মেন্যু
Menu

‘দ্য এন্ড অব হিস্ট্রি’ তত্ত্বের পুনর্মূল্যায়নে ফ্রান্সিস ফুকুয়ামা

২৬ নভেম্বর, ২০২৬

[‘দ্য এন্ড অব হিস্ট্রি’ তত্ত্বের পুনর্মূল্যায়নে ফ্রান্সিস ফুকুয়ামাঃ স্বীকৃতি, পুঞ্জীভূত ক্ষোভ এবং বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ উদারনৈতিক গণতন্ত্রগুলো কেন আত্মঘাতী প্রবণতায় লিপ্ত হচ্ছে—সেসব বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামার সাথে কথোপকথন।

​সাক্ষাৎকারটি নিয়েছেন ‘মাইকেল অ্যালবার্টাস’।]

সাক্ষাৎকারটি ১ অক্টোবর, ২০২৬ ‘দ্য গুড সোসাইটি’(The Good Society)-তে প্রকাশিত হয়। ফ্রান্সিস ফুকোয়ামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির Freeman Spogli Institute-এর একজন সিনিয়র ফেলো এবং স্মৃতিকথাধর্মী গ্রন্থ In the Realm of the Last Man: A Memoir-এর লেখক। রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন এবং উদারতাবাদ (Liberalism) নিয়ে তাঁর বিস্তর লেখালেখি রয়েছে। তবে তিনি ১৯৯২ সালে প্রকাশিত তাঁর অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ The End of History and the Last Man-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। যেখানে তিনি যুক্তি দিয়েছিলেন উদারনৈতিক গণতন্ত্র তার আদর্শগত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে মানবজাতির ইতিহাসে "সরকারের অন্তিম রূপ” (final form of government) হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। যেটা মানুষের স্বভাবগত উচ্চাশার (ambition) মতো মৌলিক প্রবৃত্তিগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় অভ্যন্তরীণ তীব্র অস্থিতিশীলতার মুখোমুখি হবে। ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও স্বাধীন সমাজ হওয়া সত্ত্বেও উদারনৈতিক গণতন্ত্রের নাগরিকেরা কেন ভেতর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তা খতিয়ে দেখতে তাঁর নতুন স্মৃতিকথামূলক গ্রন্থটিতে তিনি ‘ইতিহাসের সমাপ্তি’ (The End of History) সংক্রান্ত থিসিসটি (thesis) নতুন করে পুনর্মূল্যায়ন করেছেন। তিনি মানুষের স্বীকৃতির প্রয়োজনীয়তা এবং এর দুটি পরস্পরবিরোধী রূপ: ‘নিজেকে অন্যদের সমান হিসেবে স্বীকৃতি পাওয়ার তাগিদ’ এবং ‘নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে প্রতিপন্ন করার বাসনা’ দ্বারা আলোচনা ব্যপ্ত করেছেন। এই তাত্ত্বিক কাঠামোটি ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পেছনের জনতুষ্টিবাদী (populist) প্রতিক্রিয়া এবং বাম ও ডান শিবিরের পরিচয়বাদী সাংস্কৃতিক লড়াইগুলোকে (culture-war fights over identity) বুঝতে সাহায্য করে। এই সাক্ষাৎকারে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি আলোচনা করেছি কেন গণতন্ত্রের প্রচার-প্রসার একটি জটিল বিষয়, মার্কিন আমলাতন্ত্রের ঠিক কোথায় গলদ রয়েছে, অবধারিতভাবে ট্রাম্প-পরবর্তী যুগে মার্কিন গণতন্ত্রের জন্য কী ধরনের সংকট অপেক্ষা করছে এবং মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর মধ্যে এমন কী দারুণ ব্যাপার আছে?—সেসব বিষয়ে।

১. আপনার নতুন স্মৃতিকথা In the Realm of the Last Man-এ আপনি প্রায় পঁয়ত্রিশ বছর পর ‘ইতিহাসের সমাপ্তি’ সংক্রান্ত থিসিসটি নতুন করে পাঠ করেছেন। এবার আপনি মানুষের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার লেন্স দিয়ে বিষয়টিকে দেখছেন। সমকক্ষ হিসেবে বিবেচিত হওয়ার আকাঙ্ক্ষা কিংবা শ্রেষ্ঠতর হিসেবে গণ্য হওয়ার বাসনা কীভাবে সমৃদ্ধ উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ভেতর থেকে আত্মঘাতী হয়ে ওঠা এবং ভেঙে পড়তে সাহায্য করছে, এ বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি?

মানব মনস্তত্ত্বের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতির ধারণাটি বেশ কয়েকজন ভিন্ন ভিন্ন দার্শনিকের চিন্তার মাধ্যমে সামনে এসেছে। এর মধ্যে একজন হলেন প্রথম ইতিহাসবাদী দার্শনিক (historicist philosopher) হেগেল (জার্মান)। তিনি বিশ্বাস করতেন যে কোনো কিছুই পরম অর্থে সত্য নয় বরং তা ঐতিহাসিক কালপরিক্রমায় সত্য হয়ে ওঠে। তাই আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা বা বক্তব্যকে মূল্যায়ন করতে চান তাহলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করেই তা করতে হবে।

​তবে সেই ইতিহাস একটি নির্দিষ্ট অভিমুখে বিকশিত হচ্ছিল। সবকিছু প্রগতির পথে এগোচ্ছিল। মানুষ আরো যুক্তিশীল হয়ে উঠছিল এবং মানব সমাজের রাজনৈতিক ও সামাজিক দিকগুলোও প্রগতির দিকে অগ্রসর হচ্ছিল। হেগেলের এই ধারণার ওপর ভিত্তি করে নতুন ব্যাখ্যা দিয়েছিলেন ফরাসি-রুশ হেগেলীয় চিন্তাবিদ আলেকজান্দ্রে কোজেভ (Alexandre Kojève)। তিনি ফ্রান্সে অত্যন্ত প্রভাবসৃষ্টিকারী সেমিনার সিরিজের আয়োজন করেছিলেন যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ফ্রান্সের প্রায় সব বুদ্ধিজীবী ও পণ্ডিত ব্যক্তিত্বই অংশ নিয়েছিলেন।

