মেন্যু
Menu

শিল্পীদের হাতে কেন ফ্যাসিবাদের রক্তাক্ত চাবুক?

১১ নভেম্বর, ২০২৬

কালচারাল ফ্যাসিজমের সবচেয়ে দুরভিসন্ধি রাজনীতি এবং চালাকি হলো–তারা বলতে চায় যে আমরা শুধু শিল্প-সাহিত্য করি, আমরা তো রাজনীতির সাতে-পাঁচে থাকি না, আমরা তো রাজনীতি বুঝি না! অথচ ফ্যাসিবাদ কায়েম করার জন্য ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের ব্যানারে শিল্পী-সাহিত্যিকরা শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছিল এবং তারা ক্ষমতার উচ্ছিষ্টভোগী ছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদের 'ব্রেইন চাইল্ড' হিসেবে কালচারাল ফ্যাসিস্টদের অবদান সবচেয়ে বেশি। আসলে তারা প্রগতিশীলতা, সেক্যুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধকে রক্ষা করার নাম করে মূলত হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে এবং তাদের হাতে অজস্র মানুষের রক্ত লেগে আছে; গুম, খুন, হত্যা ও লুটপাটের পক্ষে তারা বৈধতা উৎপাদন করেছে। তীব্র দমনপীড়নের মধ্যে তারা নির্যাতিত মানুষকে ছুঁড়ে দিয়েছে ‘শেখ হাসিনার বিকল্প কে?–এমন প্রশ্ন’–খুনির বিকল্প তারা দেখতে পায়নি, অথচ নিজেদের প্রগতিশীল চিন্তার ধারক ও বাহক দাবি করেছে।

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভূলুণ্ঠিত করে বিনা ভোটের যে নির্বাচনী ব্যবস্থা করা হয়েছিল, তার পক্ষে তারা বয়ান উৎপাদন করেছে। শেখ হাসিনা অপজিশনের যাদের জেল-জুলুমে হত্যা করে যাচ্ছিল, তাদের পোর্ট্রেট করা হয়েছিল মুক্তিযুদ্ধ ও সেক্যুলারিজমের শত্রু হিসেবে। ভয়ংকর ফ্যাসিবাদী বন্দোবস্তকে তারা স্বাভাবিক হিসেবে উপস্থাপন করেছে। যেন নাট্যমঞ্চের পর্দায় এটি সাময়িক দৃশ্যপট মাত্র, অথচ তার রেশ ও ক্ষত দীর্ঘমেয়াদী যন্ত্রণা হয়ে গেঁথে গিয়েছে ভিক্টিমের পরিবারের ওপর। আওয়ামী ফ্যাসিবাদকালীন গুম-খুন প্রতিদিন শিল্প-সাহিত্য-সংস্কৃতির রুমালে মুছে ফেলে যুগ থেকে যুগান্তরে তাদের হাতে লেগে রয়েছে রক্ত। তাদের একটাই বক্তব্য–আমরা তো রাজনীতির সাতে-পাঁচে থাকি না; অথচ তারা সবচেয়ে বেশি আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল ফ্যাসিবাদের জুলুমের পক্ষে। জবাবদিহিতা নিশ্চিত না করে শিল্প-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দায়মুক্তি দেওয়ার কাফফারা হলো নিজের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করা।

কালচারাল হেজিমনি ও শিল্পীরা রাজনীতি-নিরপেক্ষতার আড়ালে ফ্যাসিবাদের চর্চা সমূলে করে গেছেন। ইতালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ আন্তোনিও গ্রামসি (Antonio Gramsci) তাঁর বিখ্যাত 'Prison Notebooks'-এ বর্ণনা করেছেন যে, একজন স্বৈরাচারী শাসক বা ক্ষমতাসীন গোষ্ঠী শুধু পুলিশ, সেনাবাহিনী বা আদালত (Repressive State Apparatus) ব্যবহার করে দীর্ঘদিন শাসন টিকিয়ে রাখতে পারে না। তাদের প্রয়োজন হয় জনগণের 'সম্মতি' বা বৈধতা তৈরি করা। আর এই সম্মতি তৈরি করার কাজটি করে তথাকথিত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক ও শিল্পীরা (Ideological State Apparatus)।

বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে, কীভাবে গত ১৫ বছরে "সেক্যুলারিজম", "বাঙালি জাতীয়তাবাদ" বা "মুক্তিযুদ্ধের চেতনা"র নামে একটি নির্দিষ্ট বামপন্থী সাংস্কৃতিক গোষ্ঠী ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছে। তারা গুম, খুন, হত্যা এবং বিনা ভোটের নির্বাচনকে আড়াল করার জন্য শিল্পের আড়ালে একধরনের সাংস্কৃতিক ফ্যাসিবাদ চর্চা করেছে। আমাদের সবার প্রিয় টিভি-পর্দার বাকের ভাই ঠান্ডা মাথায় তার অপজিশনের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করার নির্দেশ দেন। অথচ, আসাদুজ্জামান নূর একজন নূরানী চেহারার নিরীহ অভিনেতা মাত্র–তাঁর চেহারা দেখলে মনে হবে তিনি একটা পিঁপড়া হত্যা করতে পারেন না; কিন্তু তিনি ছিলেন আওয়ামী ফ্যাসিবাদকালীন সময়ের সংস্কৃতিমন্ত্রী। একজন বর্ষীয়ান অভিনেতা তখন ক্ষমতাভোগী হয়ে ফ্যাসিবাদকে মেনে নিয়েছিলেন। আমরা খুব ভালো করে বুঝতে পারি নিশ্চয়, শিল্পীদের নান্দনিকতার আড়ালে এক বিভৎস ড্রাকুলা লুকিয়ে থাকে!

অথচ, বিরোধী দলের নেত্রী শহীদ বেগম খালেদা জিয়ার বাড়ি অবরুদ্ধ করে পচা ডিম ছোঁড়ার মতো প্রত্যক্ষ রাজনৈতিক হামলায় অংশ নেওয়ার পরও, পতন বা জবাবদিহিতার মুখে পড়ে চঞ্চল চৌধুরী ও রাহুল আনন্দের মতো শিল্পীদের মুখে দেখা যায়–"আমি তো রাজনীতি বুঝি না, আমি তো সাধারণ শিল্পী।" এটি অত্যন্ত সুচতুর ও দুরভিসন্ধিমূলক রাজনীতি। তাদের উদ্দেশ্য দিল্লির স্বার্থরক্ষা করা।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প-সাহিত্য কি তাঁর জমিদারী সত্তার ঊর্ধ্বে?

শিল্পীর সৃষ্টির সৌন্দর্য আর তাঁর ব্যক্তি বা সামাজিক সত্তার শোষণকে আলাদা করে দেখার অপচেষ্টা ইতিহাস মেনে নেয় না। রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে একজন বিশ্বমানের কবি ও সাহিত্যিক। কিন্তু এর পাশাপাশি তাঁর পরিবার–তাঁদের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং স্বয়ং রবীন্দ্রনাথ পূর্ববাংলার (কুষ্টিয়া, শিলাইদহ, পতিসর, শাহজাদপুর) প্রজাদের ওপর যে প্রথাগত জমিদারি শাসন চালিয়েছেন, কৃষকদের থেকে খাজনা আদায় করেছেন, তা ঐতিহাসিক সত্য। শিল্প-সাহিত্যের শ্রেষ্ঠত্ব দিয়ে এই সামাজিক ও অর্থনৈতিক শোষণের ইতিহাসকে মুছে ফেলে ঢালাও 'দায়মুক্তি' দেওয়া আদতে বুর্জোয়া বা এলিট সাংস্কৃতিক রাজনীতিরই অংশ।

১৯২৪ সালে পিকিং ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য দিতে গেলে কমিউনিস্ট ও আধুনিকপন্থী শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ করে এবং রবীন্দ্রনাথ বক্তব্য বন্ধ করে চলে যেতে বাধ্য হন। সামন্তবাদী জমিদারের বিরুদ্ধে শিক্ষার্থীরা লিফলেট ছড়িয়ে প্রতিবাদ জানায়। পৃথিবীর সবচেয়ে সফল কমিউনিস্ট বিপ্লবের দেশের কমিউনিস্টরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ ঔপনিবেশিক সামন্তবাদী জমিদার শ্রেণি হিসেবে আইডেন্টিফাই করলেও, বাংলাদেশের বামপন্থীরা জমিদার রবীন্দ্রনাথের আরাধনা করতে মগ্ন। আওয়ামী ফ্যাসিবাদকালীন সময়ে ফ্যাসিবাদের রক্তহিম আগ্রাসনে রবীন্দ্র মেলোডির মৃদুস্বরে মানুষ হত্যায় উজ্জীবিত ছিল একদল শিল্পী। ফ্যাসিবাদ ও জুলুমের সকল চেতনা ও অনুষঙ্গকে পরিপূর্ণভাবে উৎখাত করতে না পারলে, বারংবার একই নিপীড়ন ফিরে আসবে এই চাষাভুষার দেশে।

