মেন্যু
Menu

ইউঘুর টুয়েলভ মুকাম: বাদ্য ও সঙ্গীত যখন প্রতিরোধের ধারালো তরবারি

২৩ নভেম্বর, ২০২৬

নভেম্বর মাস, তীব্র শীত, বাতাস সুঁইয়ের মতো গেঁথে যাচ্ছে চিবুকে। রাত ২.৪০ এর দিকে আনুমানিক পড়াশোনা শেষ করে, বারান্দায় পায়চারী করছি। চীনা শিক্ষার্থীদের ডরমিটরিতে কোনো সাড়াশব্দ নেই, নিস্তব্ধতায় মনে হচ্ছিলো প্রতিটি রুম কবরের মতো নির্জন। আমার বাংলাদেশী সহপাঠী আরিয়ান ভাই বললেন ‘হুই মুসলিম আমাদের বন্ধু কারিম ডেকেছে উইঘুর কাবাবের রেস্তোরাঁয় তুমি যাবে কি না?’ কোনো কিছু না ভেবেই সস্মতি দিলাম, চলুন। রাত তিনটার দিকে আমরা রওনা হলাম ক্যাম্পাসের দেয়াল টপকে, মেইথুয়ানের অ্যাপভিত্তিক স্কুটি নিয়ে। তীব্র শীতের মধ্যে ১২-১৩ কিলোমিটার দূরে আমরা পৌঁছালাম। ভেড়ার মাংসের কাবাব ও উইঘুরদের বিখ্যাত নানান রুটি অর্ডার করলাম। মৃদুস্বরে গান বাজছে। গানের অর্থ বুঝি না, ভাষা বুঝি না, ভাষা মান্দারিনও না। গান সম্পর্কে জিজ্ঞেস করতেই কারিম বললো উইঘুরের বিখ্যাত ঐতিহাসিক সঙ্গীত টুয়েলভ মুকাম। রেস্তোরাঁর ভিতরটা ঘুরে দেখলাম। একটা চিত্রকর্ম (এই বিখ্যাত চিত্রকর্মটির নাম ‘’মুকাম (Muqam)' যা ১৯৮৪ সালে প্রখ্যাত উইঘুর চিত্রশিল্পী গাজী আহমেত (Ghazi Ehmet) এঁকেছিলেন।) দেখতে পেলাম, একদল মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র বাজাচ্ছে, শিল্পীগোষ্ঠীর সমবেত সঙ্গীত পরিবেশনার দুর্দান্ত তৈলচিত্র কখনো দেখিনি। উইঘুর মুসলমানদের ঐতিহাসিক টুয়েলভ মুকাম নিয়ে জানার আগ্রহ থেকে, আমি সারাদিন তাদের গান শুনতে শুরু করি, কিছু বইপুস্তক লাইব্রেরীতে খুঁজে পাই, দুর্বোধ্য। সপ্তাহে তখন দুদিন উইঘুরদের রেস্তোরাঁয় খেতে যেতাম। ক্রমে ওদের সাথে সখ্যতা গড়ে ওঠে। গান সম্পর্কে চীনা, তুর্কিয়ে, বৃটিশ লেখকদের কিছু আর্টিকেল পড়ি - উইঘুর মুসলমানরা তাদের বিখ্যাত টুয়েলভ মুকাম দিয়ে কীভাবে হারিয়ে যাওয়া সিল্করোডের অস্ত্বিত্ব টিকিয়ে রেখেছে! তা সম্পর্কে অল্পবিস্তর আহত আলাপ করি চলুন।

১.

উইঘুর নারীর বাদামী চোখে আজও টুয়েলভ মুকাম খরস্রোতা পাথুরে নদীর মতো প্রবাহিত

তাকলামাকান মরুভূমির উত্তপ্ত বালুকাবেলা আর তিয়ানশান পর্বতমালার বরফগলা নদীর মাঝখানে যে মরূদ্যানগুলোর জন্ম, সেখানে বাতাসও যেনো সুরের মূর্ছনায় কথা বলে তারিম নদীর মৃদু ঢেউয়ের সাথে। কাশগড়, ইয়ারকন্দ, খোটান আর তুরপানের প্রাচীন জনপদগুলোর ধূলিমাখা পথ ধরে শতাব্দীর পর শতাব্দী যে সুর প্রবাহিত হয়ে চলেছে, তার নাম ‘উইঘুর টুয়েলভ মুকাম’ (Uyghur Twelve Muqam)। টুয়েলভ মুকাম মূলত বারোটি স্তবকে বিন্যস্ত। একে কেবল সঙ্গীত বললে ভুল হবে; এটি উইঘুর মুসলমানদের ক্রন্দনরত রূহের দলিল, তাদের আনন্দ-বেদনার অবিনাশী মহাকাব্য এবং অস্তিত্ব রক্ষার এক নীরব অপ্রতিরোধ্য সংগ্রাম। প্রখ্যাত উইঘুর চিত্রকর গাজী আহমেতের কালজয়ী চিত্রকর্ম ‘মুকাম’-এ যেমন সারাদিনের শ্রমক্লান্ত-শ্রান্ত কৃষকদের চোখমুখে বাদ্যযন্ত্র হাতে এক ঐশ্বরিক প্রশান্তি ফুটে ওঠে, বাস্তবে মুকামও ঠিক তেমনই, যা মানুষকে মর্ত্যের ধূলি থেকে তুলে নিয়ে যায় আধ্যাত্মিকতার অনন্ত উচ্চতায়। উইঘুর টুয়েলভ মুকাম সিল্ক রোডে মশলার ঝাঁঝাল সুগন্ধী ও ঘোড়ার খুরের ধূলিমাখা সুরে বাঁধা এক অমর মহাকাব্য।