​কোজেভই সেই ব্যক্তি যিনি স্বীকৃতির গুরুত্বকে জোরালোভাবে সামনে নিয়ে আসেন। তিনি দেখান যে মানুষের কেবল খাদ্য, বাসস্থান ইত্যাদি বস্তুগত পণ্যেরই প্রয়োজন হয় না বরং এমন কিছু চাই যা যুক্তিরও উপরে। মানুষের এমন একটি সত্তা রয়েছে যা মূলত আপনার যোগ্যতা ও মর্যাদার প্রতি একধরনের অ-বস্তুগত স্বীকৃতির তাড়না। যাকে প্লেটো তাঁর রিপাবলিক (Republic) গ্রন্থে থাইমোস (thymos) নামে অভিহিত করেছেন। আমার মূল The End of History- গ্রন্থে আমি স্বীকৃতির এই আকাঙ্ক্ষার দুটি ভিন্ন রূপ বা প্রকাশের কথা বলেছিলাম।

​এর একটিকে বলেছি আইসোথাইমিয়া (isothymia)—অন্যান্য মানুষের সমকক্ষ হিসেবে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। রাজনৈতিক অঙ্গনে এটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়, মানুষ যদি কাঙ্ক্ষিত স্বীকৃতি না পায়, যদি তাদের প্রতি দুর্ব্যবহার করা হয় বা অবমূল্যায়ন করা হয়—তবে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ক্ষোভই অনেক রাজনৈতিক আন্দোলনের ভিত্তি।

​অন্য রূপটি হলো আমি যাকে বলছি মেগালোথাইমিয়া (megalothymia)—অন্যান্য মানুষের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ বা মহান হিসেবে দেখার আকাঙ্ক্ষা। এটি প্রতিটি সমাজের ক্ষেত্রেই সত্য এবং বিভিন্ন ফর্মে হতে পারে। গণতন্ত্রের ক্ষেত্রে এটি আরো জটিল যেহেতু গণতন্ত্র সবার সমান স্বীকৃতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি কিছু মানুষ আরও বেশি কিছু দাবি করে তবে তা স্বৈরাচার, অবিচার এবং কর্তৃত্ব বা আধিপত্যের জন্ম দিতে পারে। তবে বিষয়টি কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আরও জটিল। মেগালোথাইমিয়া বা শ্রেষ্ঠত্বের স্পৃহা ছাড়া আপনি মানবীয় উৎকর্ষের কোনো ফর্মই অর্জন করতে পারবেন না। আপনি যদি একজন মহান অ্যাথলিট, সংগীতশিল্পী, অভিনেতা কিংবা শিক্ষাবিদ হতে চান তাহলে আপনার পেশায় সেরা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকতে হবে। নাহলে আপনি কেবল মধ্যমসারির (mediocre) একজন হয়েই থাকবেন।

​আমি মনে করি, এই দুয়ের মাঝখানে থেকেই গণতন্ত্র একধরনের সংকটের (dilemma) মুখোমুখি হয়। কারণ গণতন্ত্র ফলাফল বা অবস্থার সমতা নয় বরং নীতিগতভাবে সবার সমান স্বীকৃতির নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে সমান অর্জনের কথা বলা হয়নি। বলা হয়েছে প্রত্যেক নাগরিকের অধিকার যেন একটা নির্দিষ্ট মৌলিক স্তরে স্বীকৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একটি বিল অব রাইটস অর্থাৎ বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা—মূলত চিন্তা করার স্বাধীনতা রয়েছে। কারণ আমরা প্রত্যেকে একটি উদারনৈতিক প্রজাতন্ত্রের নাগরিক (citizens of a liberal republic)।

​কিন্তু এই অধিকারগুলো প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। এর কারণ হতে পারে সমান স্বীকৃতির প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যাওয়া—যেমনটি আফ্রিকান আমেরিকানদের সাথে ঘটে আসছে। যাদের এক শতাব্দীরও আগে সমান স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা তা অর্জনে ব্যর্থ হয়েছে। অথবা এমন কোনো বিষয় যা আমার মতে বাম ও ডান উভয় শিবিরের চরমপন্থী রাজনীতির মূলে রয়েছে। উভয় শিবিরই মনে করে তারা কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর যার ক্লাসিক বা ধ্রুপদী রূপটি আমরা দেখতে পাচ্ছি। তা হলো শ্রমজীবী মার্কিনিরা। তারা অনাহারে নেই, রাস্তায় শীতে বা ক্ষুধায় কাঁপছে না কিন্তু তারা তীব্রভাবে অনুভব করে যে শিক্ষিত অভিজাত শ্রেণি সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অন্যান্য নানা দিক থেকে তাদের অবহেলার চোখে দেখে। আমি মনে করি, এই অবমূল্যায়নের ক্ষোভই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও অনেক দেশে পপুলিস্ট রাজনীতিকে উসকে দিয়েছে। আর এটি আসলে স্বীকৃতির গুরুত্বেরই একটি ভিন্ন রূপ আমাদের সামনে তুলে ধরেছে।


​২. বর্গগত (categorical) হোক বা বস্তুগত (material) বিল অব রাইটস-এর মতো সনদে নিহিত উদারনৈতিক ও সাম্যবাদী নীতিগুলোর সঙ্গে নির্দিষ্ট কিছু অসাম্যের একধরনের অন্তর্নিহিত টানাপোড়েন রয়েছে বলে মনে হয়। স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে (desire for excellence) আপনি এই ব্যবধানের মধ্যে কীভাবে স্থাপন করবেন? এমন কোনো বিশেষ স্থান বা কাল রয়েছে কি যেখানে গণতন্ত্রের অভ্যন্তরে এই ব্যবধানটি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সংঘাত তৈরি করতে পারে বলে আপনি মনে করেন?

