মেন্যু
Menu

পাকিস্তান আন্দোলন এবং মাওলানা মওদুদী: একটি গবেষণা পর্যালোচনা

২৬ নভেম্বর, ২০২৬

সারসংক্ষেপ

সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী (১৯০৩-১৯৭৯) এক বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ ছিলেন। তিনি একাধারে একজন দার্শনিক, প্রচারক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ইসলামী রাজনৈতিক চিন্তা এবং আরও নানা বিষয়ে প্রচুর সাহিত্য রচনা করেছেন। তাঁর চিন্তা সারা বিশ্বের, বিশেষ করে উপমহাদেশ, মিশর, ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়া, তুরস্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর আফ্রিকার মানুষ ও আন্দোলনগুলোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁর কিছু চিন্তা তাঁর অনুসারী ও বিরোধীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছিল। তাঁর চিন্তার এমনই একটি ক্ষেত্র ছিল ১৯৪০-এর দশকে পাকিস্তান সৃষ্টির ধারণা সম্পর্কে তাঁর মতামত। দ্বি-জাতি তত্ত্বের একনিষ্ঠ সমর্থক হওয়া সত্ত্বেও তিনি All India Muslim League - এর পরিকল্পনাকে সমর্থন করেননি। তিনি ভারতীয় মুসলমানদের সাংবিধানিক সমস্যার সমাধানের জন্য বিকল্প উপায় উপস্থাপন করেছিলেন, তবে তাঁর দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বোঝা হয় নি। এ বিষয়ে তাঁর অনুসারীরা আত্মপক্ষ সমর্থনের পথ বেছে নেন। তারা অস্বীকার করেন যে, মওদুদী পাকিস্তানের ধারণার বিরোধিতা করেছিলেন। তাদের এই কথা অর্ধসত্য ছিল এবং এমনটি বলার মাধ্যমে তারা মওদুদীর বিকল্প প্রস্তাবগুলো ব্যাখ্যা করতে পারেননি। অন্যদিকে, মওদুদীর বিরোধীরা তাঁকে পাকিস্তানের ধারণার বিরোধী হিসেবে অভিহিত করেন এবং তাঁকে আবদুল গাফফার খান, দেওবন্দের উলামায়ে কেরাম, খাকসার ইত্যাদির মতো অন্যান্য বিরোধীদের সারিতে এনে দাঁড় করান। মওদুদী কি আসলেই ভারতের মুসলমানদের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র অর্জনের বিরোধিতা করেছিলেন? তাঁর All India Muslim League - এর পরিকল্পনার বিরোধিতার পেছনে কারণগুলো কী ছিল? ভারতীয় মুসলমানদের সাংবিধানিক সমস্যার সমাধানের জন্য তিনি কোন বিকল্প প্রস্তাবগুলো পেশ করেছিলেন? এই এবং এই ধরনের অনুরূপ প্রশ্নগুলোর উত্তর এই নিবন্ধে দেওয়া হয়েছে।

ভূমিকা

আমাদের সমাজে এটি একটি সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে, না জেনে-শুনে বা যাচাই না করেই লোকশ্রুত কথাগুলোকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়। যদি ইতিবাচক ও গবেষণামূলক উপায়ে এই ধরনের বিষয়গুলোর প্রতিকার করা না হয়, তবে ঐতিহাসিক বিভ্রান্তির জন্ম হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম বিষয়গুলোর সঠিক রূপ দেখতে পায় না। এই ধরনের কথার মধ্যে একটি হলো মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধী ছিলেন। এই বিষয়ে তাঁকে কংগ্রেস ও জমিয়ত উলামায়ে হিন্দের সাথে একই সারিতে দাঁড় করানো হয়। অথচ আসল সত্য হলো, মাওলানা মওদুদী পাকিস্তানের ধারণাকে তাত্ত্বিক খোরাক জুগিয়েছিলেন। বর্তমান নিবন্ধে এই অভিযোগের একটি একাডেমিক পর্যালোচনা করা হয়েছে এবং প্রামাণিক সূত্রের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি সামনে আনার চেষ্টা করা হয়েছে।

মজার ব্যাপার হলো, মুসলিম লীগ মাওলানা মওদুদীকে পাকিস্তান বিরোধিতার অভিযোগে অভিযুক্ত করেনি; অন্তত ভারতীয় মুসলিম লীগের দলিলাদিতে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। পাকিস্তান প্রতিষ্ঠার অনেক পরে আইয়ুব খানের সামরিক আইনের সময় এই অভিযোগ তোলা হয়। ঘটনা হলো, ১৯৬৪ সালে জেনারেল আইয়ুব খান জামায়াতে ইসলামী নিষিদ্ধ করে মাওলানা মওদুদী ও তাঁর সঙ্গীদের কারাবন্দী করেন। জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞার যে কারণগুলো দেখানো হয়েছিল, তার মধ্যে একটি ছিল এই দল পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। তবে জামায়াত এই নিষেধাজ্ঞার আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, যা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে ঘোষণা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয়। মনে রাখতে হবে যে, এই অভিযোগগুলোর মধ্যে পাকিস্তান বিরোধিতার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল, যা আদালতের রায়ের মাধ্যমে ভিত্তিহীন প্রমাণিত হয়।১ আদালতের আদেশের পর মাওলানা মওদুদী মুক্তি পান। তিনি (মওদুদী ) একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় শাসকদের উদ্দেশ করে বলেন যে, শাসকরা যদি আমাদের ওপর পাকিস্তান বিরোধিতার অভিযোগ করেন, তবে তার প্রমাণও পেশ করুন; যদি কোনো প্রমাণ না থাকে, তবে একটি মিথ্যাকে শতবার পুনরাবৃত্তি করলেই তা সত্য হয়ে যায় না।২

এখানে উল্লেখ্য যে, আলতাফ গওহর তাঁর একটি নিবন্ধে লিখেছেন যে, তিনি মাওলানা মওদুদী ও আইয়ুব খানের একটি সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন, যার পর আইয়ুব খান তাঁকে জানান যে, সরকারের কোনো সংস্থাই এমন কোনো প্রমাণ দিতে পারেনি যা থেকে বোঝা যায় যে, মাওলানার সাথে বিদেশি শক্তির কোনো সম্পর্ক রয়েছে বা তিনি কোনো ধরনের বিদেশি সাহায্য পান। ৩

আলতাফ গওহর সাহেবের মতে, মাওলানা মওদুদীর বিরোধীরা তিন ধরনের ছিলেন:

  1. শাসক শ্রেণি: যারা মাওলানা সাহেবকে নিজেদের জন্য বিশাল হুমকি মনে করত এবং প্রতিবাদ ও বিভ্রান্তির মাধ্যম হিসেবে বিবেচনা করত। তাদের দাবি ছিল যে মাওলানা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং এই বিষয়টি তাঁকে ক্ষমতালোভী ও সুযোগসন্ধানী করে তুলেছে।

  2. বামপন্থীরা: যারা মাওলানার চিন্তাধারাকে প্রতিক্রিয়াশীল বলে অভিহিত করে তাঁকে পুঁজিবাদী ও পশ্চিমা বিশ্বের এজেন্ট বলত। এই লোকেরা বারবার এই অভিযোগও তুলত যে মাওলানা মওদুদী কিছু বিদেশি শক্তির কাছ থেকে আর্থিক সহায়তা পান।

  3. কিছু ধর্মীয় ব্যক্তি ও গোষ্ঠী: যারা মাওলানার জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন তুলতেন এবং কোরআন ও সুন্নাহকে নিজের বোঝাপড়ার আলোকে ব্যাখ্যা করাকে আপত্তিকর বলে মনে করতেন।

ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে ভূমিকা

পাকিস্তান আন্দোলন যখন তুঙ্গে ছিল, তখন জামায়াতে ইসলামী একটি নবগঠিত দল ছিল, যা ১৯৪১ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তাই সামান্য কিছু সদস্য নিয়ে দলটি পাকিস্তান আন্দোলনে কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। তবে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার আগেই মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলনকে তাত্ত্বিক ও আদর্শগত খোরাক জুগিয়েছিলেন, যার স্বীকৃতি নামী-দামী ঐতিহাসিকরা দিয়েছেন। পাকিস্তান আন্দোলনের সবচেয়ে কঠিন সময় ছিল ১৯৩৭ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত প্রদেশগুলোতে কংগ্রেস সরকারের প্রতিষ্ঠা। এই সরকারগুলো হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং মুসলিম পরিচয় মুছে ফেলতে কোনো ত্রুটি রাখেনি। কংগ্রেস সরকারের নিপীড়নের বিরুদ্ধে যেমন পীরপুর কমিটি রিপোর্ট সামনে আসে, তেমনি মাওলানা মওদুদীও নিজের ভূমিকা পালন করেছিলেন। নাঈম সিদ্দিকী লিখেছেন যে মাওলানা মওদুদী এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন ছিলেন।

মাওলানা বলেন:

"১৯৩৭ সালে হায়দ্রাবাদ দকন থেকে দিল্লি যাওয়ার সুযোগ হয়েছিল। আমি দেখলাম যে ছয়টি প্রদেশে কংগ্রেস সরকার গঠিত হওয়ার ফলে মুসলমানরা পরাজয়বোধের কারণে তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমার জন্য এই সবকিছু সহ্য করার মতো ছিল না। যখন আমি হায়দ্রাবাদ দকন৪ ফিরে এলাম, তখন অনেক রাত ঘুমাতে পারিনি এবং এই পরিস্থিতির নিহিতার্থ নিয়ে ভেবেছি।"৫

মাওলানার এই দীর্ঘ চিন্তাভাবনার ফল এই দাঁড়াল যে, তিনি কংগ্রেসের ‘মুত্তাহিদা ক্বওমীয়াত’ (সম্মিলিত জাতীয়তাবাদ) তত্ত্বের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন। ড. ইশতিয়াক হুসাইন কোরেশী লিখেছেন যে মাওলানা এই সিদ্ধান্তে উপনীত হন যে, কংগ্রেস ও মুসলমানদের মধ্যে কোনো সাধারণ মিল বা সামঞ্জস্য নেই। ৬ শরিফ উদ্দিন পীরজাদা লিখেছেন:

"১৯৩৮-৩৯ সালে মাওলানা মওদুদী 'তরজুমানুল কোরআন'-এ ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ শুরু করেন। তিনি কংগ্রেসের ষড়যন্ত্রগুলো ফাঁস করে মুসলমানদের সতর্ক করেন। তিনি ভারতীয় উপমহাদেশের মুসলিম ইতিহাসের সমালোচনামূলক পর্যালোচনা করে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ মতবাদের তীব্র সমালোচনা করেন। মাওলানা বলেন যে, ভারতের প্রেক্ষাপটে কেবল সংখ্যাগত সংখ্যাগরিষ্ঠতার গণতন্ত্র দিয়ে সমস্যার সমাধান হবে না, কারণ সেভাবে হিন্দু ও মুসলমানদের অনুপাত ছিল ৪:১।" ৭

দ্বি-জাতি তত্ত্ব প্রচারের ক্ষেত্রে মাওলানা মওদুদীর ভূমিকা ছিল অত্যন্ত চমৎকার। তিনি হিন্দুদের ‘মুত্তাহিদা ক্বওমীয়াত’ (সম্মিলিত জাতীয়তাবাদ) তত্ত্ব প্রত্যাখ্যান করে একটি আলোড়ন সৃষ্টিকারী বই "ইসলামী কওমিয়াত কা হাকিকি মাফহুম" (ইসলামী জাতীয়তার প্রকৃত অর্থ) রচনা করেন। বলা হয় যে, ভারতীয় মুসলিম লীগ এই বইটি প্রচুর পরিমাণে প্রকাশ করে ভারতের কোণায় কোণায় বিতরণ করেছিল। ৮

একইভাবে কায়েদ-এ-আজম ও লিয়াকত আলী খানের ডানহাত এবং All India Muslim League - এর যুগ্ম সম্পাদক মাওলানা জাফর আহমদ আনসারীও 'মাসআলা কওমিয়াত' (জাতীয়তার সমস্যা) নামক বইটির প্রভাব ও কার্যকারিতাকে প্রশংসা করেছেন। তিনি লিখেছেন:

"এই বিষয়ে (দ্বি-জাতি তত্ত্বের ওপর) মাওলানা মওদুদী 'মাসআলা কওমিয়াত' শিরোনামে ধারাবাহিক প্রবন্ধ লেখেন, যা তার যুক্তির দৃঢ়তা ও প্রাঞ্জল ভাষার কারণে মুসলমানদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এবং খুব অল্প সময়ের মধ্যে মুসলমানদের মধ্যে দারুণ আলোচিত হতে থাকে। এই গুরুত্বপূর্ণ আলোচনার আঘাত গিয়ে পড়ে সম্মিলিত জাতীয়তার তত্ত্বের ওপর এবং মুসলমানদের স্বতন্ত্র জাতীয়তার অনুভূতি খুব দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে। জাতীয়তার সমস্যা নিয়ে এই আলোচনাটি কেবল একটি তাত্ত্বিক বিতর্ক ছিল না, বরং এর আঘাত কংগ্রেস ও জমিয়ত উলামায়ে হিন্দের সমগ্র অবস্থানের ওপর পড়ছিল। হিন্দুদের সবচেয়ে বিপজ্জনক চাল এটিই ছিল যে, যেকোনো উপায়ে মুসলমানদের মন থেকে তাদের স্বতন্ত্র জাতীয়তার অনুভূতি মুছে দিয়ে তাদের ধর্মীয় অস্তিত্বের শিকড়কে দুর্বল করে দেওয়া হোক। এমনকি মুসলিম লীগ নিজেও এই চেষ্টা চালিয়েছিল যে এই আলোচনার ধর্মীয় দিকটিকে যতটা সম্ভব ফুটিয়ে তোলা যায়, যাতে সাধারণ মানুষ কংগ্রেসের খেলা বুঝতে পারে এবং নিজেদের দ্বীন ও ইমানের দাবিগুলো পূরণের দিকে মনোযোগী হতে পারে।" ৯

আল্লামা ইকবাল, কায়েদ-এ-আজম এবং মাওলানা মওদুদী

পাকিস্তান আন্দোলনে আল্লামা ইকবাল ও কায়েদ-এ-আজম মুহাম্মদ আলী জিন্নাহর ভূমিকার কথা পুরো দুনিয়া স্বীকার করে। এই দুই নেতার সাথে মাওলানার সম্পর্কের মাধ্যমেও এই বিষয়টি স্পষ্ট হয় যে, মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতাদের খুব শ্রদ্ধা করতেন। আল্লামা ইকবাল মাওলানা মওদুদীর লেখালেখির ভূয়সী প্রশংসা করতেন। ১৯২৬ সালে হিন্দু চিন্তাবিদ স্বামী শ্রদ্ধানন্দ মুসলমানদের ইতিহাস এবং বিশেষ করে মহান রাসূল (সা.) সম্পর্কে অবমাননাকর ধারণা ছড়াতে শুরু করলে, এক জোরালো মুসলিম কাজী আবদুর রশীদ তাঁকে হত্যা করেন। এই ঘটনার পর হিন্দুরা জোরদার অপপ্রচার চালায় যে, ইসলাম তলোয়ারের জোরে ছড়িয়েছে। মাওলানা মওদুদী বর্ণনা করেন যে, মুসলমানরা এই অপপ্রচারে বেশ উদ্বিগ্ন ছিলেন। একদিন তিনি দিল্লির জামে মসজিদের একটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে মাওলানা মোহাম্মদ আলী জওহরও বক্তব্য রাখেন। মাওলানা জওহর এই ইচ্ছা প্রকাশ করেন যে, যদি কোনো মুসলমান এই অপপ্রচারের উপযুক্ত ও যুক্তিভিত্তিক জবাব দিত! ১০

২৩ বছর বয়সী মওদুদী—যিনি তখন 'আল-জামিয়া'-র সম্পাদক ছিলেন—সিদ্ধান্ত নেন যে তিনি এই কাজটি করবেন। ফলে তিনি 'আল-জামিয়া'-তে জিহাদ সম্পর্কিত প্রবন্ধ লিখতে শুরু করেন, যা পরবর্তীতে 'আল-জিহাদ ফিল ইসলাম' নামক একটি বইয়ে সংকলিত করা হয়। আল্লামা ইকবাল যখন এই বইটি পড়েন, তখন স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠেন:

"এটি জিহাদের ওপর একটি তুলনাহীন বই। এতে কোনো স্বার্থপরতা ছাড়াই এমন সাহসী যুক্তি রয়েছে, যা শুধু উর্দুতেই নয়, বরং অন্য কোনো ভাষাতেই নেই।" ১১

অন্য এক জায়গায় আল্লামা ইকবাল লিখেন যে, তিনি প্রতিটি জ্ঞানবান মুসলমানকে পরামর্শ দেবেন যেন সে এই বইটি অবশ্যই পড়ে। আল্লামা ইকবালের মনে একটি পরিকল্পনা ছিল, তিনি একটি কেন্দ্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে ইসলামের পুনর্জাগরণের জন্য লোক প্রস্তুত করা হবে। ১৯৩৭ সালে ইকবাল ও মাওলানা মওদুদীর সাক্ষাৎ হলে ইকবাল এই আকাঙ্খা ব্যক্ত করেন যে, মাওলানা হায়দ্রাবাদ ডেকান ছেড়ে যেন পাঞ্জাবে চলে আসেন, যাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। মাওলানা মওদুদী এতে সম্মতি জানান, ফলে পূর্ব পাঞ্জাবের পাঠানকোটে চৌধুরী নিয়াজ আলী খান জমি দান করেন, যার ওপর মাওলানা ১৯৩৮ সালে 'দারুল ইসলাম' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। দুর্ভাগ্যবশত সে বছরই ইকবালের ইন্তেকাল হয়, যার ফলে ‘দারুল ইসলাম’ বেশ ক্ষতির সম্মুখীন হয়। ভারত বিভক্তির সময় দাঙ্গা ছড়িয়ে পড়লে পূর্ব পাঞ্জাবও এর কবলে পড়ে, তাই মাওলানা মওদুদী ও ‘দারুল ইসলাম’- এর অন্যান্য বাসিন্দারা পাকিস্তানে হিজরত করতে বাধ্য হন।১২

কায়েদ-এ-আজম ও মাওলানা মওদুদীর মধ্যে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি, তবে উভয়ের মধ্যে পরোক্ষ যোগাযোগ ছিল। একইভাবে মুসলিম লীগের মহলের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও মাওলানা মওদুদীকে শ্রদ্ধা করতেন। ১৯৪০ সালে ‘পাকিস্তান প্রস্তাব’ পাসের পর মুসলিম লীগ একটি ইসলামিক সংবিধানের রূপরেখা তৈরি করার জন্য গুরুত্বের সাথে চিন্তা শুরু করে। ফলে ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসে ইউপি মুসলিম লীগ এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে, যাতে মাওলানা মওদুদীকে সদস্য হিসেবে নেওয়া হয়। এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাইয়্যেদ সুলাইমান নদভী, মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী প্রমুখ অন্তর্ভুক্ত ছিলেন। একটু চিন্তা করে দেখুন যে, মাওলানা যদি পাকিস্তান ধারণার বিরোধী হতেন, তবে কেন তাঁকে এত গুরুত্বপূর্ণ কমিটির আনুষ্ঠানিক সদস্য হিসেবে নির্বাচন করা হতো?১৩