উইঘুর চিত্রশিল্পী গাজী আহমেদের বিখ্যাত চিত্রকর্ম 'Muqam' (১৯৮৪)।

প্রাচীন সিল্ক রোড কেবল রেশম, মশলা কিংবা মূল্যবান পাথর বিনিময়ের বাণিজ্যিক পথ ছিল না; এটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তা, দর্শন ও সুরের মিলনমেলা। আরবি শব্দ ‘মাকাম’ (Maqam)—যার অর্থ সুরের স্তর বা অবস্থান, তা থেকেই উইঘুর ভাষায় ‘মুকাম’ শব্দের উৎপত্তি। তবে সিল্ক রোডের বুক চিরে মধ্য এশিয়া, পারস্য (ইরান), আরব, আনাতলিয়ার এবং চীনের সঙ্গীতধারার সংমিশ্রণে এটি সম্পূর্ণ নিজস্ব এক মহীরুহে পরিণত হয়। ঐতিহাসিক তথ্য-উপাত্ত অনুযায়ী, ষোড়শ শতাব্দীতে ইয়ারকন্দ খানাতের (Yarkand Khanate) সুলতান আবদুর রশিদ খানের শাসনামলে এই সঙ্গীতধারা পুনর্জন্ম লাভ করে। ১৮৫৪ সালে মোল্লা ইসমতুল্লাহ বিন নি’মাতুল্লাহ মুজিজি রচিত বিখ্যাত পাণ্ডুলিপি: ‘তাওয়ারিখ-ই-মুসিকিউন’ (Tawarikh-i Musiqiyun বা History of Musicians) অনুযায়ী, ইয়ারকন্দের বিদুষী সুলতানা ও কবি আমান্নিসা খান (Amannisa Khan, ১৫২৬–১৫৬০) এবং তাঁর সঙ্গীতগুরু কদির খান ইয়ারকন্দি ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকসুর ও সুফি কালামগুলোকে সংকলন ও পরিমার্জন করে ১২টি প্রধান পর্বে বা ‘টুয়েলভ মুকাম’-এ বিন্যস্ত করেন।

এখানে কিছুটা ঐতিহাসিক সতর্কতা জরুরি। সুলতানা আমাননিসা খান একাই বারোটি মুকাম সৃষ্টি করেছিলেন, এমন সিদ্ধান্তের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। বরং আগে থেকেই প্রচলিত লোকসঙ্গীত, দরবারি সঙ্গীত ও আঞ্চলিক সুরের ধারাকে সংকলন, বিন্যাস এবং সমন্বয়ের সঙ্গে তার নাম যুক্ত। এই প্রক্রিয়াটি ছিল দীর্ঘ ঐতিহাসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। তুর্কি গবেষক আলিমজান ইনায়েত (Alimcan İnayet) তার Uygur On İki Makamı ve Edebiyatı গবেষণায় উল্লেখ করেছেন, ষোড়শ শতাব্দীতে সুলতান আবদুরাশিদ খানের উদ্যোগে আমাননিসা খান ও সঙ্গীতজ্ঞ কিদিরখানের নেতৃত্বে সঙ্গীতজ্ঞদের সংগঠিত করে মুকামের গান ও সঙ্গীতপাঠ সংকলন এবং পদ্ধতিগতভাবে বিন্যস্ত করার কাজ শুরু হয়। পরবর্তী শতাব্দীগুলোতেও সঙ্গীতজ্ঞরা এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেন।

আধুনিক যুগে এই মৌখিক ঐতিহ্য বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় বিংশ শতাব্দীর মাঝামাঝি। ১৯৫০-এর দশকে চীনা সঙ্গীততত্ত্ববিদ ওয়ান তংশু (Wan Tongshu) এবং সে সময়ের একমাত্র জীবিত ওস্তাদ—যিনি সম্পূর্ণ ১২টি মুকাম মুখস্থ গাইতে পারতেন; সেই কিংবদন্তি মুকামশিল্পী তুর্দি আখুন (Turdi Akhun), প্রায় ছয় বছর দীর্ঘ প্রচেষ্টায় ৩৪০টিরও বেশি সুর প্রথম পর্যায়ে স্টিল-ওয়্যার রেকর্ডারে সঙ্গীত ধারণ করা হয়; পরে রেকর্ড করা সুর শুনে স্বরলিপি তৈরির কাজ চলে। ১৯৫৪ সালে তুর্দি আখুনের পরিবেশনা নতুন করে টেপে ধারণ করা হয়। দীর্ঘ সংকলন ও সম্পাদনার পর ১৯৬০ সালে মুকামের স্বরলিপি দুই খণ্ডে প্রকাশিত হয়। এই উদ্যোগ মৌখিকভাবে প্রবাহিত সংগীতভাণ্ডারকে নথিভুক্ত ও সংরক্ষণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে। ১৯৬০ সালে প্রকাশিত সেই দুই খণ্ডের সংকলনই আজকের আধুনিক মুকাম চর্চার মূল ভিত্তি। ২০০৫ সালে ইউনেস্কো (UNESCO) একে মানবতার মৌখিক ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage of Humanity) হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৮ সালে এটি UNESCO Representative List of the Intangible Cultural Heritage of Humanity-তে অন্তর্ভুক্ত হয়।

২.