​আমি মনে করি, গণতন্ত্রে সমান স্বীকৃতি এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি উভয়ই বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্পষ্টতই, সমান স্বীকৃতি বিপজ্জনক হয়ে ওঠে যখন তা অপূর্ণ থেকে যায়। আর এখানে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, অর্থনৈতিক সামর্থ্যের সমতা (equality of economic means) এবং স্বীকৃতির সমতার (equality of recognition) মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ একটি যোগসূত্র রয়েছে। যেকোনোভাবে, আপনার যদি একটি চাকরি থাকে যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করেন সেখান থেকে প্রাপ্ত তৃপ্তি (satisfaction) আংশিকভাবে বস্তুগত। যে মজুরি আপনাকে খাদ্য ও বাসস্থান কেনার সামর্থ্য দেয়। কিন্তু এর সঙ্গে সামাজিক মর্যাদার প্রশ্নটিও জড়িত। কারণ সমাজ আপনার করা শ্রমটিকে যথেষ্ট মূল্যবান মনে করে বলেই এর বিনিময়ে আপনাকে বস্তুগত সুবিধা দিতে প্রস্তুত থাকে।

​তাই আমি বলব না যে বস্তুগত অসাম্য গুরুত্বহীন। তবে এটি প্রায়শই নিজেকে মর্যাদার অসাম্য বা স্বীকৃতির অসাম্য হিসেবে দেখায়। আজকাল মার্কিন যুক্তরাষ্ট্রসহ ব্রিটেন এবং ইউরোপের বহু দেশেই একটি বড় ধরনের সমাজতাত্ত্বিক বিভাজন দেখা যাচ্ছে। বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত ও অসংখ্য সুযোগ-সুবিধাসম্পন্ন শহরগুলোতে বসবাসকারী শিক্ষিত অভিজাত শ্রেণি এবং ছোট শহর, গ্রাম ও মফস্বল এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে এই বিভাজনটি তৈরি হয়েছে । সাধারণভাবে বললে, এই দ্বিতীয় গোষ্ঠীটি অনুভব করছে যে শিক্ষিত মানুষেরা তাদের অবজ্ঞার দৃষ্টিতে দেখে। যদিও বস্তুগত দিক থেকে তারা বেশ ভালোই আছে। তাদের নিজস্ব বাড়ি আছে, পরিবার আছে, তারা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না তবুও তারা মনে করছে শিক্ষিত শ্রেণি তাদের সমান স্বীকৃতি দিচ্ছে না। তারা মনে করে রাজনৈতিক ব্যবস্থায় তাদের অবস্থানের যথাযথ প্রতিনিধিত্ব নেই। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ইত্যাদি। যা ব্যবস্থার জন্য নিশ্চিতভাবে অস্থিতিশীলকারী (destabilizing)।

​শ্রেষ্ঠত্বের স্বীকৃতির দিকটি আরও বেশি জটিল। যেমনটি আমি আগেই বলেছি, সমাজে এমন মানুষের প্রয়োজন আছে যারা অন্যদের চেয়ে ভালো হতে চায়। উৎকর্ষের এই রূপগুলো আমাদের দরকার। কিন্তু আপনি নিশ্চয়ই চাইবেন না যে তা রাজনৈতিক কর্তৃত্বে রূপ নিক। আমি আসলে আমার মূল গ্রন্থ The End of History and the Last Man-এ ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে, একটি পুঁজিবাদী গণতন্ত্রে বসবাস করার অন্যতম বড় সুবিধা হলো এটি অর্থনীতিতে মেগালোথাইমিয়া-র (megalothymia) অর্থাৎ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের একটি পথ উন্মুক্ত করে দেয়। আপনি চাইলে বিপুল সম্পদশালী হতে পারেন। যেটা আপনার সেই উচ্চাশা ও শক্তির কিছুটা শুষে নেবে অন্যথায় যা হয়তো রাজনীতির ময়দানে প্রবাহিত হতো। তখন আমি ঘুণাক্ষরেও বুঝিনি যে ত্রিশ বছরেরও বেশি সময় পর ডোনাল্ড ট্রাম্পের জন্য কেবল এটুকু যথেষ্ট হবে না। সুতরাং, এই ধরনের অতিমাত্রার উচ্চাশার ফলে গণতান্ত্রিক রাজনীতি অস্থিতিশীল হয়ে উঠবে না এমন কোনো নিশ্চয়তা আসলে নাই।

​৩. আপনি যুক্তি দিয়েছেন যে লিবারেলিজম বর্তমানে দুই দিক থেকে চাপে পড়েছে। একদিকে প্রগতিশীল বামপন্থীরা, যারা পরিচয়ভিত্তিক রাজনীতিকে (identity politics) এর লিবারেল ভিত্তির সীমা ছাড়িয়ে অনেক দূর নিয়ে গেছে। অন্যদিকে পপুলিস্ট ডানপন্থীরা, যারা জাতীয়তাবাদের দিকে ঝুঁকেছে এবং তা ব্যবহার করে খোদ লিবারেল প্রতিষ্ঠানগুলোকেই আক্রমণ করছে। ২০২৪ সালে ট্রাম্পের পুনর্নির্বাচনের পর গত কয়েক বছরের দিকে তাকালে এই দুটি হুমকির মধ্যে কোনটি আজ আপনাকে বেশি উদ্বিগ্ন করে—নাকি আপনি অন্য কোনো বিষয় নিয়ে বেশি চিন্তিত?

​আমার মনে হয়, ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর আমরা সম্ভবত 'ওক' (woke) সংস্কৃতির চূড়ান্ত শিখরে পৌঁছেছিলাম। যে সময় সারা দেশের বিপুল সংখ্যক মানুষ 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল। সেটি ছিল পরিচয়ভিত্তিক রাজনীতির একটি বহিঃপ্রকাশ যা অপর পক্ষের মধ্যে অর্থাৎ শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে এক প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর ফলে কিছু শ্বেতাঙ্গ মানুষকে নিজেদের বঞ্চিত বা নিপীড়িত সংখ্যালঘু হিসেবে ভাবার সুযোগ করে দেয়। এটি এক ধরনের হাস্যকর ধারণা বটে। কিন্তু আপনি যখন অবহেলা ও অসম্মানের সেই মানসিক কাঠামোর ভেতরে প্রবেশ করবেন তখন এর পেছনের যুক্তিটি বুঝতে পারবেন। তাদের ধারণাটি ছিল দেশের অভিজাত প্রতিষ্ঠানগুলো সবসময় একজন প্রচলিত বিষমকামী (heteronormative) শ্বেতাঙ্গ পুরুষের বদলে একজন নারী, একজন আফ্রিকান আমেরিকান, কিংবা একজন সমকামী (গে বা লেসবিয়ান) ব্যক্তিকেই তুলে ধরতে চায়।