কায়েদ-এ-আজমের সাথে সম্পর্কের কথা বলতে গেলে, ১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর মাওলানা জামায়াতের সাধারণ সম্পাদক কামরুদ্দিন খানকে কায়েদ-এ-আজমের কাছে পাঠান। উদ্দেশ্য ছিল যে মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। কামরুদ্দিন খান দিল্লিতে কায়েদ-এ-আজমের বাসভবন 'গুল রানা'-য় তাঁর সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিবরণ মালিক গোলাম আলী তাঁর ‘প্রফেসর মওদুদী কে সাথ সাথ ইসলামিয়া কলেজ সে যেইলদার পার্ক তাক’ নিবন্ধে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি লিখেন, কায়েদ-এ-আজম কামরুদ্দিন খানের সাথে অত্যন্ত আন্তরিকভাবে সাক্ষাৎ করেন এবং বলে যে, তিনি জামায়াতে ইসলামী ও মাওলানা মওদুদীর নাম শুনেছেন, যদিও জামায়াতের দৃষ্টিভঙ্গী সম্পর্কে তাঁর খুব বেশি জানাশোনা নেই। কায়েদ-এ-আজম তখন বলেন:

"যতদূর আমার ধারণা, মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর উদ্দেশ্যের মধ্যে খুব একটা পার্থক্য নেই, বরং তারা একে অপরকে সমর্থন করে; তবে পার্থক্য হলো যে আমি তাৎক্ষণিক লক্ষ্যের জন্য কাজ করছি, আর মাওলানা মওদুদী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সামনে রেখে কাজ করছেন।"১৪

বিখ্যাত ঐতিহাসিক ও বুদ্ধিজীবী ড. সফদর মাহমুদও তাঁর একটি লেখায় এই সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে কায়েদ-এ-আজম এ কথাও বলেছেন যে:

"আমি মসজিদের জন্য জমি চাই; যখন আমরা এই উদ্দেশ্যে জমি পেয়ে যাব, তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারব যে, মসজিদ কীভাবে নির্মাণ করতে হবে?" ১৫

কিছু লোক এই অভিযোগও করে যে মাওলানা মওদুদী কায়েদ-এ-আজমের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এবং তাঁকে অদ্ভুত উপাধিতে ভূষিত করেছেন। প্রথমত, যারা মাওলানা মওদুদীর লেখা ও বলার ধরণ সম্পর্কে ওয়াকিফহাল, তারা এই অভিযোগকে বাতিল বলে গণ্য করবেন; কারণ তিনি কখনো কোনো আলাপ-আলোচনায় বা লেখায় অশালীন ভাষা ব্যবহার করেননি। দ্বিতীয়ত, এই অভিযোগের কোনো প্রমাণ কারও কাছে নেই, বরং বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত। স্পষ্ট থাকে যে, ‘মজলিসে আহরার’- এর এক নেতা মাজার আলী আজহার তাঁর একটি কবিতায় কায়েদ-এ-আজমকে 'কাফির-এ-আজম' বলেছিলেন, যা যাচাই-বাছাই ছাড়াই মাওলানা মওদুদীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে।১৬

মাওলানা মওদুদী যখন কারাবন্দী ছিলেন, তখন লাহোরের 'চটান' পত্রিকার সম্পাদক শোরিশ কাশ্মীরী তাঁকে একটি চিঠি লেখেন, যাতে সেই অভিযোগগুলোর তালিকা অন্তর্ভুক্ত ছিল যা সময়ে সময়ে তাঁর ওপর আরোপ করা হতো। সেগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এই যে, মাওলানা কায়েদ-এ-আজমকে গালি দিয়েছেন। এই অভিযোগ দেখে মাওলানা মওদুদী বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। ১৯৫০ সালের ২৮ এপ্রিল শোরিশ কাশ্মীরীর চিঠির জবাব দিতে গিয়ে মাওলানা মওদুদী লেখেন:

"আপনি আমাকে যে জিজ্ঞেস করলেন যে, ‘আপনি কি পাকিস্তান ধ্বংসের নাশকতামূলক উদ্দেশ্যের প্রকাশ ঘটিয়েছেন এবং মরহুম কায়েদ-এ-আজমকে গালি দিয়েছেন?’–এতে আমি সত্যি কষ্ট পেয়েছি, কারণ আপনার কাছে আমার প্রত্যাশা অন্যরকম ছিল। প্রিয় ভাই! এখন কি এতটাই জঘন্যতম কোনো অপবাদও আপনার মর্যাদার এত নিচে নেমে যায়নি যে তা শুনে আপনি ‘সুবহানাকা হাজা বুহতানুন আযীম’১৭ বলে উঠতে পারেন এবং আমার কাছে এর সত্যতা যাচাই করার প্রয়োজন মনে না করতেন? আর যদি ধরে নেওয়া হয় যে, যাচাই করা সত্যিই জরুরি ছিল, তবে আমাকে জিজ্ঞেস করার কী প্রয়োজন ছিল? আমি তো কোনো অপরিচিত বা অখ্যাত মানুষ নই। কমবেশি ত্রিশ বছর ধরে জনজীবনে আছি। বছরের পর বছর সাংবাদিকতা করেছি। সতেরো-আঠারো বছর ধরে 'তরজুমানুল কোরআন' প্রকাশ করছি। বই ও পত্রিকার আকারে আমার লেখা হাজার হাজার পৃষ্ঠা বিদ্যমান রয়েছে, যা—অতিরঞ্জণ ছাড়াই বলা যায় —লাখ লাখ মানুষ পড়েছেন। পাকিস্তান ও ভারতে হাজার হাজার এমন মানুষ আছেন যারা নিজেদের কানে আমার বক্তব্য শুনেছেন। হাজার হাজার মানুষ ব্যক্তিগতভাবে আমাকে চেনেন। আমি তো খোদ লাহোর শহরে বছরের পর বছর বসবাস করেছি। আপনি কেন প্রকাশ্যে ঘোষণা দিলেন না যে, যে ব্যক্তি আবুল আ’লাকে একজন বদভাষী মানুষ হিসেবে চেনে, সে যেন তার সাক্ষ্য পেশ করে?" ১৮

মাওলানা মওদুদী ব্যক্তিগতভাবে কায়েদ-এ-আজমের যোগ্যতার স্বীকৃতি দিতেন এবং তাঁর প্রতি ভালো অনুভূতি পোষণ করতেন। এর প্রমাণ হলো 'তরজুমানুল কোরআন'-এর সেই সম্পাদকীয় যা কায়েদ-এ-আজমের ইন্তেকালে লেখা হয়েছিল। মাওলানা তাঁর মৃত্যুকে একটি বিশাল ট্র্যাজেডি বলে অভিহিত করে তাঁর ব্যক্তিত্বকে চমৎকার ভাষায় পেশ করে শ্রদ্ধাঞ্জলি জানান। ১৯

