মেন্যু
Menu

ai and consciousness by weinberger

২৬ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা ও চেতনার কখনোই কি মিলন ঘটবে না?

লেখক: ডেভিড ওয়াইনবার্গার

ফাংশনালিজম নামের একটা দার্শনিক মতবাদ বলছে, কোনো কিছুর চেতনা নির্ভর করে তা কী দিয়ে তৈরি তার ওপর নয়। বরং সেটা কীভাবে কাজ করে তার ওপর। সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে সেটা কথোপকথন চালাতে পারে, যুক্তি দিতে পারে, স্মৃতি ধরে রাখতে পারে, নিজের মত পরিবর্তন করতে পারে, কৌতূহল ও আবেগ প্রকাশ করতে পারে এবং এ ধরনের অন্যান্য কাজ করতে পারে, তাহলে সেটা রক্ত-মাংস, সিলিকন নাকি লেগো ব্লক দিয়ে তৈরি, তা আর গুরুত্বপূর্ণ থাকে না। এমনকি কেউ কেউ মনে করেন, এ ধরনের কোনো সত্তার চেতনা অস্বীকার করা হবে একধরনের নতুন সংকীর্ণ মানসিকতার প্রকাশ।

তবে আমি কিছুটা ঝুঁকি নিয়েই বলতে চাই, কয়েকটা এআই কোম্পানির শীর্ষস্থানীয় ব্যক্তিরা যা-ই দাবি করুক না কেন, আমি যেসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) সঙ্গে কথা বলি, সেগুলোর যে চেতনা নেই, সে বিষয়ে আমি নিশ্চিত। তবে এই নিশ্চয়তার পেছনে কোনো অভিজ্ঞতালব্ধ বা পরীক্ষামূলক প্রমাণ নেই। বরং আমার মনে হয়, চেতনা বলতে আমরা যা বুঝি, ধারণাটা নিজেই যথেষ্ট সুস্পষ্ট নয়।

আমার চিন্তার সূত্রপাত জন সার্ল (১৯৩২–২০২৫) নামের একজন দার্শনিকের প্রস্তাবিত বিখ্যাত এক চিন্তা-পরীক্ষা (Thought Experiment) থেকে। এর নাম 'চাইনিজ রুম' (Chinese Room) এক্সপেরিমেন্ট। ১৯৮০ সালে সার্ল আমাদের এমন এক পরিস্থিতি কল্পনা করতে বলেন: আমরা একটা ঘরের ভেতরে বন্দি, যেখানে ছোট একটা ছিদ্র ছাড়া বাইরে যাওয়ার বা ভেতরে কিছু প্রবেশ করানোর আর কোনো পথ নেই। ঘরের ভেতরে আছে ইংরেজিতে লেখা কিছু নির্দেশনা এবং একটা বিশাল বই। বইটাতে বিভিন্ন চিহ্নের সঙ্গে অন্য চিহ্নের সম্পর্ক দেখানো আছে। নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা সহজেই একটা চিহ্নের বিপরীতে কোন চিহ্ন বসাতে হবে, তা বের করতে পারি।

এবার ঘরের ছিদ্র দিয়ে চীনা ভাষায় লেখা একটা চিরকুট ভেতরে পাঠানো হলো। আমরা চীনা ভাষা জানি না, এমনকি চীনা অক্ষরগুলো যে একটা ভাষার অংশ, সেটাও বুঝতে পারি না। তবু নির্দেশনা মেনে বইয়ের সাহায্যে চিরকুটের চিহ্নগুলো মিলিয়ে দেখি। এরপর বইয়ে দেওয়া নিয়ম অনুযায়ী নতুন কিছু চিহ্ন লিখে সেগুলো আবার ছিদ্র দিয়ে বাইরে পাঠিয়ে দিই।

আমাদের পাঠানো উত্তরগুলো এমনভাবে সাজানো যে, ঘরের বাইরে থাকা চীনা ভাষাভাষীরা মনে করবেন, তাঁরা এমন একজনের সঙ্গে অর্থবহ কথোপকথন করছেন, যিনি চীনা ভাষা বোঝেন। অথচ বাস্তবে আমরা কিছুই বুঝতে পারছি না। কেবল কাগজের ওপর থাকা কিছু অদ্ভুত চিহ্নের সঙ্গে অন্য কিছু চিহ্নের মিল খুঁজে সেগুলো আদান-প্রদান করছি। চিহ্নগুলোর কোনোটিরই আমাদের কাছে কোনো অর্থ নেই।