জনরা ও কাঠামোগত বৈচিত্র্য: ২৪ ঘণ্টার এক সুরেলা স্পিরিচুয়াল গমন

সম্পূর্ণ ‘টুয়েলভ মুকাম’-এ ৩০০-র বেশি সুর ও প্রায় ৪,০০০ পঙ্‌ক্তি রয়েছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত গাইতে টানা প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। জিনজিয়াংয়ের ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী মুকামের চারটি প্রধান আঞ্চলিক ধারা বা জনরা রয়েছে:

  • ১.অন ইক্কি মুকাম

  • ২.দোলান মুকাম

  • ৩.তুরপান মুকাম

  • ৪.হামি বা কুমুল মুকাম

১. অন ইক্কি মুকাম (On Ikki Muqam/Twelve Muqam) উইঘুর জনগোষ্ঠীর অন্যতম সমৃদ্ধ ধ্রুপদি সঙ্গীত ঐতিহ্য। কাশগড়-ইয়ারকন্দ অঞ্চলের ধ্রুপদী ধারা। এর ১২টি ভাগ হলো: রাক, চেব্বিয়াত, সেগাহ, চাহারগাহ, পঞ্জিগাহ, ওঝাল, আজেম, উশাক, বায়াত, নাওয়া, মুশাওরেক এবং ইরাক। সম্পূর্ণ ১২টি মুকাম শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশন করতে টানা প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। ষোড়শ শতকের ইয়ারকান্দ খানাতের কবি ও সঙ্গীতজ্ঞ আমাননিসা খান এই সঙ্গীত সংকলন ও বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে বারোটি প্রধান মুকাম রয়েছে, যার প্রতিটিতে কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, কবিতা ও নৃত্যের সমন্বয় ঘটেছে। এর প্রধান তিনটি অংশ হলো চং নাগমা, দাস্তান ও মেশরেপ। প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা, মানবিক বেদনা ও লোকজ জীবন এর গানের প্রধান বিষয়।

২. দোলান মুকাম (Dolan Muqam) উইঘুর জনগোষ্ঠীর দক্ষিণ-পশ্চিম জিনজিয়াংয়ের মরূদ্যান ও মরুপ্রান্তিক অঞ্চলে বিকশিত এক স্বতন্ত্র লোকজ সঙ্গীতধারা। এর শিকড় দোলান সম্প্রদায়ের জীবন, শ্রম, প্রেম, বিরহ ও সামষ্টিক সাংস্কৃতিক স্মৃতিতে। রাওয়াপ, ঘিজেক, কালুন ও দাফের সম্মিলিত বাদনে সৃষ্টি হয় রুক্ষ, ঝংকারময় ও আবেগঘন সুর। এর পাঁচটি প্রধান অংশ মুকাদ্দিমা, চেকিতমা, সানাম, সালিকাস ও সেরিলমা। মুক্ত ছন্দ, ৬/৪, ৪/৪ ও ৫/৮ তাল, স্বতঃস্ফূর্ত সুরবিস্তার এবং দ্রুতগতির বৃত্তাকার নৃত্য এর বিশেষ বৈশিষ্ট্য। একে প্রায়ই উইঘুরদের জ্যাজ বলা হয়। এটি কেবল সঙ্গীত নয়, মরুভূমির মানুষের জীবন, আবেগ ও সাংস্কৃতিক অস্তিত্বের সম্মিলিত স্বর।

গাজী আহমেদের আঁকা 'The Soul Of Daolang'।

৩. তুরপান মুকাম (Turpan Muqam): পূর্ব জিনজিয়াংয়ের তুরপান, পিচান ও তোকসুন অঞ্চলে বিকশিত উইঘুরদের একটি স্বতন্ত্র আঞ্চলিক সঙ্গীতধারা। সিল্ক রোডের গুরুত্বপূর্ণ মরূদ্যান-নগরী তুরপানের স্থানীয় জনজীবন, লোকসংগীত ও নৃত্যরীতির প্রভাব এ ধারায় স্পষ্ট। সংগীত গবেষক জ্যঁ দুরিংয়ের বিবরণ অনুযায়ী, তুরপান মুকামের সংগৃহীত নয়টি স্যুইটের প্রতিটিতে ছয়টি প্রধান পর্ব রয়েছে—গাজাল, বাশচেকিত, ইয়ালাংচেকিত, জুলা, সানাম ও সালিকা। এগুলোর মধ্যে গাজাল মুক্তছন্দে একক কণ্ঠে পরিবেশিত হয়; বাশচেকিত ও ইয়ালাংচেকিত ধীরলয়ের গান এবং জুলা, সানাম ও সালিকা নৃত্যসঙ্গীতের অংশ। সানাম পর্বের সঙ্গে স্থানীয় নাজারকুম নৃত্যের বিশেষ সম্পর্ক রয়েছে। সাতার, তাম্বুর, দুতার, চাং ও দাপ এর প্রধান বাদ্যযন্ত্র। তুরপান মুকাম তাই উইঘুর সঙ্গীতের এমন এক আঞ্চলিক রূপ, যেখানে কণ্ঠসঙ্গীত, যন্ত্রবাদন, ছন্দ ও লোকনৃত্য একত্রে বিকশিত হয়েছে।

৪.হামি বা কুমুল মুকাম (Hami/Kumul Muqam): পূর্ব জিনজিয়াংয়ের হামি বা কুমুল অঞ্চলে বিকশিত উইঘুরদের একটি স্বতন্ত্র আঞ্চলিক সঙ্গীতধারা। সিল্ক রোডের পূর্বাঞ্চলীয় যোগাযোগপথের কাছে অবস্থিত হওয়ায় এ অঞ্চলের সঙ্গীতে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া ও চীনের অভ্যন্তরীণ অঞ্চলের সাংস্কৃতিক প্রভাব লক্ষ করা যায়। চীনের সাংস্কৃতিক ওয়েবসাইট China Culture-এর তথ্যমতে, হামি মুকাম ১২টি সঙ্গীত-সেট ও ২৫৮টি গানের সমন্বয়ে গঠিত। এর সুরে পেন্টাটনিক রীতির প্রাধান্য এবং ২/৪, ৪/৪, ৫/৮ ও ৭/৮ মাত্রার তাল ব্যবহৃত হয়। কুমুল ঘিজেক, রাওয়াপ, চাং ও দাপ এর উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র। সঙ্গীত গবেষক জ্যঁ দুরিংয়ের বিবরণে এর স্থানীয় লোকগানভিত্তিক স্যুইট ও মুক্তছন্দের মুকাদ্দিমার উল্লেখ রয়েছে। অন্যদিকে মাইরেমুনিশাকে আবুলাইতি তাঁর গবেষণায় কুমুলের ১২ মুকামের সংগীতকাঠামো ও প্রজন্মান্তরে সংরক্ষণের পদ্ধতি বিশ্লেষণ করেছেন। এটি উইঘুরদের আঞ্চলিক সংগীত ও সাংস্কৃতিক স্মৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন।

