ করতে পারবে না। কারণ এসব বিধান দ্বীনের অনিবার্যভাবে জানা বিষয় (মালুম মিনাদ দ্বীন বিদ দারুরাহ)। আর এই উদাহরণগুলোতে কুরআনেই তা হারাম ঘোষণা করা হয়েছে।

আমাদের যুগে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ইসলামি দ্বীনি কর্তৃত্বের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে উপনিবেশবাদের পরে এবং বিশ্বের বেশির ভাগ অঞ্চলে ইসলামিভাবে বৈধ মুসলিম রাজনৈতিক ক্ষমতার পতনের পরে। কোথাও এই প্রক্রিয়া ঘটেছে দ্রুত ও তীব্রভাবে, কোথাও ধীরে ধীরে। কিন্তু আমরা সবাই স্বীকার করি, সমকালীন বেশির ভাগ মুসলিম সমাজে আলিমদের সামাজিক বা রাজনৈতিক কর্তৃত্ব খুব একটা নেই। ঐতিহাসিক বাস্তবতার তুলনায় এটি নাটকীয় এক ভাগ্যবিপর্যয়। এক সময় আলিমরা শাসকদের ক্ষমতায় বসাতে বা নামাতে পারতেন, এমনকি খলিফাকেও। খিলাফতের সর্বশেষ রূপ উসমানি সাম্রাজ্যেও (৯২৩/১৫১৭-১৩৪১/১৯২৪) আলিমরা বারবার তাদের ক্ষমতা প্রয়োগ করে খলিফাকে অপসারণ করেছেন। তার জায়গায় বসিয়েছেন অধিকতর যোগ্য প্রার্থীকে। আজকের কোনো মুসলিম রাষ্ট্রে এটা কল্পনাও করা যায় না। ইসলামি ইলমি ঐতিহ্যে প্রথম যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী এই মাত্রার কর্তৃত্ব স্বীকৃত ছিল। ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহর নিচের বক্তব্যে এর উদাহরণ পাওয়া যায়—

'প্রকৃতপক্ষে শাসকদের আনুগত্য করা হবে (কেবল ততটুকুই), যতটুকু তাদের আদেশ দ্বীনি ইলমের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব শাসকদের আনুগত্যের বাধ্যবাধকতা ফকিহদের আনুগত্যের বাধ্যবাধকতা থেকে উৎসারিত। আনুগত্য কেবল সেই বিষয়েই, যা মারুফ (ন্যায় হিসেবে স্বীকৃত) এবং যা দ্বীনি ইলম দাবি করে। ফকিহদের আনুগত্যের বাধ্যবাধকতা যেহেতু নবিজি সা.-এর আনুগত্যের বাধ্যবাধকতা থেকে উৎসারিত, তাই শাসকদের আনুগত্যের বাধ্যবাধকতাও ফকিহদের আনুগত্যের বাধ্যবাধকতা থেকে উৎসারিত।'

এমন কর্তৃত্বের অবস্থান কেন গুরুত্বপূর্ণ ছিল? আমাদের যুগই তা দেখিয়ে দিচ্ছে। আলিমদের কোণঠাসা করা আসলে সমাজের নিয়ামক শক্তি হিসেবে ইসলামকে সরিয়ে দেওয়ারই অবিচ্ছেদ্য অংশ। এ কথা সত্য, আজকের মুসলিম বিশ্বের বড় অংশে তুলনামূলক প্রাণবন্ত কিছু দ্বীনি প্রতিষ্ঠান পাওয়া যায়। সেগুলো শরয়ি ইলমের (আল উলুমুশ শারইয়্যাহ) চর্চা করছে। কিন্তু একটি ইসলামি সামাজিক-সাংস্কৃতিক কাঠামোকে ধরে রাখার মতো কাঠামোগত ভিত্তি নেই। সেই কাঠামোর পেছনে রাজনৈতিক ক্ষমতার সমর্থনও নেই। আর সেই কাঠামো নিজেই যে রাজনৈতিক ক্ষমতার ভিত্তি হবে, সে অবস্থাও নেই। এ অবস্থায় এসব প্রতিষ্ঠান ভঙ্গুরই থেকে যায়। আমাদের যুগের আধিপত্যশীল সেক্যুলার রীতির দাবি অনুযায়ী এগুলো সহজেই উপড়ে ফেলা যেতে পারে।

অনেক মুসলিম দেশে জাতিরাষ্ট্রের উত্থানের ফলে আলিমদের প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে আপসকামী হয়ে পড়েছে। মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো এর বিশেষ উল্লেখযোগ্য উদাহরণ। এসব দেশের সরকার আলিম শ্রেণির উল্লেখযোগ্য অংশকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে। জোনাথন এ. সি. ব্রাউন বলেছেন, এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিষয়ে আলিমদের বক্তব্যকে কর্তৃত্বশীল হিসেবে গ্রহণ করার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ রাজনৈতিক অধীনতার ফলে সেসব বক্তব্য সম্ভবত কলুষিত। এর মানে এই নয় যে নামাজ কীভাবে পড়তে হবে, এ বিষয়ে তাদের ফতোয়াও প্রত্যাখ্যান করতে হবে। এসব ক্ষেত্রে সাধারণ মানুষ মোটামুটি ধরে নিতে পারে, তারা বিশ্বস্ততার সাথেই ফিকহি বিধান পৌঁছে দিচ্ছেন। কিন্তু যখন বিষয় আরও রাজনৈতিক হয়ে ওঠে, তখন ব্যাপারটা ভিন্ন। যেমন স্বৈরশাসকদের জুলুমকে তাদের সমর্থন। কিংবা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণকে বৈধতা দেওয়া। অথচ ইসরায়েল এখনো ঔপনিবেশিক দখলদারিত্ব চালাচ্ছে এবং ফিলিস্তিনের প্রায় প্রতিরক্ষাহীন মানুষের ওপর থেকে থেকে ক্ষেপণাস্্ত্র বর্ষণ করছে। এসব ক্ষেত্রে এমন আলিমদের পথনির্দেশের উৎস হিসেবে এড়িয়ে চলতে হবে।