ঠিক এই মুহূর্তে আমি মনে করি বাম এবং ডান সংস্করণের মধ্যে ডানপন্থী সংস্করণটিই অনেক বেশি বিপজ্জনক। কারণ ট্রাম্প প্রশাসন এর পেছনে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করছে। যদিও আমাকে এটাও স্বীকার করতে হবে যে, ডেমোক্র্যাটরা যখন হোয়াইট হাউসে ছিল তখন বিষয়টি একেবারে অনুপস্থিত ছিল এমন নয়। সেখানেও এক ধরনের চাপ ছিল। আমি তাকে সরাসরি জবরদস্তি বলব না। তবে ইতিবাচক পদক্ষেপ (affirmative action), 'টাইটেল নাইন' (Title IX) বাস্তবায়ন এবং এ জাতীয় বিষয়গুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচয়ভিত্তিক নির্দিষ্ট কিছু ফলাফল অর্জনের জন্য অত্যন্ত জোরালোভাবে কাজ করেছিল। দিনশেষে, আমি মনে করি না তা কোনো 'উদারনৈতিক স্বৈরাচার' (liberal tyranny)-এর জন্ম দিয়েছিল। যেমনটি ডানপন্থীদের কেউ কেউ দাবি করে থাকেন। কিন্তু আমার মতে এটি এমন কিছু ছিল যেটা তীব্র পাল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। যার মধ্য দিয়ে আমরা এখন অতিবাহিত হচ্ছি।

৪. গত কয়েক বছরে মার্কিন শাসনব্যবস্থার বহু প্রচলিত রীতিনীতির অবক্ষয়ের প্রেক্ষিতে আগামী দিনে যদি কোনো বামপন্থী নেতা ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হন, তবে আপনার কি মনে হয় সেই বাম-ঘেঁষা রাজনীতিকও আইনের শাসনের তোয়াক্কা না করেই এগিয়ে যাবেন? তা প্রচলিত রীতিনীতিই হোক বা সুনির্দিষ্ট আইন। এমন সম্ভাবনা কতটুকু প্রবল বলে আপনি মনে করেন?

​আমি মনে করি, সংকট উভয় ক্ষেত্রেই বিদ্যমান। একবার যখন আপনি এধরনের অত্যন্ত অসম্মানজনক ভাষা ব্যবহার শুরু করবেন আপনার গুণগ্রাহীর অভাব হবে না। যা ক্রমেই সরাসরি বর্ণবাদী ও নারীবিদ্বেষী ভাষায় রূপ নেয়। ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বক্তৃতায় ভাষার অবিশ্বাস্য রকম অবনতি হয়েছে। মানুষ এখন প্রকাশ্যে বর্ণবাদী কথাবার্তা বলছে। মনে মনে বিশ্বাস করে থাকলেও আগে উচ্চস্বরে বলতে দশবার ভাবতো।

​ হ্যাঁ, প্রকৃত ক্ষমতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর দিক বিবেচনা করলে আমি অবশ্যই মনে করি এখানে একটা বড় বিপদ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একটা সাধারণ সমস্যা আছে যাকে আমি একসময় vetocracy বা ভেটোতন্ত্র বলেছিলাম। অর্থাৎ আমাদের এমন একটি সাংবিধানিক ব্যবস্থা রয়েছে যেখানে স্বতন্ত্র প্রেসিডেন্ট পদ, শক্তিশালী উচ্চকক্ষ, আইন বাতিল করার ক্ষমতাসম্পন্ন আদালত, যুক্তরাষ্ট্রীয় কাঠামো (federalism), সরকারের নিম্নস্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইত্যাদি অসংখ্য ক্ষমতার ভারসাম্য রক্ষার (checks and balances) স্তর আছে। আমার মনে হয়, এই ব্যবস্থা এমন একটা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে যেখানে অনেক মানুষ মনে করছে তারা আসলে কোনো কাজই ঠিকমতো করতে পারছে না। অবকাঠামোগত বিষয়গুলোর ক্ষেত্রে আপনি এটা স্পষ্ট দেখতে পাবেন। ১৯৯০-এর দশকে ক্যালিফোর্নিয়ায় উচ্চগতির রেল প্রকল্প ছাড়া আজ পর্যন্ত আর কিছুই নির্মিত হয়নি।

​আমার মতে, এই ধরনের স্থবিরতা আইনের শাসনের প্রতি অবজ্ঞাকে উৎসাহিত করেছে। হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নির্বাহী আদেশের (executive orders) মাধ্যমেই সবকিছু করছেন। তিনি একতরফাভাবে ডিক্রির মাধ্যমে সবকিছু করতে চাইছেন। যদিও প্রতিনিধি পরিষদ (House) এবং সিনেট উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারা চাইলে আইন প্রণয়নের মাধ্যমেই এই কাজগুলো করতে পারে। আমি মনে করি, এটা এক অর্থে 'ভেটোতান্ত্রিক' সাংবিধানিক ব্যবস্থার প্রতি জমে থাকা হতাশারই বহিঃপ্রকাশ।

​ দ্য ইকুয়ালাইজার (The Equalizer) এর মতো অসংখ্য 'ভিজিল্যান্টি' (vigilante) সিনেমাতে আপনি এই প্রবণতা দেখতে পাবে্ন। ডেনজেল ওয়াশিংটন এই ধরনের তিনটি সিনেমা তৈরি করেছেন। যেখানে মানুষ মনে করে আদালত ব্যবস্থা অপরাধীদের কারাগারে পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত পদ্ধতিগত বা আইনি প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে যার ফলে অপরাধীরা খুন করেও পার পেয়ে যাচ্ছে। ফলে যে কেউ এই সমস্ত আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে চাইলে মানুষ তাকে সাধুবাদ জানায়।