প্রতিটি মুকাম তিনটি সুনির্দিষ্ট পর্বে সাজানো থাকে।

  • ১. চং নাগমা (Chong Naghma): মুকামের বিস্তৃত প্রধান সঙ্গীতপর্ব। এর শুরুতে থাকে মুকাদ্দিমা (Muqäddimä), যা সাধারণত মুক্তছন্দের ধীর ও গম্ভীর সুরে পরিবেশিত হয়। পরবর্তী অংশে সংগীত ক্রমশ ছন্দবদ্ধ ও গতিশীল হয়ে ওঠে।

  • ২. দাস্তান (Dastan): ধ্রুপদি কবিতা, গজল ও আখ্যানধর্মী গানের সমন্বয়ে গঠিত অংশ। প্রেম, বিরহ, আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ও মানবজীবনের নানা অনুভূতি এর গানের প্রধান বিষয়।

  • ৩. মেশরেপ (Meshrep): টুয়েলভ মুকামের প্রাণবন্ত ও দ্রুতলয়ের সংগীতপর্ব। এতে ছন্দময় দলীয় সঙ্গীত, বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং নৃত্যের সমন্বয় ঘটে। উইঘুরদের বৃহত্তর সামাজিক-সাংস্কৃতিক জীবনে মেশরেপ একটি গুরুত্বপূর্ণ সমাবেশের নামও।

৩.

বাদ্যযন্ত্রের ঐতিহ্য ও সুরের কারুকাজ (‘পুরাক’)

উইঘুর বাদ্যযন্ত্রগুলো মূলত তুঁত গাছের কাঠ (Mulberry wood), ভেড়ার চামড়া এবং রেশমি তার দিয়ে স্থানীয় কারিগরদের হাতে তৈরি। কাশগড়ের শুফু কাউন্টির কারিগরদের তৈরি এসব বাদ্যযন্ত্রের প্রধান সদস্যরা হলো:

  • ১.সাতার (Satar) ও ঘিজেক (Ghijek): বেহালার মতো, দীর্ঘ গ্রীবাবিশিষ্ট তারের বাদ্যযন্ত্র। ছড় দিয়ে বাজানো হয়। অনুরণনকারী তারের কারণে এর শব্দ গভীর ও দীর্ঘস্থায়ী, মুকামের ছন্দ ও মেলোডি ধরে রাখে।

  • ২.দুতার (Dutar) ও রাওয়াপ (Rawap): দুই তারবিশিষ্ট দীর্ঘ গ্রীবাবিশিষ্ট তারযন্ত্র। আঙুল দিয়ে বাজানো হয়।

  • ৩.রাওয়াপ (Rawap) ছোট গ্রীবাবিশিষ্ট তারের বাদ্যযন্ত্র। দ্রুত সুর ও ছন্দময় পরিবেশনায় ব্যবহৃত হয়।

  • ৪.ঘিজেক (Ghejak) ছড় দিয়ে বাজানো তারযন্ত্র। এর সুরে মধ্য এশীয় বেহালার ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়।

  • ৫.তাম্বুর (Tämbur) দীর্ঘ গ্রীবাবিশিষ্ট তারযন্ত্র, তারে আঘাত করে সুর তৈরি করা হয়।

  • ৬.কালুন (Qalun): সন্তুর-জাতীয় যন্ত্র, যা সুরের ঝংকার তৈরি করে।

  • ৭.দাপ (Dap): বড় বৃত্তাকার ফ্রেম ড্রাম, যা পুরো আসরের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে।

  • ৮.চাং (Čañ) হাতুড়ি দিয়ে বাজানো তারযন্ত্র, ইরানি সান্তুরের সঙ্গে গঠনগত সাদৃশ্য রয়েছে।

  • ৯. নায় (Nay) বাঁশি জাতীয় ফুঁ দিয়ে বাজানো বাদ্যযন্ত্র।

  • ১০. সুরনায় (Surnay) শিঙা বা ওবো-জাতীয় দ্বি-রিড বাদ্যযন্ত্র।

এ ছাড়া বড় পরিবেশনায় বালামান, নাঘরা ও সাপাইয়ের মতো যন্ত্রও ব্যবহৃত হয়। এখানে সাতার বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রধান তারের পাশাপাশি নিচে একাধিক অনুরণনকারী তার থাকে। ফলে মূল সুরের সঙ্গে একটি দীর্ঘ প্রতিধ্বনিময় আবহ তৈরি হয়। এই বৈশিষ্ট্য টুয়েলভ মুকামের ধীর ও গভীর সংগীত-পর্বগুলোকে অনন্য করে তোলে।

নাথান লাইট তার বইয়ের পরিশিষ্টে এসব বাদ্যযন্ত্রের গঠন, তারসংখ্যা ও বাজানোর পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তুর্কি সঙ্গীততত্ত্ববিদ ও গবেষকদের সাম্প্রতিক গবেষণা (যেমন, Rast Musicology Journal-এ প্রকাশিত তুর্কি ও আন্তর্জাতিক গবেষকদের প্রবন্ধ) অনুযায়ী, উইঘুর মুকামের প্রাণভোমরা হলো ‘পুরাক’ (Puraq)—যার আক্ষরিক অর্থ ‘সুবাস’ বা ‘আস্বাদ’। যন্ত্রসংগীতের পর্দা বা ফ্রেটে (Pede) আঙুলের সূক্ষ্ম কম্পন ও অলংকরণের মাধ্যমে শিল্পীরা যে আধ্যাত্মিক আবহ তৈরি করেন, তা-ই ‘পুরাক’।

৪.