বৈশ্বিক বিপ্লব ও কালচারাল হেজিমনি ভাঙার ঐতিহাসিক ইতিহাস সাক্ষী দেয় যে, পৃথিবীর মহান বিপ্লবগুলোর পর বিপ্লবী সরকার বা জনগণ কখনোই সেইসব শিল্প-বুদ্ধিজীবীদের ছাড় দেয়নি, যারা স্বৈরাচার, সামন্তবাদ বা রাজতন্ত্রের সেবা করেছিল।

১. ফরাসি বিপ্লব (১৭৮৯): রাজপ্রাসাদের শিল্পীদের বিচার

ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে শুধু সম্রাট ষোড়শ লুই বা মারি অ্যানতোয়ানেতকে গিলোটিনে চড়ানো হয়নি, বরং যারা বুর্জোয়া ও রাজতন্ত্রের তোষামোদি করে কৃষক ও সাধারণ ফরাসিদের ওপর জুলুমকে শিল্প-সাহিত্যের মাধ্যমে বৈধতা দিয়েছিল, তাদেরও বিচারের মুখোমুখি করা হয়। জ্যাক-লুই ডেভিড ফরাসি বিপ্লবের সময় গঠিত 'কমিটি অফ পাবলিক সেফটি' রাজপ্রাসাদ সমর্থিত শিল্পী ও বুদ্ধিজীবীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন একাডেমি অব আর্টস ভেঙে দেওয়া হয়, কারণ তা ছিল রাজতন্ত্রের সাংস্কৃতিক হাতিয়ার।

ফরাসি মার্ক্সবাদী লুই আলথুসারের মতে, রাষ্ট্র টিকে থাকে দুটি হাতিয়ার ব্যবহার করে:

* এক. RSA (Repressive State Apparatus) 'নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র': এটি মূলত রাষ্ট্রের সরাসরি শক্তি প্রয়োগের হাতিয়ার, যেমন পুলিশ, সেনাবাহিনী, আদালত, আইন ও কারাগার। এগুলো সরাসরি শারীরিক বলপ্রয়োগ বা শাস্তির ভীতি দেখিয়ে সমাজকে নিয়ন্ত্রণে রাখে।

* দুই. ISA (Ideological State Apparatus) 'মতাদর্শগত রাষ্ট্রযন্ত্র': এটি রাষ্ট্রের মতাদর্শ বা চেতনা তৈরির হাতিয়ার; যেমন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়), ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও পরিবার। এগুলো কোনো বলপ্রয়োগ না করে মানুষের মনস্তত্ত্ব, চিন্তা ও সম্মতির জায়গাটি নিয়ন্ত্রণ করে শোষণকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে শেখায়।

২. ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব

লেনিন ও ট্রটস্কি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে জারের স্বৈরাচারী শাসনের পেছনে অর্থোডক্স চার্চ ও জার-বান্ধব সাহিত্যিকদের বিশাল ভূমিকা ছিল। জারতন্ত্রের পক্ষে যেসব সাহিত্যিক বা শিল্পী প্রচারণা চালিয়েছিলেন, বিপ্লবের পর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং বুর্জোয়া সাংস্কৃতিক ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মার্ক্সবাদী তাত্ত্বিকরা স্পষ্ট করে দিয়েছিলেন যে–"শিল্প কখনো শ্রেণির ঊর্ধ্বে নয়।" যে শিল্পী স্বৈরাচারের পক্ষে কাজ করেছে, সে আর যা-ই হোক, শোষিত মানুষের বন্ধু হতে পারে না।

৩. চীনা কমিউনিস্ট বিপ্লব (১৯৪৯) ও সাংস্কৃতিক বিপ্লব (১৯৬৬)

মাও সে-তুং তাঁর বিখ্যাত 'Talks at the Yenan Forum on Literature and Art' (১৯৪২)-এ স্পষ্ট বলেছিলেন:

"There is in fact no such thing as art for art's sake, art that stands above classes, art that is detached from or independent of politics."
অর্থাৎ: শিল্পের জন্য শিল্প বলে কিছু নেই। রাজনীতি ও সমাজশ্রেণির বাইরে গিয়ে নিরপেক্ষ কোনো শিল্প থাকা অসম্ভব।