কেউ প্রশ্ন করতে পারেন, কিছু আলিমের এমন আচরণ কি সামগ্রিকভাবে আলিমদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে না? এই প্রবন্ধের আগের অংশে স্পষ্ট হওয়ার কথা, দ্বীনের সঠিক বোঝাপড়া অর্জনে আলিমরা অপরিহার্য। বিশেষ করে আজকের মতো উম্মাহর রূপান্তরকালীন সময়ে। রাজনৈতিকভাবে আপসকামী আলিমদের আবির্ভাবে কিছু মানুষ যে মোহভঙ্গের শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। কোনো গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক খবর শুনলে তাদের প্রতি সন্দেহ জাগা মানুষের স্বভাবজাত। আর দুর্ভাগ্যজনকভাবে, যে গোষ্ঠী সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা কম, তাদের ব্যাপারে এমন খবরকে সাধারণীকরণ করাও মানুষের মাঝে প্রচলিত। বলা যায়, বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ এভাবেই কাজ করে।

তবু আমার একটি বইয়ে আমি গত প্রায় এক দশকে আরব বিপ্লব ও তার পরবর্তী রাজনীতিতে কিছু আলিমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি যুক্তি দিয়েছি, আজ কিছু আলিম নিপীড়ক সরকারের সাথে সম্পর্কের কারণে আপসকামী হয়ে পড়েছেন, এ কথা সত্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলিমদের সম্পর্কে এই ব্যাপারটি সাধারণীকরণের কোনো যুক্তি নেই। আলিমদের অনেকে বিরোধিতার ঝুঁকির কারণে বিতর্কিত রাজনীতি থেকে দূরে থাকেন। আবার অনেকেই সোচ্চার কণ্ঠে সেই অতি নগণ্যসংখ্যক আলিমের সমস্যাজনক অবস্থানের সমালোচনা করেন, যারা স্বৈরাচারী সরকারের সাথে নিজেদের ভাগ্য জুড়ে দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, রাষ্ট্রগুলো এমন আলিমদের সামনে এনে যে প্রাধান্য দিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। এদের কখনো কখনো 'দরবারি আলিম' (উলামাউস সুলতান) বলা হয়। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে এই অবস্থার প্রতিকার করতে হবে। যথাযথ ইসলামি পন্থায় এসব রাষ্ট্রকে জবাবদিহিমূলক সরকারের রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। ঐতিহাসিকভাবে এমন প্রক্রিয়ায় নেতৃস্থানীয় আলিমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

নির্ভুল উৎস, ভুলপ্রবণ মানুষ

মানুষ আলিম হোক বা না হোক, ভুল তার হতেই পারে। মানুষের মতামতের বিপরীতে মুসলমানরা কুরআন ও সুন্নাহকে হিদায়াতের নির্ভুল উৎস হিসেবে স্বীকার করে। কিন্তু ব্যাখ্যার মধ্যে স্বভাবতই অনিশ্চয়তা থাকে। তাই যে মৌলিক বিষয়গুলো একজন মানুষকে মুসলমান বানায়, সেগুলোর বাইরে মুসলমানরা চূড়ান্ত নিশ্চয়তার দাবি করতে পারে না। একজন মুসলমানের মুসলমান হওয়ার জন্য শুধু সাধারণভাবে এই সাক্ষ্য দেওয়াই যথেষ্ট যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সা. তাঁর রাসূল। কিন্তু ব্যাখ্যার সূক্ষ্ম খুঁটিনাটিতে আমরা নিশ্চয়তা দাবি করতে পারি না। যেমন কুরআনে মাথা মাসেহের কোন পদ্ধতিটি আল্লাহর উদ্দেশ্য ছিল, কিংবা আদৌ তিনি একটিমাত্র ব্যাখ্যাকে সত্য হিসেবে চেয়েছেন কি না। আমরা শুধু তুলনামূলক সাধারণ বিষয়গুলোতে নিশ্চয়তা দাবি করতে পারি। যেমন আলিমদের মতে, আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে সূরা মায়িদার ৬ নম্বর আয়াত অজুতে কোনো না কোনোভাবে মাথা মাসেহ করা বাধ্যতামূলক করেছে। তবে এর চেয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