সার্লের মতে, দেখতে যতই সচেতন মনে হোক না কেন, কম্পিউটার ঠিক এ কাজটিই করে। অর্থাৎ, প্রতীকগুলোর অর্থ কী, এমনকি সেগুলো যে প্রতীক, সে সম্পর্কেও কোনো সচেতনতা ছাড়াই সেগুলো নিয়ে কাজ করে। চাইনিজ রুমের চিন্তা-পরীক্ষা দেখায়, কেবল প্রতীক নিয়ে কাজ করলেই চেতনার সৃষ্টি হয় না। কারণ, কোনো প্রতীকের অর্থ তার নিজের মধ্যে নিহিত নয়; বরং প্রতীকের বাইরের কোনো সচেতন সত্তা তাকে অর্থবহ করে তুলে। সার্লের ভাষায়, প্রতীকের অর্থ তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য নয়, বরং বহিরারোপিত (Extrinsic)। অর্থাৎ, প্রতীকের বাইরে থাকা কোনো চেতনাকেই তার ওপর অর্থ আরোপ করতে হয়।

অন্যদিকে, মানুষের চেতনা সম্পূর্ণ ভিন্ন। গরম হাঁড়ির হাতল ধরে হাত পুড়ে গেলে, কলায় কামড় দিয়ে তার স্বাদ পেলে কিংবা হাঁটার সময় ডান পায়ের সামনে বাঁ পা ফেললে, এসব অভিজ্ঞতাকে আলাদাভাবে ব্যথা, কলার স্বাদ কিংবা হাঁটার অনুভূতি হিসেবে অনুবাদ করতে হয় না। আমাদের মস্তিষ্ক একটা জলজ্যান্ত দেহের অংশ। এই দেহ সরাসরি ব্যথা অনুভব করে, খাবারের স্বাদ গ্রহণ করে এবং পায়ের দিকে না তাকিয়েই হাঁটতে জানে। এখানে কোনো প্রতীকের প্রয়োজন নেই, কোনো অনুবাদেরও দরকার নেই। সার্লের ভাষায়, এর অর্থ হলো চেতনা অন্তর্নিহিত (Intrinsic)। অর্থাৎ, চেতনার অর্থ নির্ধারণের জন্য অন্য কোনো চেতনার প্রয়োজন হয় না।

কিন্তু চেতনার এই অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উৎস কোথায়? সার্ল এ প্রশ্নের উত্তর দেন না।

সার্লের প্রায় অর্ধশতাব্দী আগেই মার্টিন হাইডেগার (১৮৮৯–১৯৭৬) এ বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ১৯২৭ সালে প্রকাশিত তাঁর কালজয়ী গ্রন্থ Being and Time-এ তিনি দুনিয়াকে বোঝার চেষ্টা করেছেন আমরা যেভাবে তার ব্যাখ্যা দিই, সেভাবে নয়; বরং দৈনন্দিন জীবনে আমরা যেভাবে দুনিয়াকে অনুভব করি, সেভাবে। তাঁর পর্যবেক্ষণ ছিল, আশ্চর্যজনকভাবে দুনিয়া সম্পর্কে আমাদের বোঝাপড়ার সঙ্গে দুনিয়াকে অনুভব করার অভিজ্ঞতার কোনো মিল থাকে না।

হাইডেগার খেয়াল করেন, দৈনন্দিন জীবনে কোনো কিছু সাধারণত আমাদের সামনে ধরা দেয় আমরা তখন যে কাজ বা লক্ষ্য নিয়ে ব্যস্ত, তার প্রেক্ষাপটে। যেমন, পান করার জন্য হাতের কাছে কোনো গ্লাস না থাকলে একটা খালি কাঁচের বয়ামকেও গ্লাসের বিকল্প মনে হতে পারে। আবার অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটিকেই সাময়িক ফুলদানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, আমরা একই সঙ্গে দুটি দিক থেকে পৃথিবীকে উপলব্ধি করি: আমাদের নিজস্ব উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য পূরণে কোনো বস্তুর সম্ভাব্য ব্যবহার। এই দুইয়ের মধ্য দিয়েই আমরা পৃথিবীকে দেখি—নির্দিষ্ট সময়ে ও পরিস্থিতিতে আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ, তার ভিত্তিতে।

কিন্তু কোনো কিছু আদৌ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন?