​ কল্পনা করেন ২০২৮ সালে একজন 'ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা' (DSA) ঘেঁষা কোনো প্রগতিশীল ডেমোক্র্যাট নির্বাচিত হলেন। আমি মনে করি, রক্ষণশীল রিপাবলিকানরা যেভাবে রিগ্যানের শাসনামলে হতাশার মুখোমুখি হয়েছিল তাদেরও ঠিক একই রকম হতাশার মুখোমুখি হতে হবে। কারণ তাদের এমন একটি ব্যবস্থা মধ্যে কাজ করতে হচ্ছে যেখানে আদালত তাদের যেকোনো পদক্ষেপ বাতিল করে দিতে পারে। যেখানে অঙ্গরাজ্যগুলো ওয়াশিংটনের কথা শুনতে নারাজ। তখন ট্রাম্প যেভাবে নির্বাহী আদেশের মাধ্যমে তাঁর এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন সেরকম পথে হাঁটার প্রবণতা তৈরি হবে বলে আমি মনে করি। প্রসঙ্গত বলি, ওবামা এবং বাইডেন নিজেরাও কিছুটা এমন করেছিলেন। ওবামার আমলে বিপুল সংখ্যক অনিবন্ধিত অভিবাসীকে বিচারিক বিবেচনার (prosecutorial discretion) মাধ্যমে আইনি বৈধতা দেওয়া হয়েছিল। বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফের ক্ষেত্রে একই কাজ করেছিলেন। কারণ তিনি কংগ্রেসকে রাজি করাতে পারেননি। তাই তিনি স্রেফ নির্বাহী আদেশের মাধ্যমে কাজটি সেরেছিলেন।

​আমার মনে হয় এই ধরনের তাড়না স্থায়ী হবে। আপনার খুব ভালোভাবে চেনা লাতিন আমেরিকার দিকে তাকান। রাষ্ট্রপতি-শাসিত ব্যবস্থা অধ্যুষিত একটি অঞ্চল। সেসব দেশের অনেকগুলোতেই এই ধরনের অচলাবস্থা (gridlock) দেখা যায়। প্রেসিডেন্ট এবং কংগ্রেসের মধ্যে বিভাজন এবং প্রেসিডেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কোনো কাজই ঠিকঠাক এগোয় না। ফলে তারা নির্বাহী আদেশের মাধ্যমেই দেশ চালায়। আর্জেন্টিনায় এধরনের ঘটনা বারবার ঘটে্ছে। সেখানে তারা নির্বাহী আদেশের মাধ্যমে বাজেটও পাস করেছে। কারণ মানুষ স্বাভাবিক আইন প্রণয়ন প্রক্রিয়ার (legislative process) ওপর আস্থা হারিয়েছে। এটা অত্যন্ত খারাপ প্রবণতা। গণতন্ত্র এভাবে কাজ করে না। গণতন্ত্র কোনো নির্বাচিত রাজতন্ত্র (elective kingship) নয়। এটি এমন ব্যবস্থা যেখানে জনগণ আইনপ্রণেতাদের ভোট দিয়ে নির্বাচিত করে। যারা আইন তৈরি করে এবং সরকার সেই আইন বাস্তবায়ন করে। কিন্তু এখন এই স্বাভাবিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়ার (short-circuiting) প্রবণতা বাড়ছে। এভাবে ব্যবস্থাকে (system) পাশ কাটিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প একজন চরম উদাহরণ মাত্র।

​৫. আমরা যেহেতু গণতান্ত্রিক কার্যকারিতা এবং প্রকৃত নীতিনির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করা প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে কথা বলছি, আপনার যুক্তি হচ্ছে কর্তৃত্ববাদের অধীনে একটি শক্তিশালী ও দক্ষ আমলাতন্ত্রের উত্থান পরবর্তীকালে গণতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। বিষয়টি কি আপনাকে বর্তমান সময়ের উদীয়মান গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উন্নয়নমূলক গতিপথ নিয়ে উদ্বিগ্ন করে তোলে? যে রাষ্ট্রগুলো একই সাথে রাষ্ট্রীয় সক্ষমতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।

​আপনি যদি লিবারেল গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে বিষয়টি কিছুটা হতাশাজনক। ফ্রান্স, জার্মানি ইত্যাদি স্থিতিশীল গণতন্ত্রগুলোর কথা ভাবেন। যদিও আগামী কয়েক বছরে দেশগুলো কতটা স্থিতিশীল থাকবে তা নিয়ে আমি সন্দিহান। এই দেশগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের আগেই আধুনিক আমলাতন্ত্র গড়ে তুলেছিল। ফরাসিরা বিপ্লবের পরপরেই এটা করেছিল। জার্মানরা করেছিল ঊনবিংশ শতাব্দীতে। ব্রিটিশরা 'সেকেন্ড রিফর্ম অ্যাক্ট' (Second Reform Act)-এর অনেক আগেই এটা করেছিল। নানা দিক থেকেই একনায়কতন্ত্রের অধীনে এটা করা সহজ। কারণ একজন একনায়কের হাতে অনেক বেশি ক্ষমতা থাকে। তিনি স্রেফ ফরমান জারি করে সিভিল সার্ভিসের বিভিন্ন নিয়মকানুন ও কাঠামো বদলে দিতে পারেন।

​ যে দেশগুলো ব্যাপক সংকটের সম্মুখীন হয়েছে তারা গণতান্ত্রিক উত্তরণের পূর্বে তাদের আমলাতন্ত্রের সংস্কার করেনি। ইতালি এবং গ্রিস এর প্রকৃষ্ট উদাহরণ। তারা কখনোই শক্তিশালী, মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়ে তুলতে পারেনি। অথচ তারা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করেছিল। এর ফলে তাদের রাজনীতি মূলত পৃষ্ঠপোষকতার (clientelism) রাজনীতিতে পরিণত হয়েছিল। যেখানে রাজনীতিবিদরা তাঁদের সমর্থকদের মাঝে সরকারি চাকরি বিতরণ করতেন। অনেক গণতন্ত্রের এটিই অন্যতম বড় ত্রুটি। তাদের এমন কোনো রাষ্ট্রযন্ত্র থাকে না যা দক্ষতার সাথে জনসাধারণের জন্য পণ্য ও সেবা (public goods and services) সরবরাহ করতে পারে। ফলে তারা সবকিছু পৃষ্ঠপোষকতার ভিত্তিতে বণ্টন করে দেয়। ঐতিহাসিক বিবর্তনে একটি দুর্ভাগ্যজনক সত্য হল, কখনো কখনো গণতান্ত্রিক সরকারের চেয়ে কর্তৃত্ববাদী সরকারের অধীনে কিছু কাজ সম্পন্ন করা সহজ হয়।