অর্থাৎ প্রতিটি আয়াত ও হাদিসের প্রতিটি ব্যাখ্যাগত সম্ভাবনা সম্পর্কে আমাদের নির্ভুল জ্ঞান না থাকলেও এসব উৎস যে আকিদা ও আমলের নির্দেশ দেয়, তার মোটাদাগের রূপরেখা জানা সম্ভব। আরও সাধারণভাবে বললে, সুন্নিরা একমত যে চার মাজহাবে প্রতিষ্ঠিত যেকোনো মত বিতর্ক ছাড়াই বৈধভাবে অনুসরণ করা যায়। ঐতিহাসিকভাবে আকিদা ও আমলের এই মোটাদাগের রূপরেখাই একটি ইসলামি সভ্যতা প্রকল্পের (Civilizational Project) ভিত্তি গড়েছে। পশ্চিমের মতো অন্যান্য সভ্যতা প্রকল্পেরও একই বৈশিষ্ট্য। তাদের প্রকল্পের সূক্ষ্ম খুঁটিনাটি নিয়েও আছে ব্যাপক মতভেদ। প্রতিদিনের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কে আমরা এসব মতভেদ দেখতে পাই। যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে এসব নিয়ে অন্তহীন বিতর্ক ও বিশ্লেষণ চলে। তবু যখন অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ রাজনৈতিক বা মতাদর্শিক সংকটের মোকাবিলা করতে হয়, তখন এসব মতভেদ মোটামুটি একপাশে সরিয়ে রাখা হয়।

আকিদা ও আমলে মুসলমানরা যেন সঠিকভাবে ইসলামি শিক্ষা মেনে চলতে পারে, সে জন্য সাহায্য করাই আলিমদের দায়িত্ব। মুসলমানরা নিজেরা কুরআন ও সুন্নাহর নস পড়ে উপকৃত হতে পারে। আর আমরা এমন এক যুগে বাস করছি, যখন এসব নস সহজলভ্য। কিন্তু এসব নস বুঝতে গিয়ে মুসলমানরা যদি বিভ্রান্তিতে পড়ে, তাহলে তাদের উচিত আলিমদের শরণাপন্ন হয়ে নিজেদের ভুল বোঝাবুঝি দূর করা। সাধারণ মুসলমানকে অবশ্যই দ্বীনের বুঝ গভীর করতে উৎসাহিত করা হয়। আর তাদের কাউকে কাউকে শরয়ি ইলমে বিশেষজ্ঞ হতেই হবে। পশ্চিমের মুসলমানদের মাঝে এই দক্ষতার অভাব বিশেষভাবে প্রকট। তবে যারা এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ নন, তাদের এই বিদ্যার বিশেষজ্ঞদের মত মেনে নিতে হবে। এ ক্ষেত্রে আলিমরা প্রায়ই সূরা নাহলের ৪৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন—

فَسۡـَٔلُوۡۤا اَهۡلَ الذِّکۡرِ اِنۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۳﴾

'তোমরা যদি না জানো, তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস কর।'

আন্দালুসের মুফাসসির আল কুরতুবি (মৃ. ৬৭১/১২৭৩) উল্লেখ করেছেন, আলিমরা এ বিষয়ে একমত যে সাধারণ মানুষকে (আল আম্মাহ) তাদের আলিমদের মধ্যকার অনুসরণ করতে হবে। আর এই আয়াত সেদিকেই ইঙ্গিত করছে।

এই নীতির আরেকটি বহুল উদ্ধৃত ভিত্তি হলো নবিজি সা.-এর একটি কঠোর তিরস্কার। একদল সাহাবি সফরে ছিলেন। তাদের মধ্যে একজন আহত ব্যক্তির স্বপ্নদোষ হয়। সাহাবিরা তাকে গোসল করার পরামর্শ দেন। লোকটি জিজ্ঞেস করেছিলেন, গোসলের বদলে তিনি তায়াম্মুম করতে পারেন কি না। কিন্তু তার সফরসঙ্গীরা গোসল করার ব্যাপারেই জোর দেন। তিনি গোসল করেন এবং পরে মারা যান। সম্ভবত সংক্রমণ কিংবা ঠান্ডার কারণে, অথবা দুটির কারণেই। হাদিসে তা স্পষ্ট করে বলা হয়নি। যারা তাকে গোসল করতে জোর করেছিল, তাদের ওপর নবিজি সা. এতটাই রাগান্বিত হন যে তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। তিনি বলেন, قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ 'তারা তাকে হত্যা করেছে। আল্লাহ তাদের ধ্বংস করুন!' ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ উল্লেখ করেছেন, এই ছিল এমন 'একদল মানুষের' বিরুদ্ধে নবিজির বদদোয়ার তীব্রতা, 'যারা ইলম ছাড়াই ফতোয়া দিয়েছিল'। আর তাদের ফতোয়ার ফলে প্রশ্নকারীর মৃত্যু হয়েছিল। এই ঘটনা আমাদের ফতোয়া দেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ইসলামের ইলমি ঐতিহ্যে এই গুরুত্বের কথা বারবার বলা হয়েছে। হাদিসের বাকি অংশে বর্ণিত হয়েছে, ওই সফরসঙ্গীরা যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, সে বিষয়ে নবিজি সা. কী পরামর্শ দিয়েছেন। ইলম ছাড়া যারা ফতোয়া দিয়েছিল, তাদের নিন্দা করার পর নবিজি সা. বলেন—

أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا، فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ.