১৯৭৬ সালে 'নাওয়া-এ-ওয়াক্ত লাহোর'-এর মজিদ নেজামী মাওলানা মওদুদীকে চিঠি লিখে জানতে চান, কায়েদ-এ-আজম সম্পর্কে তিনি কী ধারণা রাখেন। মাওলানা মওদুদী জবাবে লেখেন:

"জ্ঞান হওয়ার পর থেকে আমি যখন জাতীয় রাজনীতিতে আগ্রহ নেওয়া শুরু করি, তখন মুসলমানদের যেসব নেতার প্রতি আমার অন্তরে সবচেয়ে বেশি শ্রদ্ধা ছিল, তাদের মধ্যে মরহুম কায়েদ-এ-আজমও একজন ছিলেন। আমি সবসময় তাঁকে নীতিবান, সৎ এবং দৃঢ় চরিত্র ও ব্যক্তিত্বের অধিকারী মানুষ হিসেবে মনে করেছি এবং ১৯২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কখনো আমার মনে তাঁর সম্পর্কে এই সন্দেহ জন্ম নেয়নি যে, তিনি নিজের বিবেকের বিরুদ্ধেও কোনো কথা বলতে পারেন। মতপার্থক্য তো বড় বড় মানুষের সাথেও হতে পারে, তাঁরা জীবিত হোক বা মৃত। এ ধরনের মতপার্থক্য যার সাথেই আমার হয়েছে, আমি তা দলিল ও শালীনতার সাথে প্রকাশ করেছি। কিন্তু এটিকে বিরোধিতার সমার্থক মনে করা এবং এই ধারণা করা যে, যার মতের সাথে আমি ভিন্নমত পোষণ করি তাকে আমি বদনিয়তের অধিকারী ও কপট মনে করি— এমনটি আসলে একটি ভিত্তিহীন কুধারণা। কায়েদ-এ-আজমের সম্পর্কে আমার কখনো এই সন্দেহ হয়নি যে, তিনি পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র বানানোর বিষয়ে আন্তরিক ছিলেন না; অবশ্য তাঁর দলীয় উত্তরসূরিদের সম্পর্কে আমার এই সন্দেহ অবশ্যই রয়েছে যে, তারা তাঁর নীতি অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক নন, আর এই সন্দেহ ওই সাহেবদের সেই কাজগুলোর ভিত্তিতে রয়েছে যা তারা ক্ষমতা অর্জনের পর থেকে করে আসছিল। তাদের সমালোচনা করার অর্থ কায়েদ-এ-আজমের সমালোচনা নয় এবং তাদের আন্তরিকতার অনুপস্থিতির অভিযোগ কায়েদ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।" ২০

ভুল বোঝাবুঝির কারণ

ঘটনা যদি এই হয় যে, মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং আল্লামা ইকবাল ও কায়েদ-এ-আজমকে তিনি ভীষণ শ্রদ্ধা করতেন, তবে কী কারণ যে মাওলানার ওপর পাকিস্তান বিরোধিতার তকমা লাগিয়ে দেওয়া হলো? সেটিও এমনভাবে করা হল যে, সাধারণ মানুষের একটি বড় অংশ এখনও এটাই মনে করে। এর তিনটি দিক রয়েছে:

  1. জেনারেল আইয়ুব খানের সরকারের সুসংগঠিত অপপ্রচার: এটি ১৯৬০-এর দশকে হয়েছিল যখন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। বেসরকারি সংবাদপত্র, টিভি ও রেডিও ছিল না বললেই চলে। সামরিক আইনের জবরদস্তি ছিল, তাই সরকারি সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতার জোরে পরিচালিত প্রচারণা এতদূর পর্যন্ত সফল প্রমাণিত হয় যে, সত্যের চেয়ে মিথ্যা তার কাজ আগে করে দেখায়।

  2. মুসলিম লীগের সংগ্রামের ওপর সমালোচনা: পাকিস্তান আন্দোলনের সময় মাওলানা মুসলিম লীগের সংগ্রামের ওপর সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ করেছিলেন, যাকে কিছু মুসলিম লীগপন্থী ও কিছু অ-মুসলিম লীগপন্থী উপাদান পাকিস্তান বিরোধিতা বলে অভিহিত করে। অল ইন্ডিয়া মুসলিম লীগের সাথে মাওলানা মওদুদীর নীতিগত মতপার্থক্য নিচের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে ছিল:

  1. (ক) যদি আমাদের উদ্দেশ্য একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তবে এটি জরুরি যে আমরা জাতিকে এই উদ্দেশ্য অর্জনের জন্য নৈতিক দিক থেকেও প্রস্তুত করি। কেবল রাজনৈতিক লড়াই এর জন্য যথেষ্ট নয়; এর জন্য জ্ঞানগত, জাতীয়, নৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক—সংক্ষেপে প্রতিটি ক্ষেত্রে কাজ করতে হবে। এটি ছাড়া এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব নয়।

  2. (খ) আন্দোলনের সার্বিক এবং এর প্রতিটি ক্ষেত্র ও স্তরের নেতৃত্ব নির্বাচনে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। সমাজতান্ত্রিক, নাস্তিক, ধর্মহীন এবং জমিদারদের সবাইকে না ভেবেচিন্তে একত্রে জড়ো করলে যে গোষ্ঠী দাঁড়িয়ে যায়, তা কখনোই জাতিকে সঠিক দিকে পরিচালিত করতে পারে না। তারা একে অপরের গলা কাটতে এবং নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যে জাতিকে ব্যবহার করার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত আন্দোলনের আসল লক্ষ্য-উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।

  3. (গ) মুসলমানদের অবস্থান কোনো জাতিগত বা বর্ণগত দলের নয়, বরং একটি আদর্শিক এবং দাওয়াতী দলের, এবং তারা এই অবস্থান বজায় রেখে এবং এর কার্যপদ্ধতি অনুযায়ী কাজ করেই নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। ২১

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ : মাওলানা ভারতীয় মুসলমানদের সমস্যার সমাধানের জন্য তিনটি প্রস্তাব বা রূপরেখা পেশ করেছিলেন, যা শেষ পর্যন্ত স্বাধীন মুসলিম রাষ্ট্রে পর্যবসিত হলেও এই প্রস্তাবগুলো বোঝার চেষ্টা করা হয়নি এবং সেগুলোকে ভারত বিভাগের নীতি থেকে বিচ্যুতি হিসেবে ধরে নেওয়া হয়েছিল। এই প্রস্তাব বা রূপরেখাগুলোর সংক্ষিপ্ত আলোচনা নিচে দেওয়া হলো:

প্রথম রূপরেখা (জাতিসমূহের ফেডারেশন - Federation of Nations)

মাওলানা যে প্রথম রূপরেখাটি প্রস্তাব করেছিলেন, সেটাকে ‘জাতিসমূহের ফেডারেশন’ নামে আখ্যায়িত করা হয় এবং এর মূল পয়েন্টগুলো নিম্নরূপ:

  1. এই স্কিম বাস্তবায়িত হলে ভারত চুক্তিবদ্ধ একাধিক জাতির রাষ্ট্রে পরিণত হবে (Cultural State of Federating Nations)।

  2. এর অন্তর্ভুক্ত জাতিগুলো সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের (Cultural Autonomy) অধিকারী হবে, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট পরিসরে নিজস্ব কর্তৃত্ব চর্চা করতে পারবে।

  3. শাসনব্যবস্থায় চুক্তিবদ্ধ জাতিগুলো সমান অংশগ্রহণের (Equal Participation) অধিকারী হবে।

  4. সমস্ত জাতি সার্বভৌম (Sovereign) হবে।

  5. প্রতিটি জাতি তাদের জীবনযাত্রার ধরণ অর্থাৎ বিশ্বাস, উপাসনালয়ের দেখভাল, পারিবারিক আইন, সামাজিক সমস্যা (উত্তরাধিকার, বিবাহ ইত্যাদি) বিষয়ে স্বায়ত্তশাসনের অধিকারী হবে।

  6. জাতিগুলোর নিজ নিজ বিচারব্যবস্থা থাকবে, পাশাপাশি একটি কেন্দ্রীয় বা ফেডারেল আদালতও প্রতিষ্ঠা করা হবে। ২২

ওপরের পয়েন্টগুলো ছাড়াও মাওলানা ফেডারেশন স্তরে প্রতিষ্ঠিত বিভাগগুলোতে চুক্তিবদ্ধ জাতিগুলোর অংশ, আইনপরিষদ, নির্বাচন পদ্ধতি এবং গণভোট সম্পর্কে বিস্তারিত লিখেছেন। বাহ্যত এই স্কিমটি অদ্ভুত ও জটিল মনে হয়, তবে এর পক্ষে মাওলানা যে যুক্তিগুলো দিয়েছেন তা বেশ ভারী। তিনি বলেন, এই পয়েন্টে তো মুসলমানদের মধ্যে ঐকমত্য রয়েছে যে ভারতের জন্য এককেন্দ্রিক (Unitary)-র চেয়ে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বেশি উপযোগী। দ্বিতীয়ত, বিভিন্ন আঞ্চলিক একক নিয়ে ফেডারেশন প্রতিষ্ঠার সাধারণত এই যুক্তি দেখানো হয় যে, যেহেতু এসব এককের ধর্ম, জাতি, ভাষা ইত্যাদি ভিন্ন, তাই তাদের ফেডারেল ব্যবস্থার সুতোয় গেঁথে রাখা উচিত। মাওলানা বলেন যে, একই যুক্তি আবার জাতিসমূহের ফেডারেশনের জন্যও পেশ করা যেতে পারে, কারণ ভারতের জাতিগুলোও জাত, ধর্ম ও ভাষার দিক থেকে একে অপরের থেকে ভিন্ন। ২৩

দ্বিতীয় রূপরেখা (ভৌগোলিক সীমানা নির্ধারণ এবং পৃথক পৃথক রাষ্ট্র)

দ্বিতীয় রূপরেখা সংবলিত প্রস্তাবটি বেশ চিত্তাকর্ষক ছিল। মাওলানা মওদুদী মত দেন যে, ভারতে মুসলমান, দলিত এবং শিখরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সেখানে ভৌগোলিক সীমানা নির্ধারণ করে তাদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র (ফেডারেল একক) প্রতিষ্ঠা করা উচিত। এরপর এই রাষ্ট্রগুলো নিয়ে একটি ফেডারেশন গঠিত হোক। তদুপরি সমস্ত জাতিকে এই অধিকার দেওয়া হোক যে, তারা ২৫ বছরের মধ্যে চাইলে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার রাষ্ট্রে স্থানান্তরিত হতে পারে। তিনি প্রস্তাব দেন, এই রাষ্ট্রগুলোকে পূর্ণ অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন দেওয়া হোক। এটা স্পষ্ট যে, মাওলানার এই প্রস্তাবের সাথে মিল রয়েছে এমন প্রস্তাব অন্যান্য ব্যক্তিও দিয়েছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ড. আবদুল লতিফ। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে একটি গবেষণাপত্র প্রকাশ করেন যাতে প্রস্তাব করা হয়, পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান নিয়ে মুসলমানদের একটি একক অঞ্চল তৈরি করা হোক এবং মুসলমানদের এই অধিকার দেওয়া হোক যে, তারা ২৫ বছরের মধ্যে এই এককের দিকে জনসংখ্যা স্থানান্তর করবে। ড. আবদুল লতিফ দাবি জানান যে মুসলমানদের পাশাপাশি এই অধিকার দলিত ও শিখদেরও দেওয়া হোক।২৪

তৃতীয় রূপরেখা (কনফেডারেশনের প্রস্তাব)

তৃতীয় ও শেষ প্রস্তাব মাওলানা মওদুদী এই দেন যে, মুসলমান ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো নিয়ে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হোক। এরপর এই দুটির সমন্বয়ে একটি কনফেডারেশন প্রতিষ্ঠা করা হোক এবং কেন্দ্রে নির্দিষ্ট উদ্দেশ্য তথা প্রতিরক্ষা, যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে একে অপরের সাথে সহযোগিতা করা হোক। ২৫

ওপরের তিনটি প্রস্তাবের শেষে মাওলানা মওদুদী স্পষ্ট করে বলেন যে এগুলো চূড়ান্ত নয়, যদি কোনো ব্যক্তি চতুর্থ বা পঞ্চম রূপরেখা পেশ করে, তবে সেগুলোর ওপরও আলোচনা হতে পারে। ওপরের তিনটি রূপরেখাই সেই সমাধান থেকে ভিন্ন ছিল যা All India Muslim League পেশ করেছিল।