​ আরেকটি উদাহরণ হলো জাতি গঠন (nation-building)। অর্থাৎ ভাষাগতভাবে একটি ভূখণ্ডের একত্রীকরণ। ইন্দোনেশিয়া এবং তানজানিয়া উভয়ই বহু জাতি ও ভাষাগত রাষ্ট্র হওয়া সত্ত্বেও উভয় দেশই একটি একক সাধারণ ভাষা (lingua franca) তৈরি করতে সক্ষম হয়েছিল। এই উদ্যোগ নেয়ার সময় গণতান্ত্রিক রাষ্ট্র হলে কখনোই তারা এটা করতে পারত না। শিক্ষা ব্যবস্থার ওপর সেই ধরনের কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ থাকাটা তখন অপরিহার্য ছিল। সুতরাং, আমরা যদি নিজেদের কাছে সৎ থাকি তাহলে এটা স্বীকার করতেই হবে যে এমন কিছু কাজ আছে যেগুলো গণতন্ত্রের পক্ষে সম্পন্ন করা বেশ কঠিন।

৬. আন্তর্জাতিক অংশীদার বা গণতন্ত্র প্রসারে কাজ করা কর্মসূচিগুলোর উদ্দেশ্যে আপনি কী বলবেন? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর খুঁটিনাটি বিষয় এবং সেগুলোর কার্যকারিতার ওপর অতিরিক্ত মনোযোগ দিয়ে কি তারা কোনো ভুল করছে? এর পরিবর্তে তাদের কি সর্বপ্রথম একটি কার্যকর, স্থিতিশীল ও যোগ্যতাসম্পন্ন আমলাতন্ত্র গড়ে তোলার প্রতি অধিকতর সম্পদ ও মনোযোগ নিয়োগ করা উচিত?

​প্রথমত, আমি মনে করি গণতন্ত্র প্রবক্তাদের পক্ষে ‘অনুক্রম-ভিত্তিক যুক্তি’ (sequencing argument) দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বাস্তবে সম্ভব নয়। কারণ তারা ঈশ্বর নন। কোনো দেশ প্রথমে লিবারেলাইজ হবে নাকি গণতন্ত্রায়নের পথে অগ্রসর হবে তাঁদের সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা নাই। এটা নিজে থেকেই ঘটে। তা সত্ত্বেও, ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি (National Endowment for Democracy)-র বোর্ডে আমার দীর্ঘ আঠারো বছরের কার্যকালে আমি বারবার এ কথাই বলেছি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমান্তরালভাবে রাষ্ট্রগঠনের (state building) কাজও চালিয়ে যাওয়া উচিত। আপনাকে একই সাথে এই দুটি কাজ করতে হবে। দক্ষ রাষ্ট্রযন্ত্র ছাড়া শুধু নির্বাচনের মাধ্যমে আপনি যদি গণতন্ত্রে উত্তরণ ঘটিয়ে থাকেন তাহলে আপনি মারাত্মক বিপদে পড়বেন। এ অবস্থায় আপনার সরকার সাধারণ মানুষের প্রত্যাশিত চাকরি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো এবং রাষ্ট্রীয় অন্যান্য সুযোগ-সুবিধাগুলো দিতে ব্যর্থ হবে। দিনশেষে সেটা নতুন গণতন্ত্রকেই অস্থিতিশীল করে তুলবে।

​আমার মনে হয় বেশ কিছু দেশে এমনটি ঘটেছে। ইউক্রেন একটা উদাহরণ। মূল অরেঞ্জ বিপ্লবের পর তারা এমন একটা দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ সরকার পেয়েছিল যে মানুষ শেষ পর্যন্ত আবার ইয়ানুকোভিউচকেই ভোট দিয়ে ফিরিয়ে এনেছিল। কারণ সেখানে কার্যকরভাবে অর্থনীতি পরিচালনা করতে পারে এমন কোনো শক্তিশালী রাষ্ট্র ছিল না। ফলস্বরূপ তাদের গণতন্ত্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

​সুতরাং, আগে রাষ্ট্রগঠন নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন এই ধরনের প্রশ্ন তোলা false dichotomy ছাড়া কিছু নয়। আপনাকে একই সাথে দুটি কাজই করতে হবে। আপনি এর যেকোনো একটিতে সফল হলে তা পরস্পরকে আরও শক্তিশালী করবে।

​৭. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে আমলাতন্ত্র এবং জবাবদিহিতার বিষয়গুলোকে আপনি কীভাবে যুক্ত করবেন? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী আইনের শাসনের ঐতিহ্য আছে। যদিও অকার্যকর তবু এর একটা বিশাল এবং মোটামুটি দক্ষ আমলাতন্ত্র আছে। আপনার কি মনে হয় আগামী বছরগুলোতে দেশটি আরও কার্যকর আমলাতন্ত্র গড়ে তুলতে পারবে? এমন একটি ব্যবস্থা যা আসলেই কাজগুলো সম্পন্ন করতে পারে? সে লক্ষ্যে পৌঁছানোর পথটি কী?

​এটা আমার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। আমি বিশ্বাস করি, মার্কিন আমলাতন্ত্র সম্পর্কে রক্ষণশীলদের গতানুগতিক সমালোচনা সম্পূর্ণ ভুল। রক্ষণশীলদের কথা হইল আমলাতন্ত্র নাগালের বাইরে চলে গেছে। সমস্ত দপ্তর উদারপন্থীদের দ্বারা ভরে গেছে। তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। তারা নির্বাচিত প্রতিনিধিদের কথা শোনে না এবং এই পুরো ব্যবস্থাটিই অবৈধ। এসবই তথাকথিত 'ডিপ স্টেট' (deep state)-এর সমালোচনা। আপনি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে হয়তো এই যুক্তি খাটাতে পারবেন। তবে উল্টো দিকটিই বরং বেশি সত্য। আমলাতন্ত্র আসলে অতি-নিয়ন্ত্রিত (over-controlled)। পেন্ডলটন আইন (Pendleton Act) পাসের মাধ্যমে আধুনিক আমলাতন্ত্র গড়ে তোলার শুরু থেকেই আমরা আমলাদের কখনো বিশ্বাস করিনি। মার্কিন রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্র-বিরোধিতা(anti-statism) অত্যন্ত গভীরভাবে প্রোথিত। ফলস্বরূপ আমলারা বহু ক্ষেত্রেই মাত্রাতিরিক্ত নিয়মের বেড়াজালে বন্দি।