কাব্য ও গানের লিরিক্স, সুফিবাদ ও প্রেম বিরহের সমন্বয়।

মুকামের গানের বাণী যেমন সাধারণ মানুষের লোকজ প্রবাদ থেকে নেওয়া, তেমনি এতে মধ্য এশিয়ার কালজয়ী সুফি কবি আলী-শির নাভাই (Ali-Shir Nava'i), ফুজুলি (Fuzuli), লুৎফি এবং মোল্লা মাশরাব-এর গজল ও দর্শন থেকে নেওয়া হয়েছে। উইঘুর টুয়েলভ মুকামের একটি গুরুত্বপূর্ণ সঙ্গীতপর্ব, যেখানে কবিতার বাণী, সুফি দর্শন ও সুরের গভীর আবেগ একাকার হয়ে ওঠে। এতে প্রেম, বিরহ, আত্মিক আকাঙ্ক্ষা এবং পরম সত্তার সন্ধান বিশেষ গুরুত্ব পায়। আলী-শির নাভাই, ফুজুলি, লুৎফি ও মাশরাবের মতো ধ্রুপদি কবিদের গজল এই সঙ্গীতধারাকে সমৃদ্ধ করেছে। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, দীর্ঘায়িত কণ্ঠস্বর এবং সূক্ষ্ম সুরের অলংকারে চুম্বকাংশ কেবল বিনোদন নয়, বরং উইঘুর জনগোষ্ঠীর ঐতিহাসিক স্মৃতি, সাংস্কৃতিক পরিচয় ও আধ্যাত্মিক অনুভূতির এক অনন্য সঙ্গীতময় প্রকাশ। এই চারজনকে বুঝতে পারলে সেন্ট্রাল এশিয়ার সুফি সাহিত্য, তুর্কি, চাগতাই, ভাষার কাব্যিক ঐতিহ্য এবং মুকাম সংগীতের পারস্পরিক সম্পর্ক অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। ‘রাক মুকাম’-এর সূচনায় (মুকাদ্দিমা) মহাকবি আলী-শের নাভাইয়ের একটি বিখ্যাত গজল গাওয়া হয়, যেখানে পার্থিব প্রেম রূপান্তরিত হয় ঐশী প্রেমে।

'Ey sabā, āvāra könglüm istäyü har yan barur,

Vasl bāghidin nasīmi yetmägünchä jan barur...'

'হে ভোরের মৃদুমন্দ বাতাস, আমার এই ভবঘুরে হৃদয় তোমাকেই খুঁজে ফেরে দিকে দিকে;

মিলনের বাগান থেকে তোমার সুবাস ভেসে না আসা পর্যন্ত এই প্রাণ বুঝি ওষ্ঠাগত...'

একটি গুরুত্বপূর্ণ তথ্যগত সংশোধন: আলী-শির নাভাইয়ের যে সুফি গজলটির প্রামাণ্য উইঘুর লিপ্যন্তর পাওয়া যায়, সেটি গবেষক র‍্যাচেল হ্যারিসের গবেষণায় চাব্বিয়াত মুকামের (Chäbbiyat Muqam) মুকাদ্দিমা হিসেবে উল্লেখিত, রাক মুকামের নয়।

Āy jamalïn mehridin rošän äzäldin ta äbäd,

Zärrä yañlïğ ol yaroğluq içrä särgärdan xiräd.

‘হে সৌন্দর্যের আলোক, তোমার জ্যোতিতে আদি থেকে অনন্তকাল আলোকিত; তোমার প্রেমের অসীম আকর্ষণে আমার বিবেক যেন ধূলিকণার মতো দিশাহারা।’

এই পঙ্‌ক্তিতে মানবপ্রেমের সৌন্দর্য ক্রমশ পরম সত্তার প্রতি আত্মিক আকর্ষণে রূপ নেয়। সুফি দর্শনে প্রেমিকের আত্মবিসর্জন, স্রষ্টার সৌন্দর্য এবং মানুষের সীমাবদ্ধতার উপলব্ধি এখানে একাকার হয়েছে।

আবার লোকজ দাস্তান বা গীতি-কবিতায় ফুটে ওঠে মরূদ্যানের মানুষের সহজাত বিরহ ও প্রকৃতির বন্দনা:

'পাহাড়ের ওপারে মেঘ জমেছে, ঝরছে বারিধারা,

প্রিয়তমার মুখখানি মনে পড়লে, দু’চোখ হয় দিশেহারা'

৫.