পাকিস্তান প্রতিষ্ঠার পর মাওলানা মওদুদী ও তাঁর দলের কর্মপদ্ধতি

যেহেতু জামায়াতে ইসলামীর মতপার্থক্য All India Muslim League - এর কার্যপদ্ধতির সাথে ছিল, পাকিস্তান অর্জনের সাথে নয়, তাই যখন পাকিস্তানের প্রতিষ্ঠা বাস্তবে রূপ নিল, তখন জামায়াতে ইসলামী নিজেদের দ্বিধা সত্ত্বেও এটিকে সমর্থন করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে। ১৯৪৭ সালের মে মাসে ভারত বিভাগের পর্যায়টি যখনো আসেনি, তখন এই বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ‘মজলিসে শূরা’-র বৈঠক হয় যে পাকিস্তান গঠিত হলে দলের কর্মপন্থা কী হবে? ভারতের কিছু অঞ্চলের সাথে সম্পৃক্ত সদস্যদের চিন্তা ছিল এই যে, জামায়াতে ইসলামীর কেন্দ্র ভারতেই রাখা হোক। কিন্তু মাওলানা মওদুদী এই প্রস্তাব গ্রহণ করেননি এবং বলেন, ভারত যেহেতু বিভক্ত হয়েই গেছে, তাই জামায়াতে ইসলামীর কেন্দ্র পাকিস্তানেই হবে। পরিশেষে মজলিসে শূরা মাওলানা মওদুদীর প্রস্তাব অনুমোদন করে। শূরার সদস্যদের ধারণা ছিল, পাকিস্তানকে তো এই উদ্দেশ্যেই বানানো হয়েছে যে, এখানে আমাদের একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যও এটিই ছিল। তাই একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট সম্ভাবনা পাকিস্তানেই থাকতে পারে, ভারতে নয়। ২৬

এরপর বিভিন্ন সময়ে মাওলানা মওদুদী ও তাঁর দল পাকিস্তানের প্রতি আনুগত্যের প্রমাণ দিয়েছে এবং এর স্থিতিশীলতার জন্য কাজ করেছে। উদাহরণস্বরূপ ভারত বিভক্তি পরিকল্পনার অধীনে ১৯৪৭ সালের জুলাই মাসে সীমান্ত প্রদেশে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়া হয়, যার মাধ্যমে সেখানকার জনগণের কাছে জানতে চাওয়া হয়, তারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাকি ভারতের সাথে? এই বিষয়ে যখন মাওলানা মওদুদীকে জিজ্ঞেস করা হয় যে তিনি গণভোটে কার সমর্থন করবেন, তখন তিনি বলেন:

"আমি যদি সীমান্ত প্রদেশের বাসিন্দা হতাম, তবে গণভোটে আমার ভোট পাকিস্তানের পক্ষেই যেত, কারণ যখন ভারতের বিভক্তি হিন্দু ও মুসলিম জাতীয়তার ভিত্তিতে হচ্ছে, তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে এই এলাকাকে এই বিভাজনে মুসলিম জাতীয়তার এলাকার সাথেই যুক্ত করা উচিত।" ২৭

দ্বিতীয় উদাহরণ হলো, পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই সরকার মাওলানা মওদুদীকে রেডিও পাকিস্তান থেকে ধারাবাহিক বক্তৃতা শুরু করার আমন্ত্রণ জানায়, যা তিনি গ্রহণ করেন। তিনি তাঁর বক্তৃতায় ইসলামিক সরকারের বিভিন্ন বিবরণ অত্যন্ত স্পষ্টতার সাথে তুলে ধরেন। যেকোনো সচেতন ব্যক্তির মনেই এই প্রশ্ন জাগবে যে, মাওলানা মওদুদী যদি পাকিস্তানের বিরোধী হতেন, তবে তাঁকে সরকারি সম্প্রচার মাধ্যম থেকে বক্তৃতা শুরু করার আমন্ত্রণ কেন জানানো হলো? ২৮

শেষ কথা

এই নিবন্ধে পাকিস্তান আন্দোলনের প্রেক্ষাপটে মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদীর প্রকৃত অবস্থান স্পষ্ট করা হয়েছে, যা থেকে জানা যায় যে, তিনি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা তো করেননি, তবে অল ইন্ডিয়া মুসলিম লীগের বয়ানের সাথে নিঃসন্দেহে দ্বিমত পোষণ করেন। গত পৃষ্ঠাগুলোতে বর্ণিত দ্বি-জাতি তত্ত্বের পক্ষে মাওলানার তাত্ত্বিক প্রচেষ্টা, আল্লামা ইকবাল ও কায়েদ-এ-আজমের সাথে সম্পর্ক, ১৯৪০ সালে সাংবিধানিক রূপরেখার জন্য মুসলিম লীগ কমিটিতে ভূমিকাসহ ইত্যাদি বাস্তবতার আলোকে এই অভিযোগের কোনো ভিত্তি থাকে না যে, তিনি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। আর তাঁর প্রস্তাবিত তিনটি পারস্পরিক বিকল্প রূপরেখার প্রসঙ্গে বলা যায়, আপাতদৃষ্টিতে সেগুলো স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করার জন্যই ছিল। পাকিস্তান সম্পর্কে মাওলানা মওদুদীকে সবসময় প্রশ্ন করা হয়েছে, তিনি সর্বদা যেগুলোর অকাট্য ও স্পষ্ট জবাব দিয়েছেন। এখানে প্রমাণ হিসেবে দৈনিক 'মাশরিক' লাহোরের প্রতিনিধি রিয়াজ বাটালভির সাক্ষাৎকারের কথা উল্লেখ করা উপযুক্ত হবে, যা ১৯৭০ সালের ১ ফেব্রুয়ারি একই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাটালভি সাহেব যখন পাকিস্তান বিরোধিতার অভিযোগে মাওলানার মতামত জানতে চান, তখন তিনি জবাব দেন:

"আমি কখনো পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করিনি, তবে এটি সত্য যে, আমি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের কোনো কার্যক্রমে অংশ নিইনি এবং কখনো এর দাবিও করিনি। সে সময় আমার সামনে সবচেয়ে বড় কাজ ছিল মুসলমানদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করা এবং এর ওপরই আমার মনোযোগ নিবদ্ধ ছিল। এর পাশাপাশি আমি মুসলমানদের কংগ্রেসের গণসংযোগ আন্দোলন ও মুত্তাহিদা ক্বওমিয়াতের (যৌথ জাতীয়তা) স্লোগান থেকে রক্ষা করার জন্য পূর্ণ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে গেছি। আমি এই ধারণাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছিলাম যে, ভারত বিভক্তি ছাড়া মুসলমানদের মুক্তির আর কোনো পথ থাকবে না; তাই আমি আমার 'সিয়াসি কাশমকাশ' (রাজনৈতিক দ্বন্দ্ব) গ্রন্থের দ্বিতীয় খণ্ডে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।" ২৭


প্রবন্ধটি তরজমা করা হয়েছে পাকিস্তান-দ্বি-বার্ষিক গবেষণা পত্রিকা, খণ্ড নং ৫৬, জানুয়ারি-জুন ২০২০ থেকে। তরজমা করেছেন সাইফা খান।