​ ধরেন একটা ফেডারেল সংস্থা নতুন একটা কম্পিউটার সিস্টেম কিনতে চায়। এটা করতে সংস্থাটিকে কেন্দ্রীয় ক্রয় বিধিমালা (Federal Acquisition Regulations) মেনে চলতে হয়। যাতে আক্ষরিক অর্থেই শত শত পৃষ্ঠাজুড়ে ওই কম্পিউটার ব্যবস্থাটি ক্রয়ের পদ্ধতিগত নিয়মকানুন লিপিবদ্ধ রয়েছে। কর্মী নিয়োগ থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রমেও একই জটিলতা দেখা যায়। আপনি যদি উচ্চগতির রেলপথের (high-speed rail) মতো কোনো অবকাঠামো নির্মাণ করতে চান তাহলে আপনাকে প্রক্রিয়াগত বাধ্যবাধকতার (procedural requirements) এক দুর্ভেদ্য প্রাচীরের সম্মুখীন হতে হবে। আর এই নিয়মগুলোর প্রত্যেকটিই আলাদাভাবে দেখলে বৈধ মনে হবে। এগুলোর প্রতিটিই অতীতের কোনো না কোনো দুর্নীতির ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এ কারণে দুর্নীতি প্রতিরোধে নানা তদারকি ব্যবস্থা যুক্ত করা হয়। যেমন—প্রতি ছয় মাস অন্তর আপনার আয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হয়, ইত্যাদি ইত্যাদি । কিন্তু একটা পর্যায়ে এই সমস্ত প্রক্রিয়াগত নিয়ন্ত্রণ হিতে-বিপরীত হয়ে ওঠে। এর অর্থ দাঁড়ায় সরকার তার লক্ষ্য অর্জনেই ব্যর্থ হচ্ছে।

​তাই আমার দৃষ্টিতে, আপনি যদি সরকারকে আরও কার্যকর করতে চান তাহলে তাকে আরও বেশি ক্ষমতা (authority) দিতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের যুগে কথাটি বলা বেশ কঠিন। কারণ আমি ডোনাল্ড ট্রাম্পের হাতে আরও বেশি ক্ষমতা (authority) তুলে দিতে চাই না। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো আইনের সীমার ভেতরে থেকে কাজ করার অধিকতর এখতিয়ার। এখানে আইনের নিজেরই বাস্তবসম্মত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট মাত্রায় স্বেচ্ছাধীন ক্ষমতার (discretionary authority) প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেয়া উচিত। পাশাপাশি সেই ব্যবস্থায় জবাবদিহিতাও থাকতে হবে। যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পেলে সংশ্লিষ্ট প্রতিনিধি বা কর্মকর্তাদের অপসারণ করতে পারে।

​মিশিগানের আইন বিভাগের অধ্যাপক নিক ব্যাগলে (Nick Bagley) 'দ্য প্রসিডিউর ফেটিশ' (The Procedure Fetish) নামে একটি বহুল পঠিত আর্টিকেল লিখেছেন। তাঁর যুক্তি হলো, প্রগতিশীলরা চায় সরকার কাজ করুক। যেমন, বিকল্প জ্বালানি বা ট্রান্সমিশন লাইন তৈরি করা। কিন্তু তারা প্রক্রিয়াগত নির্ভুলতার (procedural correctness) মধ্যে বৈধতা খোঁজেন। ফলে তারা নিয়মের ওপর আরও নিয়ম চাপিয়ে দিতে থাকেন। সরকার একটি ট্রান্সমিশন লাইন নির্মাণের সিদ্ধান্ত নেয়। কোনো একটি গোষ্ঠী মামলা করে বসে। কারণ তারা মনে করে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি আদালতে গড়ায় এবং বাদীরা হেরে যায়। তারপর তারা উচ্চ আদালতে আপিল করে। আর আপনি কিছু বুঝে ওঠার আগেই দশ বছর চলে যায় অথচ ট্রান্সমিশন লাইনটি আর তৈরি হয় না। প্রগতিশীল লোকজনই এই পুরো বিষয়টিকে উসকে দেয়। তাদের ধারণা এটা সরকারকে আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহি করে তোলে। কিন্তু একই সাথে এটা ভোটারদের প্রত্যাশিত বিষয়গুলোও আটকে দেয় যেগুলোর জন্য তারা জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছিলেন।

​ আমি মনে করি, সংস্কারের মাধ্যমে যেকোনো ধরনের সরকারি পদক্ষেপকে ঘিরে থাকা এই বিপুল পরিমাণ পদ্ধতিগত বা আমলাতান্ত্রিক জটিলতা, যাকে বর্তমানে প্রশাসনিক জঞ্জাল (sludge) হিসেবে অভিহিত করা হচ্ছে, সমাধান করতে হবে। একই সাথে আমি বলব যে, এই পরিস্থিতি নির্বাহী আদেশের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রবণতাকেও উসকে দেয়।

​৮. আপনি গণতন্ত্রের বিভিন্ন হুমকি নিয়ে কথা বলেছেন। আগামী পাঁচ থেকে দশ বছরের দিকে তাকালে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান ও ট্রাম্পের সম্ভাব্য ভরাডুবির প্রেক্ষাপটে ২০২৮ সালে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর মার্কিন গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় সম্ভাব্য হুমকিগুলো কী কী বলে আপনার মনে হয়? নাকি এতে আমরা পুরোপুরি বিপদমুক্ত হয়ে যাব?