হাইডেগার এই চক্রের মূলে স্থাপন করেন আমাদের মৃত্যুর অনিবার্যতার উপলব্ধিকে। আমরা জানি, একদিন আমাদের মৃত্যু হবে—সেটা হয়তো আজই। আর এই উপলব্ধি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আবারও প্রশ্ন আসে, কেন? যদিও হাইডেগার এ বিষয়ে সরাসরি আলোচনা করেননি, আমার মনে হয়, তাঁর চিন্তাকে আরও বিস্তৃত করে বলা যায়, এর মূলে রয়েছে আমাদের দেহধারী সত্তা হিসেবে অস্তিত্ব (Embodiment)। এখানেই এই চক্রের সমাপ্তি ঘটে। কারণ, যত্নবোধ বা দরদ (Care) আমাদের দেহেরই অন্তর্নিহিত বৈশিষ্ট্য—ঠিক এমন এক ভিত্তি, যার সন্ধান করছিলেন সার্ল। দরদ আমাদের মধ্যে অন্তর্নিহিত হওয়া জরুরি, কারণ দেহের প্রয়োজন ব্যথা এড়ানো, খাবার খাওয়া, ঘুমানো এবং আনন্দের অনুভূতি থেকে দিকনির্দেশনা পাওয়া। ঘুমঘুম ভাব, ক্ষুধা, ব্যথা ও আনন্দ—এসবই অন্তর্নিহিত অনুভূতি। এগুলো এমন কোনো প্রতীক নয়, যার অর্থ বুঝতে ব্যাখ্যার প্রয়োজন হয়। শুধু তা-ই নয়, আমাদের দেহ আমাদের সত্তা থেকে বিচ্ছিন্ন কিছু নয়; আমরাও দেহ থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নই।

দরদ বা কেয়ার ও দেহধারী অস্তিত্ব পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত।

এক টুকরো আপেল কেক খেয়ে ভালো লাগলে, সেই ভালো লাগা কোনো ব্যাখ্যা বা অর্থ আরোপের ফল নয়। পায়ের আঙুলে কোথাও ধাক্কা লাগলে যে ব্যথা অনুভব করি, সেটাও তেমনই। আবার আপনার সন্তান যখন আদর পাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে আপনার কোলে উঠে আসে, তখন আপনি হয়তো সেটাকে ভালোবাসার প্রকাশ হিসেবে বুঝতে পারেন। কিন্তু তার কারণ, আপনার দেহ ইতিমধ্যেই সেই ভালোবাসা অনুভব করেছে। এ অভিজ্ঞতা কখনোই এমন ছিল না যে, আপনি অচেনা কোনো ভাষার কালির দাগ দেখে তার অর্থ উদ্ধারের চেষ্টা করছেন। আমাদের দেহই আমাদের অন্তর্নিহিত অভিজ্ঞতার প্রথম ও প্রধান উৎস। আর বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের দরদের নানামুখী প্রকাশের মধ্য দিয়েই সেই অভিজ্ঞতা গড়ে ওঠে।

এখন, দরদের ধারণাটি হয়তো মানবচেতনা সম্পর্কে চূড়ান্ত কোনো সাধারণীকরণ বলে মনে হতে পারে—যেন বলা হচ্ছে, 'সবকিছুর মূলে আছে দরদ।' কিন্তু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় দরদ অন্তত তিনটা দিক থেকে সুনির্দিষ্ট রূপে প্রকাশ পায়।

প্রথমত, দরদ সব সময়ই কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। সেই বিষয়ের প্রতি দরদ প্রকাশের ধরনও সুনির্দিষ্ট। সেটা হতে পারে জীবনসঙ্গী বা সন্তান, আবার একইভাবে কাপড় শুকানোর মেশিনে থাকা একজোড়া মোজা, পিঠের কোনো চুলকানির জায়গা কিংবা খাবার দেওয়া প্রয়োজন এমন একটা গোল্ডফিশও হতে পারে।

দ্বিতীয়ত, দরদের প্রেক্ষাপটও সব সময় সুনির্দিষ্ট। বাইরে ঠান্ডা বলে আপনি মোজার কথা ভাবছেন, পিঠের চুলকানির জায়গাটি চুলকে দেওয়ার তাগিদ দিচ্ছে বলে সেটি নিয়ে ভাবছেন, আর গোল্ডফিশটির যত্ন নিচ্ছেন, কারণ আপনার সন্তানেরা সেটাকে পানিতে উল্টে ভাসতে দেখলে কষ্ট পাবে। শুধু তা-ই নয়, মাছটির প্রতি আপনার নিজেরও একধরনের মায়া তৈরি হয়েছে।