মুকাম, ঐতিহ্য, সঙ্গীততত্ত্ব ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের রাজনীতি

উইঘুর টুয়েলভ মুকামকে বুঝতে হলে শুধু এর সুর, তাল কিংবা বাদ্যযন্ত্রের ইতিহাস জানলেই চলে না; জানতে হয় কীভাবে একটি জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সংগীতকে সংরক্ষণ করেছে, কীভাবে এটি বৃহত্তর মধ্য এশীয় সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভেতরে এর সাংস্কৃতিক অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে। বিভিন্ন গবেষকের কাজ থেকে মুকামের এই বহুমাত্রিক ইতিহাসের কয়েকটি দিক স্পষ্ট হয়ে ওঠে।

মৌখিক ঐতিহ্য থেকে প্রাতিষ্ঠানিক সংরক্ষণ

উইঘুর মুকামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো এর মৌখিক সংরক্ষণপদ্ধতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওস্তাদ ও মুকামশিল্পীদের কণ্ঠে এই সঙ্গীত টিকে ছিলো। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তুরদি আখুনের পরিবেশনা রেকর্ড ও সংকলনের উদ্যোগ এই ঐতিহ্যকে নতুনভাবে সংরক্ষণের পথ তৈরি করে। সঙ্গীত গবেষক র‍্যাচেল হ্যারিস তাঁর The Making of a Musical Canon in Chinese Central Asia: The Uyghur Twelve Muqam(২০০৮) গ্রন্থে দেখিয়েছেন, কীভাবে বিচিত্র পরিবেশনা ও মৌখিক ঐতিহ্যকে একটি স্বীকৃত সঙ্গীত-সংকলনের কাঠামোয় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে নাথান লাইট তাঁর Intimate Heritage: Creating Uyghur Muqam Song in Xinjiang (২০০৮) গ্রন্থে মুকামের পাণ্ডুলিপি, গানের বাণী এবং সঙ্গীত ঐতিহ্যের পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন।

প্রমিতকরণ, রাষ্ট্র ও সাংস্কৃতিক সংরক্ষণ

মুকাম সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোনো জীবন্ত লোকজ ঐতিহ্যকে যখন প্রাতিষ্ঠানিকভাবে সংকলন ও প্রমিত করা হয়, তখন তার মূল পরিবেশনরীতি কতটা অপরিবর্তিত থাকে? মুকামের ক্ষেত্রেও এই প্রশ্ন প্রাসঙ্গিক। কারণ সঙ্গীতের রেকর্ডিং, স্বরলিপি তৈরি, মঞ্চায়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এর পরিবেশন ও উপস্থাপনার ধরনে পরিবর্তন এসেছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের (SOAS) প্রখ্যাত নৃতত্ত্ববিদ ও সঙ্গীততত্ত্ববিদ প্রফেসর র‍্যাচেল হ্যারিস (Rachel Harris) তাঁর বিশ্বখ্যাত গ্রন্থ ‘The Making of a Musical Canon in Chinese Central Asia: The Uyghur Twelve Muqam’ (২০০৮) এবং ‘Soundscapes of Uyghur Islam’ (২০২০)-এ দেখিয়েছেন কীভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, প্রমিতকরণ (Standardization) এবং ধর্মীয় বিধিনিষেধের মুখেও মুকাম ও ‘মেশরেপ’ আসরগুলো উইঘুর সমাজের ভেতরে এক অদৃশ্য ঐক্যের সুতো হিসেবে কাজ করে। হ্যারিসের মতে, যখন প্রকাশ্যে ধর্মীয় ও রাজনৈতিক কণ্ঠস্বর সংকুচিত হয়ে আসে, তখন সুরের এই ‘সাউন্ডস্কেপ’ বা ধ্বনিজগৎই হয়ে ওঠে মানুষের নীরব প্রতিরোধের ভাষা।

সিল্ক রোড ও বৃহত্তর মাকাম ঐতিহ্য

উইঘুর মুকামকে মধ্য এশিয়ার অন্যান্য মাকাম সঙ্গীত থেকে বিচ্ছিন্ন করে বোঝা সম্ভব নয়। বুখারার শাশমাকাম, আজারবাইজানের মুগাম, পারস্যের দস্তগাহ এবং আরব বিশ্বের মাকাম ঐতিহ্যের সঙ্গে এর ঐতিহাসিক ও সঙ্গীততাত্ত্বিক যোগাযোগ রয়েছে। সংগীত গবেষক ওয়াল্টার ফেল্ডম্যানের Central Asia XVI: Music নিবন্ধে মধ্য এশিয়ার বিভিন্ন মাকাম ঐতিহ্যের বিকাশ ও আঞ্চলিক পার্থক্য নিয়ে আলোচনা পাওয়া যায়। অন্যদিকে আলিমজান ইনায়েতের উইঘুর মুকামবিষয়ক গবেষণা এর সাহিত্যিক ও সঙ্গীতগত স্বাতন্ত্র্য বুঝতে সহায়তা করে। এসব গবেষণা থেকে বোঝা যায়, নাম ও ঐতিহাসিক যোগাযোগের মিল থাকলেও প্রতিটি অঞ্চলের মাকাম নিজস্ব পরিবেশনা রীতি, সুরের কাঠামো ও সাহিত্যিক বৈশিষ্ট্য ধারণ করে। চীনা সঙ্গীততত্ত্ববিদ ওয়ান তংশু (Wan Tongshu) এবং ঝৌ জি (Zhou Ji)-র গবেষণায় মুকামকে চীনের বহুজাতিক সংস্কৃতির এক অমূল্য রত্ন হিসেবে তুলে ধরা হয়েছে। ল ১৯৫০-এর দশকে উইঘুর টুয়েলভ মুকামের মৌখিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সঙ্গীত গবেষক ওয়ান তংশু। তিনি মুকামশিল্পী তুর্দি আখুনের পরিবেশনা রেকর্ড করেন এবং সেই সঙ্গীতের স্বরলিপি প্রস্তুতের উদ্যোগ নেন। এই কাজের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের স্মৃতি, কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে প্রবাহিত হয়ে আসা মুকামের একটি গুরুত্বপূর্ণ অংশ লিখিত ও শব্দরেকর্ডে সংরক্ষিত হয়। মুকামের সুরগুলো কোনো কাগজের স্বরলিপিতে নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে উইঘুরদের রক্তের ভেতর প্রবাহিত হচ্ছে।