​না। আমি মনে করি ট্রাম্পের উত্তরসূরি যদি অত্যন্ত বামপন্থী বা প্রগতিশীল কোনো প্রার্থীও হন তাহলেও সেটি বেশ সমস্যাজনক হবে। কেননা সেই ব্যক্তিরও ব্যাপক জনসমর্থন থাকবে না। আমার মনে হয়, তারাও একতরফাভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগে ট্রাম্পের কৌশল অবলম্বন করবেন। তাছাড়া, তাদের এমন অনেক লক্ষ্য থাকবে যেগুলো আমি ব্যক্তিগতভাবে বিশেষ সমর্থনযোগ্য বলে মনে করি না।

​আমি 'প্রাচুর্য' (abundance)-এর বড় ভক্ত। এযরা ক্লেইন (Ezra Klein) এবং ডেরেক থম্পসন (Derek Thompson)-এর এই ধারণাটি আমার বেশ পছন্দ। যেখানে প্রগতিশীলদের এটা অনুধাবন করতে বলা হয়েছে যে তারা নিজেরাই তাদের প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা কোনো কিছু নির্মাণ করতে পারছে না। কার্যকরভাবে পলিসিগুলো বাস্তবায়ন করতে পারছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণে তাদের অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা (procedural overhang) সংস্কারে গুরুত্ব দিতে হবে। আমার মতে, এটাই প্রকৃত অর্থে জাতীয় সাফলতা হতে পারে। কেননা এটা প্রগতিশীল ডেমোক্র্যাটদের পাশাপাশি আরও বহু মানুষকে আকৃষ্ট করবে। সমস্যা হলো, আমি এমন একজন রাজনীতিককেও দেখতে পাচ্ছি না যিনি বিষয়টি তুলে ধরেছেন। নিউইয়র্কের মামদানি (Mamdani) অবশ্য এ ক্ষেত্রে কিছুটা কাজ করেছেন। তিনি খানাখন্দ মেরামত করা এবং এ জাতীয় ছোটখাটো সমস্যাগুলোর সমাধান করার মাধ্যমে নিজের রাজনৈতিক সততা ও যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছেন। আমি প্রত্যাশা করি মূলধারার এবং জাতীয় পর্যায়ে নির্বাচনযোগ্য কোনো রাজনীতিক এরকম কিছু করবেন। আমার দৃষ্টিতে সেটা হবে রাজনৈতিক গুণাবলীর একটা সফল সমন্বয়।

​৯. চীনের মডেলের মতো উদারনৈতিক নয় (illiberal) কিন্তু কার্যকর কোনো শাসনব্যবস্থা কি আছে, যাকে আপনি উদারনৈতিক গণতন্ত্রের জন্য দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন? এমন কোনো শাসনব্যবস্থা যেটা জনগণের কাছে জবাবদিহিমূলক না হলেও বাস্তবে এক ধরনের প্রাচুর্য নিশ্চিত করতে পারে?

​দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী মডেল খুঁজে পাওয়া বেশ কঠিন। সাধারণত দেখা যায়, সময়ের সাথে সাথে আপনি যখন আইনের শাসনকে যথেষ্ট পরিমাণে দুর্বল করে ফেলবেন, তখন কর্তৃত্ববাদী শাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে উদ্গ্রীব হয়ে ওঠে। আর তাদের উদ্দেশ্য সাধারণত ভালো হয় না। সিঙ্গাপুরের উদাহরণটি আমার কাছে সবসময় বিরক্তিকর। মানুষ বলে, দেখুন সিঙ্গাপুর কত সুন্দরভাবে শাসিত! দুর্নীতি অত্যন্ত কম, তারা খুব দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করে। এক্ষেত্রে আমার কথা হইল, আপনি যদি আমাকে এমন কোন পথ দেখাতে পারেন যেখানে কর্তৃত্ববাদী সরকারের নেতা হিসেবে একজন লি কুয়ান ইউ (Lee Kuan Yew)-কে নির্ভরযোগ্যভাবে তৈরি করা যাবে তাহলে আমি বলব ঠিকআছে আমাদের আরও অনেক লি কুয়ান ইউ দরকার। কিন্তু গণহারে লি কুয়ান ইউ তৈরির পদ্ধতি এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। এর পরিবর্তে আপনি গাদ্দাফির মতো বা অন্য কোনো ভয়ানক স্বৈরাচারী শাসক পাবেন। এটাই হলো সমস্যা। একবার আপনি ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে শিথিল করতে শুরু করলে আর কোন ব্রেক থাকে না। ভয়ংকর কর্তৃত্ববাদের দিকে পতন ঠেকাতে আর কিছুই অবশিষ্ট থাকে না।

​আমি এমন কিছু দেখতে চাই যা হবে প্রকৃত অর্থে আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র। যেখানে অতীতের মতো নির্বাহী ক্ষমতা কিছুটা বেশি থাকবে। খেয়াল করুন প্রগ্রেসিভ যুগ থেকে শুরু করে ১৯৬০-এর দশক পর্যন্ত মার্কিন সরকারগুলো কী করেছে! আমরা হুভার ড্যাম (Hoover Dam), টিভিসি (TVA), আন্তঃরাজ্য মহাসড়ক ব্যবস্থা নির্মাণ করেছি। মাত্র আট বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠিয়েছি। মার্কিন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে এই ধরনের কাজ করা অসম্ভব নয়। কিন্তু ১৯৭০-এর দশকের পর থেকে এ ধরনের কাজ আমরা আর খুব একটা করিনি।

​১০. শেষ প্রশ্ন এবং একটি ব্যক্তিগত প্রশ্ন। আমি জানি আপনি মোটরসাইকেলপ্রেমী। মোটরসাইকেল চালানোর কোন ব্যাপারটা আপনার ভালো লাগে? আর বাইক চালানোর জন্য সেরা জায়গাগুলো কোনগুলো?

​এসব স্রেফ আবেগ আর প্রাকটিকাল ব্যাপার। এটা বেশ উপভোগ করি। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে মোটরসাইকেল চালাতে দারুন লাগে। বিশেষ করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়। অন্য দিকটি অর্থনৈতিক। পালো আল্টোর যেকোনো জায়গায় আপনি মোটরসাইকেল পার্ক করতে পারবেন। কিন্তু ডাউনটাউনে গাড়ি পার্ক করা আসলেই কঠিন। কিন্তু আপাতত আমি বাইক না চালানোর প্রতিজ্ঞা করেছি। আমি অনেকগুলো দুর্ঘটনায় পড়েছি। এই বয়সে এসে আর কোন দুর্ঘটনায় পড়তে চাই না।

তরজমা করেছেন আসাদুল্লাহ আল মুনিব