তথ্যসূত্র

১. নাঈম সিদ্দিকী, "আল-মওদুদী", ইদারা মাআরিফ ইসলামিয়া, লাহোর, ১৯৮৬, পৃষ্ঠা ২৬৩; ہفت روزه ایشیاء (সাপ্তাহিক এশিয়া), প্রাগুক্ত, পৃষ্ঠা ২৬-২৭

২. ہفت روزه ایشیاء لاہور, ডিসেম্বর ১৯৮৮, পৃষ্ঠা ২৭

৩. খলিল আহমদ হামীদী, "তাজকিরাহ সাইয়্যেদ মওদুদী", ইদারা মাআরিফ ইসলামিয়া, লাহোর, ১৯৮৬, পৃষ্ঠা ৮৪

৪. "হায়দ্রাবাদ দকন" বলতে কোনো রেলওয়ে স্টেশন নয়, বরং তৎকালীন ভারতের অন্যতম বৃহত্তম এবং সমৃদ্ধশালী মুসলিম শাসিত স্বাধীন দেশীয় রাজ্য 'হায়দরাবাদ নিজাম রাজ্য'-কে বোঝানো হয়েছে, যা তৎকালীন মুসলিম বুদ্ধিজীবী ও রাজনীতিকদের একটি বড় কেন্দ্র ছিল।

৫. খলিল আহমদ হামীদী, "তাজকিরাহ সাইয়্যেদ মওদুদী", ইদারা মাআরিফ ইসলামিয়া, লাহোর, ১৯৮৬, পৃষ্ঠা ৮৪

৬. মুজিবুর রহমান শামী, "এক সখ, এক কারওয়ান", কওমি পাবলিশার্স, লাহোর, ১৯৮০, পৃষ্ঠা ৩৪০

৭. শরীফ উদ্দিন পীরজাদা; এবং দৈনিক জেসারত, করাচি, ২৬ আগস্ট ১৯৮৮

৮. মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী, "আল-জিহাদ ফিল ইসলাম", ইদারা তারজুমানুল কোরআন, পৃষ্ঠা ১৪

৯. সাপ্তাহিক আইন, লাহোর, ১৫ নভেম্বর ১৯৮৮, ওমর হায়াত ঘোরী, "আল্লামা ইকবাল সে মাওলানা মওদুদী তক", পৃষ্ঠা ২৭ থেকে ৩০

১০. দৈনিক জেসারত, প্রাগুক্ত

১১. মুজিবুর রহমান শামী, প্রাগুক্ত, পৃষ্ঠা ৭৯

১২. দৈনিক জং, রাওয়ালপিন্ডি, "মসজিদ" শিরোনাম, অক্টোবর ২০১৪

১৩. মনসুর খালিদ, মিয়া তোফায়েল মোহাম্মদ থেকে সাক্ষাৎকার, নভেম্বর ২০০০, লাহোর

১৪. মালিক গোলাম আলী, "প্রফেসর মওদুদীর সাথে সাথে...", মাকাতীব-এ-জিন্দান, ইদারা মাআরিফ ইসলামিয়া, মনসুরআবাদ, লাহোর, ১৯৮৩, পৃষ্ঠা ১২৪

১৫. সফদর মাহমুদ, দৈনিক জং, প্রাগুক্ত

১৬. হাকিম মোহাম্মদ শরীফ, "মুসলিম বাজার", লাহোর, ১৯৮৫, পৃষ্ঠা ৩

১৭. আসাদ গিলানি, "তারিক জামায়াতে ইসলামী", আল-মানার বুক সেন্টার, লাহোর, ১৯৮২, পৃষ্ঠা ৩৪০; এবং গীলানি, "ইকবাল, কায়েদ-এ-আজম, মওদুদী অউর তাশकील-এ-পাকিস্তান", ইউনিভার্সাল বুকস উর্দু, লাহোর, ১৯৮৭, পৃষ্ঠা ১৬৬

১৮. "পবিত্র মহান আপনি! এটি তো এক মহা অপবাদ।"

(সুরা আন-নূর, আয়াত: ১৬)

প্রেক্ষাপট:

কুরআনের নূর সূরায় ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া অত্যন্ত সংবেদনশীল ঘটনা 'ইফকের ঘটনা' (হযরত আয়েশা রা.-এর বিরুদ্ধে মুনাফিকদের অপবাদের মিথ্যা ঘটনা) প্রসঙ্গে এই আয়াতটি অবতীর্ণ হয়। যখন মুমিনগণ এই কুৎসিত ও ভিত্তিহীন অপবাদের কথা শুনেছিলেন, তখন ঈমান ও সততার তাড়নায় তাদের মুখ থেকে তৎক্ষণাৎ এই পবিত্র উচ্চারণই বেরিয়ে এসেছিল যে, এটি একটি ডাহা মিথ্যা ও মহা অপবাদ।

১৯. তোফায়েল মোহাম্মদ, "মুশাহাদাত: মাওলানা মওদুদী, জামায়াতে ইসলামী অউর পাকিস্তান", ইদারা মাআরিফ ইসলামিয়া, মনসুরআবাদ, লাহোর, ২০১২, পৃষ্ঠা ১৩০ থেকে ১৩১

২০. সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী, "তারিক-এ-আজাদি হিন্দ অউর মুসলমান", ইসলামিক পাবলিকেশন্স, লাহোর, ২০০৫, পৃষ্ঠা ৪৮৫ থেকে ৪৯৭

২০. প্রাগুক্ত, পৃষ্ঠা ৪৮৬

২১. প্রাগুক্ত, পৃষ্ঠা ৪৮৬

২২. প্রাগুক্ত, পৃষ্ঠা ৪৯২

২৩. আবু তারিক, "মাওলানা মওদুদীর সাক্ষাৎকার, প্রথম খণ্ড", ইসলামিক পাবলিকেশন্স, লাহোর, ১৯৮৩, পৃষ্ঠা ৪৫৬-৪৫৭

২৪. মিয়া তোফায়েল মোহাম্মদ, "মুশাহাদাত", পৃষ্ঠা ১৪৪

২৫. ত্রিসাপ্তাহিক কাওসার, ৫ জানুয়ারি ১৯৪৭, এবং দেখুন: জাস্টিস মালিক গোলাম আলী, "রাসাইল ও মাসায়েল (মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী)", প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৬৩

২৬. সফদর মাহমুদ, দৈনিক জং, ৩১ অক্টোবর ২০১৪

২৭. দৈনিক মাশরিক, লাহোর, ১ ফেব্রুয়ারি ১৯৭০