'তারা যখন জানত না, তখন কেন জিজ্ঞেস করল না? অজ্ঞতার চিকিৎসা তো জিজ্ঞেস করা।'

কোনো প্রশ্নে 'ইসলামি দৃষ্টিভঙ্গি' কী, তা নিয়ে বিভ্রান্ত সাধারণ মুসলমানের জন্য আলিমরা কর্তৃত্বশীল আশ্রয়স্থল। কিন্তু তাতে এই সত্য বাতিল হয়ে যায় না যে আলিমরা নিজেরাও ভুলপ্রবণ মানুষ। কথাটি বারবার বলার মতো। কারণ আধ্যাত্মিক বিষয়ে মানুষ খুব সহজেই অন্য মানুষের ওপর নিরঙ্কুশ আস্থা রাখে। ডাক্তার, আইনজীবী, আর্থিক উপদেষ্টা বা প্রকৌশলীর মতো যেকোনো ভুলপ্রবণ বিশেষজ্ঞের ক্ষেত্রেও একই কথা। কোনো বিষয়ে বিশেষায়িত জ্ঞান থাকলেই ভুলের সম্ভাবনা দূর হয় না, এমনকি বড় ভুলেরও। এসব বিশেষজ্ঞের যে কেউ ভুল করতে পারেন, কিংবা ভালো নিয়তে কাজ না-ও করতে পারেন। একজন ডাক্তার বা আইনজীবীকে ক্ষতি না করার কিংবা আইন সমুন্নত রাখার শপথ নিতে হয়। তবু এমনটা ঘটতে পারে। শত হলেও তারা মানুষ। তাই জবাবদিহি ও অন্যায়ের প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। যেমন চিকিৎসায় অবহেলা কিংবা আর্থিক আমানতে খিয়ানতের (Fiduciary Negligence) ক্ষেত্রে আধুনিক আইনব্যবস্থায় ক্ষতিপূরণের বিধান আছে। কিন্তু আজকাল যাকে কখনো কখনো আধ্যাত্মিক নিপীড়ন (Spiritual Abuse) বলা হয়, সেসব ক্ষেত্রে প্রায়ই এমন ব্যবস্থা সহজলভ্য নয়। প্রতিকারের এমন ব্যবস্থার অভাবে সতর্কতা জরুরি। মুসলিম সমাজকে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে। একদিকে দ্বীন ও দ্বীনের বিশেষজ্ঞদের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে এই স্বীকৃতি যে, তারাও কখনো কখনো মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নন।

অন্যদিকে আধুনিক বিশ্বে আমাদের অনেক সমাজে সমস্যাটা অতিরিক্ত শ্রদ্ধার নয়, বরং শ্রদ্ধার পুরোপুরি অনুপস্থিতি। মুসলমানদের দ্বীনি প্রশিক্ষণকে গুরুত্বের সাথে নেওয়া অত্যন্ত জরুরি। একে সামাজিক স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। যাতে তা মেধাবী বিদ্যার্থীদের আকৃষ্ট করে। আর তারা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সমাজের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারে। আগেই বলেছি, আধুনিক মুসলমানরা তাদের দ্বীনি দায়িত্ব শোচনীয়ভাবে অবহেলা করেছে। তাদের দায়িত্ব ছিল এমন দ্বীনি দক্ষতা গড়ে তোলা, যা নানা সমকালীন বিষয়ে মানুষের প্রশ্নের জবাব দিতে সাহায্য করবে। আমাদের সমাজ যেসব সমস্যার মুখোমুখি, তার সমাধানে প্রয়োজনীয় ইলমি জ্ঞান তৈরি করতে পারে এমন মজবুত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রচেষ্টা। এই প্রক্রিয়ায় সমাজের প্রত্যেক সদস্যের ভূমিকা আছে। এর অর্থ ইসলামি ইলমকে এমন এক সাধনা হিসেবে স্বীকৃতি ও সম্মান দেওয়া, যাতে ভবিষ্যৎ আলিমরা নিজেদের শিক্ষা ও পরবর্তী পেশাজীবন উৎসর্গ করতে সক্ষম ও আগ্রহী হন। আমাদের সমাজে প্রায়ই যারা ইসলামি ইলমে জীবন উৎসর্গ করেন, তাদের ব্যর্থ মানুষ হিসেবে হেয় করা হয়। ভাবা হয়, তারা অধিক মর্যাদাপূর্ণ ক্ষেত্রে জায়গা করে নিতে পারেননি। এটি একটি দুষ্টচক্র তৈরিতে ভূমিকা রাখে। এই চক্রে ভবিষ্যৎ আলিমদের শিক্ষা কম যোগ্য ছাত্রদের একচেটিয়া ক্ষেত্রে পরিণত হয়। আর সবচেয়ে মেধাবীরা চলে যায় চিকিৎসা ও আইনের মতো 'সেক্যুলার' ক্ষেত্রে। স্থানীয় ভিন্নতা বিবেচনায় নিলেও এই প্রবণতা গোটা উম্মাহজুড়েই সত্য। গত কয়েক প্রজন্মে এর পরিণতিও দেখা দিয়েছে। অনেক মুসলমানের নিজেদের দ্বীনি ঐতিহ্যের প্রতি অঙ্গীকার কমে গেছে। আর এমন এক আলিম শ্রেণির উদ্ভব হয়েছে, যারা প্রায়ই উম্মাহর সামনে ধেয়ে আসা চ্যালেঞ্জগুলোর ভার বহন করতে অক্ষম।