তৃতীয়ত, দরদ খুঁটিনাটি বিষয়ের প্রতিও সংবেদনশীল। অন্য কোনো মানুষের প্রতি কোনো মুহূর্তে তীব্র দরদ জেগে উঠতে পারে, কারণ সে যেভাবে আপনার দিকে তাকাচ্ছে, তাতে কোনো অনুভূতির প্রকাশ ঘটছে। কিংবা এমন কোনো অঙ্গভঙ্গি করছে, যার অর্থ আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। অথবা মনোযোগ দিয়ে আপনার কথা শোনার সময় সে যেভাবে সামনের দিকে ঝুঁকে বসেছে, সেটাও এর কারণ হতে পারে। অনেক সময় খুঁটিনাটি বিষয়ের মধ্যেই দরদ সত্যের সন্ধান পায়।

দরদের এই সুনির্দিষ্ট রূপ গড়ে ওঠে সেই দুনিয়ার প্রভাবে, যেখানে আমাদের জন্ম। এই বাস্তবতার অনিবার্যতা ও আমাদের ওপর তার আরোপিত অবস্থান বোঝাতে হাইডেগার একে বলেছেন 'থ্রোননেস' (Thrownness)। আমাদের ইচ্ছা বা সম্মতি ছাড়াই প্রত্যেকেই কোনো না কোনো সংস্কৃতি, ভাষা, স্থান, পরিবার ইত্যাদির মধ্যে জন্মগ্রহণ করি। একেই বলা হয় নির্দিষ্ট অবস্থানে অবস্থিত থাকা (Situatedness)। দেহধারী সত্তা হিসেবে আমরা একই সময়ে একাধিক স্থান বা কালে অবস্থান করতে পারি না বলেই আমাদের অস্তিত্ব সব সময় একটি নির্দিষ্ট অবস্থানের সঙ্গে বাঁধা।

থ্রোননেস আমাদের মন ও দেহ—উভয়কেই প্রভাবিত করে। দার্শনিক ও নারীবাদী চিন্তাবিদ আইরিস মেরিয়ন ইয়ং (১৯৪৯–২০০৬) তাঁর ১৯৮০ সালের প্রবন্ধ Throwing Like a Girl-এ বিষয়টা অসাধারণ দক্ষতায় বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন, আমেরিকার মতো কোনো দেশে বেড়ে ওঠা একটা মেয়ের সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থান তার একেবারে সাধারণ দৈহিক আচরণকেও কীভাবে প্রভাবিত করে। যেমন, মেয়েরা কীভাবে বই বহন করে কিংবা নদী পার হওয়ার সময় পানির ওপর থাকা পাথরগুলোর ওপর দিয়ে কীভাবে হাঁটে। এই পরিস্থিতি তাদের বিবেচনাধীন অনেক কাজ বা উদ্যোগের ক্ষেত্রেই মনে একধরনের 'আমি পারব না' (I cannot) বোধ তৈরি করে দেয়।

এমনটা সম্ভব হয় কেবল এ কারণে যে, অভিজ্ঞতার জগতে আমরা কোনো বদ্ধ ঘরের ভেতর আটকে নেই, যেখানে বসে দুর্বোধ্য কিছু প্রতীক গ্রহণ করতে হয় এবং সেগুলোর অর্থ উদ্ধার করতে হয়। দেহধারী সত্তা হিসেবে আমরা দুনিয়ার উন্মুক্ত পরিসরে অবস্থান করি। আকস্মিক ঝড়বৃষ্টিতে আমাদের শরীর ভিজে যাওয়া, এটা কোনো প্রতীক নয়। দেহধারী হওয়ার অর্থই হলো পৃথিবীর প্রতি এই সহজাত ও প্রত্যক্ষ উন্মুক্ততা। আর কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিক এই জিনিসটিই নেই।

(ডেভিড ওয়াইনবার্গারের Beautiful Particulars গ্রন্থ থেকে এই অংশটি নেওয়া হয়েছে।)

তরজমা: সিদ্দিকে আকবর

লেখক পরিচিতি: ডেভিড ওয়াইনবার্গার (Devid Weinberger) হার্ভার্ডের গবেষক, দর্শনের সাবেক অধ্যাপক এবং একজন বেস্টসেলিং লেখক।