সঙ্গীত, ধর্মীয় পরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্ব

মুকামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সঙ্গে উইঘুরদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সম্পর্ক। সুফি কবিতা, গজল, মেশরেপের সমাবেশ এবং লোকজ পরিবেশনার মধ্য দিয়ে এই সংগীত একটি বৃহত্তর সামাজিক পরিসর তৈরি করেছে। র‍্যাচেল হ্যারিসের Soundscapes of Uyghur Islam (২০২০) গ্রন্থে উইঘুর সমাজে সংগীত, ধর্মীয় অনুশীলন ও সাংস্কৃতিক অভিজ্ঞতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। ফলে মুকামকে কেবল বিনোদন কিংবা দরবারি সংগীত হিসেবে দেখলে এর সামাজিক তাৎপর্যের বড়ো একটি অংশ অনালোচিত থেকে যায়। তুরস্কের ভাষাতত্ত্ববিদ ও তুর্কোলজিস্ট প্রফেসর মেহমেত ওলমেজ (Mehmet Ölmez) এবং তুর্কি সংগীত গবেষকদের মতে, উইঘুর মুকাম হলো বৃহত্তর তুর্কি-ইসলামিক সভ্যতার প্রাচীনতম ও অক্ষত সংগীত-ঐতিহ্য। আনাতোলিয়ার লোকসংগীত (‘তুর্কু’) এবং অটোমান ধ্রুপদী সঙ্গীতের সাথে উইঘুর মুকামের সুরের কাঠামো (মাকাম) ও বাদ্যযন্ত্রের (যেমন কোপুজ ও দুতার) গভীর আত্মিক যোগসূত্র রয়েছে, যা প্রমাণ করে সিল্ক রোডের দুই প্রান্তের মানুষ একই সাংস্কৃতিক উৎসের উত্তরাধিকারী। টুয়েলভ মুকামের ইতিহাস বুঝতে হলে শুধু উইঘুর সংগীতের ইতিহাস জানলেই হবে না। বৃহত্তর ইসলামি বিশ্বের সঙ্গীত ঐতিহ্যও বুঝতে হবে।

এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সঙ্গীতধারা রয়েছে:

  • ১.পারস্যের Maqām ও Dastgāh সঙ্গীত ঐতিহ্য।

  • ২.বুখারা ও তাজিকিস্তানের Shashmaqam।

  • ৩.আজারবাইজানের Mugham।

  • ৪.আরব বিশ্বের Maqām সঙ্গীত।

  • ৫.আনাতোলিয়ার ওসমানীয় মাকাম ঐতিহ্য।

  • ৬.পূর্ব তুর্কিস্তানের On Ikki Muqam।

এগুলোর মধ্যে মিল রয়েছে, আবার পার্থক্যও রয়েছে।বিশেষত বুখারার Shashmaqam এবং উইঘুর Twelve Muqam-এর মধ্যে নাম, কাব্য, সুরের বিন্যাস ও সঙ্গীত-পরিবেশনার ঐতিহাসিক যোগাযোগ লক্ষ করা যায়। Encyclopaedia Iranica-তে সংগীত গবেষক Walter Feldman-এর লেখা Central Asia XVI: Music নিবন্ধটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ। তিনি দেখিয়েছেন, উনিশ শতকে কাশগড়, খোতান, হামি ও তুরফানের মতো পূর্ব তুর্কিস্তানের শহরগুলোতে পৃথক বারো মাকামের সংগীতচক্র গড়ে উঠেছিল। এগুলোর সুরের কাঠামো এবং রচনাশৈলী পশ্চিম তুর্কিস্তানের সংগীত থেকে কিছুটা আলাদা ছিল। এখানে পার্থক্যটি গুরুত্বপূর্ণ: মাকাম নামের ঐতিহাসিক মিল থাকলেও সংগীতের স্কেল, সুরের চলন এবং রচনাপদ্ধতি এক নয়।

ইরানি সঙ্গীত-ইতিহাসের সঙ্গে উইঘুর মুকামের সম্পর্ক বোঝার জন্য পারস্যভাষী লেখক মোহসেন হাজ্জারিয়ান (Mohsen Hajjaryan)-এর (ইরানি, তুর্কি ও আরব সংগীতের বিস্তার) নিবন্ধটি উল্লেখ করা যায়। তিনি যুক্তি দিয়েছেন, খোরাসান ও মাওয়ারাউন্নাহর অঞ্চলের পারস্য-সম্পর্কিত সংগীত ঐতিহ্য ইসলামি যুগের সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে পূর্বদিকে উইঘুর অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করেছে। তার ব্যাখ্যায় উইঘুর দ্বাদশ মুকাম বৃহত্তর পূর্ব ইরানি সঙ্গীত-পরিসরের ঐতিহাসিক উত্তরাধিকারের অংশ।

তবে তার এই ব্যাখ্যাকে চূড়ান্ত ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়া উচিত হবে না। এটি একটি নির্দিষ্ট সাংস্কৃতিক বিস্তারবাদী (diffusionist) ব্যাখ্যা। সঙ্গীতের ইতিহাসে পারস্পরিক প্রভাব, স্থানীয় উদ্ভাবন এবং স্বতন্ত্র আঞ্চলিক বিকাশ তিনটিকেই বিবেচনায় রাখতে হয়। ইনায়েতের গবেষণাও এই সতর্কতার প্রয়োজনীয়তা দেখায়। তাঁর মতে, আরবি-ফারসি পরিভাষা থাকলেও উইঘুর মুকামের সুর ও সঙ্গীতের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ফলে একে আরব বা পারস্যের সঙ্গীতের সরাসরি অনুলিপি বলা যায় না।