উপসংহার

এই প্রবন্ধে আমি ব্যাখ্যা করতে চেয়েছি, মুসলিম উম্মাহর প্রাণবন্ত আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে আলিমদের ভূমিকা কী হওয়ার কথা। আলিমরা আজও প্রাসঙ্গিক কি না, এ নিয়ে সমকালীন বেশ কিছু উদ্বেগের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আশা করি দেখাতে পেরেছি, আলিমরা আজও দ্ব্যর্থহীনভাবে প্রাসঙ্গিক। আলিমরা নবিজি সা.-এর উত্তরসূরি। কীভাবে মুসলমানরা সর্বোত্তম পন্থায় কুরআন ও সুন্নাহ মেনে চলতে পারে, সে বিষয়ে তারা পথনির্দেশ দেন। মুসলমানরা ঐতিহাসিকভাবে স্বীকার করে এসেছে, তাদের সমাজে আলিমরা কীভাবে এবং কেন এই গুরুত্বপূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক ভূমিকা পালন করেন। কিন্তু সাম্প্রতিক শতাব্দীগুলোতে ইসলামি সভ্যতার অবকাঠামোর পরিকল্পিত পতনের ফলে এই বোঝাপড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। উম্মাহর এই অবস্থাই সেই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যেখানে আলিমদের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে।

উম্মাহ হিসেবে মুসলমানদের প্রতিষ্ঠান গড়ার গুরুত্ব উপলব্ধি করতে হবে। এমন প্রতিষ্ঠান, যা সরাসরি আলিমদের প্রশিক্ষণ ও বিকাশের প্রয়োজন মেটাবে। এক সময় যে ইসলামি অবকাঠামো এই উদ্দেশ্য পূরণ করত, তা পুনর্নির্মাণই আলিমদের কর্তৃত্ব পুনরুদ্ধারের চাবিকাঠি। এই একই অবকাঠামো নারী আলিমও তৈরি করবে। তারা অন্তত উম্মাহর অর্ধেকের জন্য ইলম ও তাকওয়ার আদর্শ হতে পারবেন। পাশাপাশি এই স্বীকৃতিও থাকতে হবে যে আলিমরা ভুলপ্রবণ মানুষ। আর আল্লাহর সামনে মুসলমানরা কখনোই ব্যক্তিগত দায় থেকে মুক্ত নয়।

আমার আশা, উপরের আলোচনা একটি কঠিন ভারসাম্যের কথা তুলে ধরতে পেরেছে। নিজেদের আধ্যাত্মিক অবস্থার সংশোধন শুরু করতে আধুনিক মুসলমানদের সম্মিলিতভাবে এই ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে তাদের আলিমদের হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে সম্মান করতে হবে। অন্যদিকে সচেতন থাকতে হবে, একটি সামাজিক শ্রেণি হিসেবে আলিমরা বর্তমানে দুর্বল, আর ব্যক্তি হিসেবেও তাদের মানবীয় দুর্বলতা থাকতে পারে। তা ছাড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম সমাজ এই 'নবিদের উত্তরসূরিদের' সামাজিক মূল্য খর্ব করেছে। তা সত্ত্বেও এখন তাদের প্রতি সম্মান বাড়াতে হবে। ইসলামি ইলমের প্রতি দীর্ঘদিনের পরিকল্পিত অবহেলা চালিয়ে যাওয়ার বদলে আধুনিক মুসলমানদের ইসলামকে চিন্তা ও আলোচনার একটি কাঠামো (Discursive Framework) হিসেবে স্বীকার করতে হবে। এই কাঠামো দিয়ে তারা চারপাশের দুনিয়াকে বুঝবে। আর সেই বোঝাপড়া হবে মুহাম্মাদ সা.-এর কাছে আসা আল্লাহর ওহির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা পরবর্তী সকল যুগের মানুষের জন্য হিদায়াত। অন্যভাবে বললে, আমাদের যুগের জন্য দ্বীনি ইলমসমূহের একটি নতুন পুনরুজ্জীবন প্রয়োজন। এখন একটিমাত্র প্রশ্নই বাকি। উম্মাহ কি এই গুরুত্বপূর্ণ কাজটিকে তার প্রাপ্য গুরুত্ব দিতে প্রস্তুত?