১৯৪৯ সালে চীন কমিউনিস্ট বিপ্লবের পর যারা পূর্ববর্তী সামন্তবাদী ও চিয়াং কাই-শেকের অত্যাচারী শাসনের সাংস্কৃতিক ভিত্তি নির্মাণ করেছিল, তাদের বিচারের আওতায় আনা হয়। পরবর্তীতে ১৯৬৬ সালের 'সাংস্কৃতিক বিপ্লবে' কালচারাল হেজিমনি বা বুর্জোয়া বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে তারা "শিল্পের আড়ালে রাজনীতি করি না" বলে রেহাই না পায়।

ফরাসি দার্শনিক মিশেল ফুকো দেখিয়েছেন, ক্ষমতা শুধু ওপর থেকে চাপিয়ে দেওয়া হয় না, বরং তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। তাঁর মতে, ‘বুদ্ধিজীবী ও জ্ঞান উৎপাদনকারীরা (Regimes of Truth বা সত্যের কাঠামো তৈরি করে) আসলে শাসকশক্তির হাতকেই শক্তিশালী করেন। তারা নিরপেক্ষতার মুখোশ পরে সমাজে কোন আইডিয়াটা "স্বাভাবিক" আর কোনটা "অপরাধ" বা "উন্মাদনা" তা নির্ধারণ করে দেন, যা মূলত ক্ষমতারই সেবা করে।’

বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচারাল উপাদান হিসেবে রবীন্দ্রনাথকে অপব্যবহার করেছে আওয়ামী মদদপুষ্ট কবি-সাহিত্যিক ও শিল্পীরা। তাঁরা "রাজনীতি বুঝি না" বলে যতই দাবি করুন না কেন, তাঁদের শিল্প-সাহিত্যের আড়ালে ভারতীয় কালচারাল, রাজনৈতিক আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করার সবধরনের স্বপ্রণোদিত অনৈতিক প্রচেষ্টা ছিল। শিল্প-সাহিত্যের মানুষজন হয় মজলুমের পক্ষে থাকেন, নয়তো জালিমের পক্ষে থাকেন; কেউ অরাজনৈতিক বা নিরপেক্ষ হতে পারে না। জঁ-পল সার্ত্রে, বার্টোল্ট ব্রেখট অথবা কাজী নজরুল ইসলামের মতে, শিল্পের মূল কাজই হলো শোষিতের পক্ষে কথা বলা এবং রাষ্ট্রীয় বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।

কিন্তু বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদকালীন সময়ে মেইনস্ট্রিম কবি-সাহিত্যিক ও অভিনেতা-অভিনেত্রীরা নিরপেক্ষতার মুখোশে হাসিনার গুম-খুন, গণহত্যা, লুটপাট ও দুর্নীতির পক্ষেই ছিল। বাংলাদেশের বিগত স্বৈরশাসন ও ফ্যাসিবাদী আবর্তে একশ্রেণির শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৃশ্যত নিজেদের সাধারণ ও রাজনীতি-বিমুখ বলে দাবি করলেও বাস্তবে তারা ছিলেন ক্ষমতার উচ্ছিষ্টভোগী এবং ফ্যাসিবাদের প্রধান বয়ান প্রস্তুতকারী। বিরোধী মতের দমনপীড়ন, বিনা ভোটের নির্বাচন এবং রাজনৈতিক বন্দীদের ওপর চলা নির্যাতনের বিরুদ্ধে তারা কলম বা জবান উচ্চারণ করা তো দূরের কথা, উল্টো শাসকগোষ্ঠীর পক্ষে সাংস্কৃতিক প্রলেপ লাগিয়েছিল।

এখন সেই "রাজনীতি বুঝি না" বলা একদল কালচারাল ফ্যাসিস্ট শেখ হাসিনার গুম-খুন ও গণহত্যাকে স্বাভাবিকীকরণ করতে টিভি টকশোতে উঠেপড়ে লেগেছে। যার যতটুকু প্রাপ্য শাস্তি, তা ট্রায়ালের মধ্য দিয়ে নিশ্চিত না করতে পারলে ‘গণশত্রুরা বিধ্বংসী হয়ে উঠবে’ এবং আবার ফ্যাসিজম তাদের হাত ধরে ফিরে আসবে।

তথ্যসূত্র:

  • Stephen N. Hay: Asian Ideas of East and West (Harvard University Press)

  • Sisir Kumar Das: The Controversial Guest: Tagore's 1924 Visit to China

  • তাছাড়া: চেন দুশিউ সম্পাদিত সাময়িকী Xin Qingnian এবং কালিদাস নাগের ভ্রমণ বিবরণী।