আমার কাছে এই জায়গাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিল্ক রোডের সাংস্কৃতিক যোগাযোগ কোনো একমুখী রাস্তা ছিল না। পারস্য থেকে তুর্কিস্তান, তুর্কিস্তান থেকে চীন, আবার চীন থেকে মধ্য এশিয়া, বিভিন্ন দিকে মানুষের চলাচল ও সাংস্কৃতিক আদান-প্রদান হয়েছে। টুয়েলভ মুকাম সেই বহুমুখী যোগাযোগের জীবন্ত নিদর্শন হিসেবে আজও প্রবাহিত হচ্ছে সুরে সুরে যুগের পর যুগ ধরে।

হয়তো উইঘুরের টুয়েলভ মুকামের সুরের মধ্যে রয়েছে ইয়ারকান্দের কোনো পুরোনো রাজদরবার, কাশগরের কোনো মাজার, বুখারার কোনো কবির গজল, পারস্যের কোনো প্রেমিকের দীর্ঘশ্বাস কিংবা সিল্ক রোডের কোনো ক্লান্ত ক্যারাভানের স্মৃতি। আমি সেদিন বুঝতে পারিনি, কয়েক শতাব্দীর ইতিহাস আমার সামনে একটি রেস্তোরাঁর দেয়ালে ঝোলানো চিত্রকর্ম এবং একটি গানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছিলো, সেরাতে। উইঘুর টুয়েলভ মুকাম বৃহত্তর ইসলামি ও মধ্য এশীয় সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সেই সম্পর্ক তার স্বাতন্ত্র্যকে বিলুপ্ত করে না। বরং বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্য দিয়ে এটি নিজস্ব সঙ্গীত ও ভাষা তৈরি করেছে।

'Kel äy mähbub-u mätlubum seniñ yašiñ hazar olsun,

Niqap açqil köräy yüzüñ jamaliñ äškar olsun.'

এসো, হে প্রিয়তম, হে আমার আকাঙ্ক্ষার মানুষ, তোমার আয়ু হোক হাজার বছর।

আবরণ সরাও, তোমার মুখের সৌন্দর্য আমার চোখের সামনে প্রকাশিত হোক।

—(আলী-শের নাভাই)

তথ্যসূত্র:

(গ্রন্থ ও গবেষণাগ্রন্থ)

১. Harris, Rachel. The Making of a Musical Canon in Chinese Central Asia: The Uyghur Twelve Muqam. Aldershot: Ashgate, 2008.

২. Light, Nathan. Intimate Heritage: Creating Uyghur Muqam Song in Xinjiang . Berlin: LIT Verlag, 2008.

৩. Harris, Rachel. Soundscapes of Uyghur Islam. Bloomington: Indiana University Press, 2020.

৪. Mujizi, Molla Ismatullah. Tawārīkh-i Mūsīqīyūn (তাওয়ারিখ-ই মুসিকিউন)। মূল রচনা আনুমানিক ১৮৫৪; আধুনিক উইঘুর ভাষায় সম্পাদিত সংস্করণ: Anwar Baytur ও Xamit Tömür সম্পাদিত, Beijing: Nationalities Publishing House, 1982।

৫. Feldman, Walter. 'Central Asia XVI. Music.' Encyclopaedia Iranica, Vol. V, Fasc. 3, 1991, pp. 240–242.

গবেষণাপত্র ও প্রবন্ধ

৬. Āmānnisā Khan-সংক্রান্ত গবেষণায় নির্ভরযোগ্যভাবে ব্যবহারযোগ্য সূত্রটি হলো:

Anderson, The Construction of Āmānnisā Khan as a Uyghur Musical Culture Hero. Asian Music, Vol. 43, No. 1, Winter/Spring 2012, pp. 64–90.

৭. Harris, Rachel. 'National Traditions and Illegal Religious Activities amongst the Uyghurs.' In Sounds of Power, 2009, pp. 165–185.

প্রাতিষ্ঠানিক ও অনলাইন তথ্যসূত্র

৮. UNESCO. 'Uyghur Muqam of Xinjiang.' Intangible Cultural Heritage. ২০০৮ সালে Representative List-এ অন্তর্ভুক্ত; ২০০৫ সালে পূর্বে Masterpiece হিসেবে ঘোষিত।

https://ich.unesco.org/en/RL/uyghur-muqam-of-xinjiang-00109

৯. Academy of Chinese Studies. 'Uyghur Muqam Art of Xinjiang.' The Splendid Chinese Culture, 2020.

https://chiculture.org.hk/en/china-five-thousand-years/3754

১০. China Culture. 'Xinjiang Uyghur Muqam.'

https://en.chinaculture.org/focus/2005-09/13/content_72808_2.htm

১১. China Culture. 'Performance Art in Xinjiang.'

https://en.chinaculture.org/created/2005-12/08/content_76924_2.htm

১২. During, Jean. 'Uyghur Music.' World Uyghur Congress. উইঘুর সংগীতের আঞ্চলিক ধারা, বিশেষত তুরপান ও কুমুল মুকাম সম্পর্কে তথ্যের জন্য।

বিশেষ দ্রষ্টব্য: আরব মাকাম, ইরানি দস্তগাহ, তুর্কি মাকাম ও উইঘুর মুকাম একই সংগীতপদ্ধতি নয়। এদের মধ্যে ঐতিহাসিক ও তাত্ত্বিক যোগাযোগ থাকলেও প্রত্যেকটির নিজস্ব সুরকাঠামো, পরিবেশনরীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য রয়েছে।