তরজমা করেছেন সাজ্জাদ হোসাইন খাঁন

ফুটনোট

১।  এই হাদিসটি একাধিক প্রামাণ্য হাদিসগ্রন্থে বর্ণিত হয়েছে। এর মধ্যে আছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং ইমাম আহমাদের মুসনাদ। এসব উৎসে হাদিসটির পূর্ণাঙ্গ তাখরিজ এবং বর্ণনার মান সম্পর্কে আলোচনার জন্য দ্রষ্টব্য: Aḥmad ibn Ḥanbal, Musnad, 36:46–48, https://archive.org/details/musnadahmed/ahmd_36/page/n45/mode/2up?view=theater। মুসনাদের আধুনিক মুহাক্কিকগণ হাদিসটিকে হাসান লি গাইরিহি বলেছেন। এর কয়েকটি সূত্রে কিছু দুর্বলতা আছে। তবে সেই দুর্বলতা শেষ পর্যন্ত দ্বীনি কাজে হাদিসটির বৈধ ব্যবহারকে ক্ষুণ্ন করে না। ইমাম নববির রিয়াজুস সালিহিনে আসা বর্ণনার জন্য দ্রষ্টব্য: https://sunnah.com/riyadussalihin:1388। (অনুবাদকের টীকা: আয়াত ও হাদিসের আরবি ইবারত মূল ইংরেজি প্রবন্ধে নেই। পাঠকের সুবিধার্থে অনুবাদক তা যুক্ত করেছেন।)
২।  রিয়াজুস সালিহিনে পূর্ণ বর্ণনার জন্য দ্রষ্টব্য: https://sunnah.com/riyadussalihin:1617। ইমাম নববি হাদিসটি সহিহ মুসলিম থেকে এনেছেন। এ থেকে এর বিশুদ্ধতা বোঝা যায়।
৩।  জোনাথন ব্রাউন দেখিয়েছেন, তথাকথিত 'শুধু কুরআন' (আহলে কুরআন) আন্দোলন (Qur’an Only Movement) কুরআন-বহির্ভূত উৎসের সাহায্য ছাড়াই কুরআন ব্যাখ্যার চেষ্টা করছে। আর এমন কিছু আধুনিক প্রয়াসই প্রমাণ করে যে এ ধরনের চেষ্টার সফল হওয়া অসম্ভব। দ্রষ্টব্য: Jonathan A. C. Brown, Misquoting Muhammad: The Challenges and Choices of Interpreting the Prophet’s Legacy (Oxford: Oneworld, 2014), 200–206 passim.
৪।  Brown, Misquoting Muhammad, 200–206 passim.
৫। হিজরি পঞ্চম তথা খ্রিষ্টীয় একাদশ শতাব্দীর প্রভাবশালী আলিম আবু হামিদ আল গাজালি এই বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। ইসলামের ইতিহাসে তিনিসহ আরও অসংখ্য আলিম ইলমচর্চার এই ফাঁদ নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন।
৬। দ্রষ্টব্য: 'FAQs: Judges in the United States,' Institute for the Advancement of the American Legal System, University of Denver, June 12, 2014, https://iaals.du.edu/publications/faqs-judges-united-states.
৭।  'New ABA data reveals rise in number of US lawyers, 15 percent increase since 2008,' American Bar Association, May 11, 2018, https://www.americanbar.org/news/abanews/aba-news-archives/2018/05/new_aba_data_reveals/.
৮। এ বিষয়ে অমুসলিম গবেষকদের কাজের উদাহরণ হিসেবে দ্রষ্টব্য: Wael Hallaq, The Impossible State: Islam, Politics, and Modernity’s Moral Predicament (New York: Columbia University Press, 2013); Noah Feldman, The Fall and Rise of the Islamic State (Princeton: Princeton University Press, 2008).
৯। আমি কেনেথ হোনারক্যাম্পের অনুবাদে কিছুটা পরিবর্তন করেছি। দ্রষ্টব্য: Ghazālī and Kenneth Lee Honerkamp, Kitāb al-ʿilm, The Book of Knowledge: Book 1 of the Iḥyāʾ ʿUlūm al-Dīn, The Revival of the Religious Sciences (Louisville, KY: Fons Vitae, 2015), 54। মূল আরবি নসের জন্য দ্রষ্টব্য: Ghazzālī, Iḥyāʾ ʿulūm al-dīn (Jeddah: Dār al-Minhāj, 2011), 1:81–82.
১০।  সমকালীন বুদ্ধিবৃত্তিক সংস্কৃতির অসংগতি নিয়ে তুলনামূলক আশাবাদী একটি পাঠের উদাহরণ হিসেবে দ্রষ্টব্য: Jeffrey Stout, Democracy and Tradition (Princeton, NJ: Princeton University Press, 2004).
১১।  সূরা আহজাব : ২১।
১২।  সূরা বনি ইসরাইল : ৯৪-৯৫।
১৩।  আলিমদের নির্ভরযোগ্যতা যাচাইয়ে ইজাজাহর ওপর নির্ভর করার সীমাবদ্ধতা নিয়ে আমি অন্যত্র আলোচনা করেছি।
১৪।  দ্রষ্টব্য: حكم أخذ الفتوى من المواقع الإلكترونية مع عدم العلم بالمفتين فيها ومدى أهليتهم للفتوى (Ḥukm akhdh al-fatwā min al-mawāqiʿ al-iliktrūniyya maʿa ʿadam al-ʿilm bi-l-muftīn fīhā), Islamweb.net, January 1, 2013, https://www.islamweb.net/ar/fatwa/195005/.
১৫।  সমকালীন মৌরিতানীয় আলিম মুহাম্মাদ হাসান ওয়ালাদ দাদাও (জন্ম ১৩৮৩/১৯৬৩) এই উক্তিটি উদ্ধৃত করেছেন। ইমাম জুয়াইনির আল ওয়ারাকাত ফি উসুলিল ফিকহ-এর মৌখিক ব্যাখ্যায় তিনি তা উল্লেখ করেন। এই দরসগুলোর লিখিত রূপের জন্য দ্রষ্টব্য: https://ketabonline.com/ar/books/5804/read?part=5&page=124&index=3272575/3272592/3272594। প্রাথমিক অনুসন্ধানে ইবনে তাইমিয়ার রচনাবলিতে আমি হুবহু এই উক্তিটি খুঁজে পাইনি।
১৬।  দুর্ভাগ্যজনকভাবে কিছু আলিম ফ্রান্সের হিজাববিরোধী আইনকে সমর্থন করেছেন। কেউ কেউ মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকারগুলোকে সমর্থন দিয়েছেন, যখন তারা ইসলামপন্থী গণতান্ত্রিক আন্দোলনগুলোকে দমন করতে চেয়েছে। আমার বইয়ে আমি এমন কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি।
১৭। দ্রষ্টব্য: Ibn Qayyim al-Jawziyya, Iʿlām al-muwaqqiʿīn ʿan Rabb al-ʿĀlamīn (Riyadh: Dār Ibn al-Jawzī, 1423 [2002–2003]), 2:18, https://archive.org/details/ILMULMUWEQQINanRabbiLlemn06IbnQajjimElDewzijje/.
১৮। দ্রষ্টব্য: al-Bukhārī, al-Jāmiʿ al-Ṣaḥīḥ, kitāb al-ʿilm, bāb al-ḥayāʾ fī al-ʿilm। সহিহ বুখারিতে বর্ণনাটি পূর্ণ সনদ ছাড়া এসেছে, অর্থাৎ এটি মুআল্লাক। তবে অন্যত্র এটি নির্ভরযোগ্য পূর্ণ সনদে বর্ণিত হয়েছে। এমন একটি বর্ণনা সহিহ মুসলিমে পাওয়া যায়। দ্রষ্টব্য: https://sunnah.com/muslim:332c.
১৯। এমন ক্ষেত্রও আছে, যেখানে স্বামী-স্্ত্রী দুজনই উপার্জন করেন। সমকালীন নিওলিবারেলিজমে (Neoliberalism) এটি ক্রমশ বাস্তবতা হয়ে উঠছে। তবু পরিবারের আর্থিক ভরণপোষণে স্বামীর শরয়ি দায়িত্ব নারী-পুরুষের ভূমিকার মৌলিক সুর নির্ধারণ করে দেয়। আর তা প্রায়ই সমকালীন পশ্চিমা রীতি কিংবা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এর মানে এই নয় যে স্বামী-স্্ত্রী বাস্তবে এসব শরয়ি দায়িত্ব কীভাবে পালন করবেন, তা নিয়ে নতুন করে বোঝাপড়া করতে পারবেন না। এর মানে এটাও নয় যে কুরআন-সুন্নাহর প্রতি বিশ্বস্ত থেকে এসব বিধান ব্যাখ্যার কোনো অবকাশ নেই। গত চৌদ্দশো বছরে ইসলামি আলিমরা দাম্পত্য দায়িত্বকে যে নানাভাবে ব্যাখ্যা করেছেন, তাতেই এই বাস্তবতা প্রতিফলিত। সেই বৈচিত্র্যের চমৎকার একটি চিত্রের জন্য দ্রষ্টব্য: Marion Holmes Katz, Wives and Work: Islamic Law and Ethics Before Modernity (New York: Columbia University Press, 2022)। তবে কুরআন ও সুন্নাহ থেকে এটা স্পষ্ট যে পরিবারের ভরণপোষণে পুরুষের দায়িত্ব ইসলামে বিয়ের একটি মূল স্তম্ভ। দশকের পর দশক ধরে মধ্যবিত্তের মজুরি পরিকল্পিতভাবে দমিয়ে রাখা হয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে এই দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়েছে। এ থেকে বোঝা যায়, যেসব সভ্যতাগত প্রেক্ষাপটে মুসলমানরা ক্ষমতাহীন এবং নিজেদের মূল্যবোধ অনুযায়ী নীতি ও সামাজিক রীতি গড়তে অক্ষম, সেখানে ইসলামি রীতি মেনে চলা কঠিন হতে পারে। তবে নীতিগতভাবে এসব বাস্তবতা নবিজির নির্দেশনার বাধ্যতামূলক মর্যাদাকে ক্ষুণ্ন করে না। তবে এগুলো দুটি বিষয়ের গুরুত্ব তুলে ধরে—

  • এক. প্রতিকূল পরিস্থিতিতে শরিয়াহ পালনে নমনীয়তার প্রয়োজন। 

  • দুই. যেসব প্রেক্ষাপটে বাস্তব অবস্থা স্বাভাবিক সামাজিক চর্চার মধ্য দিয়ে শরিয়াহসম্মত মানস গড়ে উঠতে দেয় না, সেখানে সচেতনভাবে শরিয়াহসম্মত সংবেদনশীলতা লালন করা।

২০। প্রাথমিক যুগের ইমামদের সাথে এই উক্তির সম্বন্ধ সম্পর্কে দ্রষ্টব্য: https://al-maktaba.org/book/31615/19878.
২১।  Samy A. Ayoub, Law, Empire, and the Sultan: Ottoman Imperial Authority and Late Hanafi Jurisprudence (New York: Oxford University Press, 2019), 22। আইয়ুব এখানে রেজেপ শেনতুর্কের (Recep Şentürk) গবেষণার ওপর নির্ভর করেছেন। দ্রষ্টব্য: Şentürk, 'Between Traditional and New Forms of Authority in Modern Islam,' in Tradition and Modernity: Christian and Muslim Perspectives, ed. David Marshall (Washington, DC: Georgetown University Press, 2013), 45–56, 45.
২২। Khaled Abou El Fadl, 'The Centrality of Sharīʿah to Government and Constitutionalism in Islam,' in Constitutionalism in Islamic Countries: Between Upheaval and Continuity, ed. Rainer Grote and Tilmann Röder (New York: Oxford University Press, 2012), 49। উদ্ধৃত হয়েছে: Andrew March, The Caliphate of Man: Popular Sovereignty in Modern Islamic Thought (Cambridge, MA: Harvard University Press, 2019), 19। এল ফাদলের অনুবাদে আমি সামান্য পরিবর্তন করেছি।
২৩। Jonathan Brown, 'Keeping Our Eye on the Ball: The Problem with the UAE Summit,' MuslimMatters, December 17, 2018, https://muslimmatters.org/2018/12/17/keeping-our-eye-on-the-ball-the-problem-with-the-uae-summit/.
২৪।  দুঃখজনকভাবে এমনটি একাধিকবার ঘটেছে। আমার বইয়ে আমি এমন একটি ঘটনা উল্লেখ করেছি।
২৫।  সুন্নাহ হিসেবে গণ্য হতে হলে তা বিশুদ্ধভাবে বর্ণিত হতে হবে। আর আলাদা আলাদা বর্ণনার ক্ষেত্রে এটি বৈধ মতভেদের একটি ক্ষেত্র।
২৬। একটি ক্লান্তিকর বুলি প্রায়ই শোনা যায়। বলা হয়, শরিয়াহর এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা যে শরিয়াহকে জানাই সম্ভব নয়। এই আলোচনা সেই বুলির একটি গুরুত্বপূর্ণ জবাব। এই বুলি আসলে মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর কৌশল (Red Herring)। যেকোনো আইনি সংস্কৃতি বা সভ্যতার ভিত্তি যে ব্যবস্থা, তা বিরোধ নিষ্পত্তির কিছু পদ্ধতি গড়ে তোলে। বিশেষ করে যেসব বিরোধে মতভেদ থেকে জটিল সামাজিক সমস্যা তৈরি হয়। এ কারণেই শরিয়াহভিত্তিক আইনের শাসনব্যবস্থাগুলো আদালত প্রতিষ্ঠা করেছিল। একটি ফিকহি মূলনীতিও আছে: حُكْمُ الْحَاكِمِ يَرْفَعُ الْخِلَافَ 'বিচারকের রায় মতভেদ দূর করে।' শরিয়াহর অনির্ধারণযোগ্যতার (Indeterminacy) এই কথিত দাবি স্বাভাবিকভাবেই আরও জোরালোভাবে (a fortiori) সেসব ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য, যা পুরোপুরি এনলাইটেনমেন্ট পরবর্তী ইউরোপের আপতিক ও সামাজিকভাবে নির্মিত চর্চার ওপর দাঁড়িয়ে আছে।
২৭। Qurṭubī, al-Jāmiʿ li-aḥkām al-Qurʾān, ed. ʿAbdullāh ibn ʿAbd al-Muḥsin al-Turkī et al. (Beirut: Muʾassasat al-Risāla, 1427/2006), 14:179, https://archive.org/details/waq73651/14_73664/page/n178/mode/2up?view=theater.
২৮। এই হাদিসের ব্যাখ্যাসংক্রান্ত একটি ফতোয়ায় ইবনুল কাইয়িমের বক্তব্যটি উদ্ধৃত হয়েছে: شرح حديث صاحب الشجة (Sharḥ ḥadīth ṣāḥib al-shajja), Islamweb.net, https://www.islamweb.net/ar/fatwa/288472/। মূল নসের জন্য দ্রষ্টব্য: Ibn al-Qayyim, Iʿlām al-muwaqqiʿīn ʿan Rabb al-ʿĀlamīn, ed. Mashhūr Āl Salmān (Jeddah: Dār Ibn al-Jawzī, 1423), 3:529.
২৯।  দ্রষ্টব্য: Abū Dāwūd, al-Sunan, kitāb al-ṭahāra, bāb fī al-majrūḥ yatayammam, https://sunnah.com/abudawud:336। সমকালীন মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানির (মৃ. ১৪২০/১৯৯৯) মতে, বর্ণনাটির যে অংশ আমি উদ্ধৃত করেছি, তা হাসান অর্থাৎ গ্রহণযোগ্য।
৩০। বাক্যের সাবলীলতার জন্য আমি 'ইসলামি দৃষ্টিভঙ্গি' শব্দবন্ধটি ব্যবহার করেছি। অবশ্যই সব বিষয়ে একটিমাত্র ইসলামি দৃষ্টিভঙ্গি থাকে না। বরং সাধারণভাবে বোঝা আকিদার মৌলিক উপাদানগুলো ছাড়া কোনো বিষয়ে সাধারণত একাধিক ইসলামি দৃষ্টিভঙ্গি থাকে। অজুতে মাথা মাসেহের আলোচনায় উপরে তা দেখানো হয়েছে।