ইতিহাসের আলোকে দেশ বিভাগ ও কায়েদে আযম জিন্নাহ
[এই লেখাটি ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এম. এ. মোহাইমেনের লেখা ‘ইতিহাসের আলোকে দেশ বিভাগ ও কায়েদে আযম জিন্নাহ’ বই থেকে সংগৃহীত। উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের ছয় দফা তাঁর প্রেস থেকেই ছাপা হয়েছিল।]
কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অধিকাংশ বুদ্ধিজীবী অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞতার কারণে অথবা সংকীর্ণ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে জিন্নাহ সাহেবকে সংকীর্ণমনা, সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক মনোভাব সম্পন্ন
ইংরেজের পদলেহী চাটুকার বলে চিত্রিত করে প্রথমাবধি এদেশের যুব সমাজের কাছে অগ্রহণীয় করে তোলার প্রয়াস পাচ্ছিলেন। মনে হয় সমগ্র প্রচারটাই ছিল উদ্দেশ্যমূলক, পাকিস্তানের জনকের প্রতি ঘৃণার সৃষ্টি করে পাকিস্তানকে দুর্বল করে ফেলা। পাকিস্তানের আন্দোলনের সাথে যাঁরা সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাঁদের প্রতি ঘৃণা সৃষ্টি করা।
জিন্নাহ সাহেবকে বাঙ্গালী যুব সমাজের কাছে হেয় প্রতিপন্ন ও অশ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে প্রমাণ করার জন্য তারা প্রধান দুটি যুক্তির অবতারণা করেন।
একটি হলো জিন্নাহ সাহেব জোর করে বাঙালিদের ওপর রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিলেন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা যেহেতু বাংলা, তাই বাংলাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে- এটাই পূর্ব পাকিস্তানের মানুষের দাবি ছিল। একমাত্র বাংলা যদি রাষ্ট্রভাষা না-ও হয়, তথাপি উর্দুর সঙ্গে বাংলাও রাষ্ট্রভাষা হবে- এটাই ছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী পূর্ব পাকিস্তানিদের দাবি। এ দাবিকে উপেক্ষা করে জিন্নাহ সাহেবের উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার পীড়াপীড়ির পিছনে জিন্নাহ-বিরোধীরা তার বাঙালি-বিদ্বেষী মনোভাব ও পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষার ঐকান্তিক আগ্রহের প্রমাণ বলে মনে করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা, জিন্নাহ সাহেবের মাতৃভাষা ছিল উর্দু। তাই উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবির পিছনে জিন্নাহ সাহেবের স্বীয় ভাষার প্রতি পক্ষপাতিত্বের নিদর্শন মনে করে বাঙালি মাত্রই ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু অধিকাংশ বাঙালিই জানে না যে, জিন্নাহ সাহেবের মাতৃভাষা ছিল গুজরাটি- উর্দু নয়। উর্দুকে রাষ্ট্রভাষা করার পিছনে তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী পাঁচটি প্রদেশকে একই ভাষার মাধ্যমে এক জাতিতে পরিণত করা। ভাষা যেহেতু জাতি গঠনের মাধ্যম হিসেবে অনন্য অবদান রাখতে সক্ষম, তাই এক ভাষার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি-সম্পন্ন মানুষগুলোকে এক জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য উর্দুকে মাধ্যম হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তার ধারণা ছিল উর্দু যেহেতু বাংলা, পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তান- কারোই ভাষা নয়, তবে সব প্রদেশগুলোতেই এ ভাষা মোটামুটি বোধগম্য, তাই এ ভাষাকে রাষ্ট্রভাষা করলে সবাই মোটামুটি মেনে নেবে এবং বিরোধিতা তেমন হবে না। কিন্তু বাংলা যেহেতু পাকিস্তানের অন্যান্য অংশে বোধগম্য নয়, তাই বাংলাকে রাষ্ট্রভাষা করলে অন্যান্য প্রদেশ থেকেও তাদের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠবে। উর্দু যেহেতু পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা নয়, এটি ভারতের যুক্ত-প্রদেশের মুসলমানদের ভাষা, যার সঙ্গে সারা ভারতের মুসলমানরা মোটামুটি পরিচিত, তাই এ ভাষা রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে পাকিস্তানের সকল অংশের মানুষ সহজে রাজি হবে।
এক জাতি গঠনের লক্ষ্যে জিন্নাহ সাহেব যে এ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর পিছনে তার কোনো সংকীর্ণ মনোভাব ছিল না, এর প্রমাণ পাওয়া যায় ভারতে কংগ্রেস নেতৃবৃন্দের হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত থেকে। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার পিছনে কী উদ্দেশ্য ও মনোভাব প্রধানমন্ত্রী হিসেবে জওয়াহেরলালের চিন্তাকে প্রভাবিত করেছিল তার প্রমাণ পাওয়া যায় তার রচিত 'Glimpses of World History' থেকে। তিনি যখন ১৯১২ সালে সান ইয়াৎ সেনের সঙ্গে দেখা করার জন্য চীনে যান, তখন তার অভিজ্ঞতা সম্বন্ধে তিনি লিখেছেন- চীনের উত্তর অঞ্চল মাঞ্চুরিয়া থেকে দক্ষিণে নানকিং পর্যন্ত এ সাড়ে তিন হাজার মাইলের বিরাট দেশে সমস্ত মানুষই চীনা ভাষায় কথা বলে, যদিও উত্তর আর দক্ষিণের মধ্যে উচ্চারণে স্থানীয় কিছু কিছু পার্থক্য রয়েছে। এ পার্থক্য সত্ত্বেও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এ বিরাট দেশের লোক একজনের কথা আরেকজন সহজে বুঝতে পারে। এর ফলে এই বিরাট দেশের মানুষগুলোর মধ্যে একটা অখণ্ড জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে, যেটা ভারতে সম্পূর্ণ অনুপস্থিত।
চীনের ঐক্য ও জাতীয়তাবোধের প্রেক্ষিতে তিনি দুঃখ করে বলেছেন-হায়রে আমার ভারতবর্ষ, সেখানে বাঙালি গুজরাটির ভাষা বুঝে না, গুজরাটি আবার মারাঠিদের ভাষা বুঝে না। মারাঠিরা আবার তামিলদের ভাষা বুঝে না। তারা প্রত্যেকে একজন থেকে আরেকজন সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র জীবন যাপন করছে। কারও মধ্যে ভাষার বিভিন্নতার কারণে চিন্তার দিক থেকে কোনো ঐক্যবোধ নেই। এক জাতি হিসেবে নিজেদেরকে এরা চিন্তাই করতে পারে না।
চীনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি লিখেছিলেন, ভারত যদি কখনো স্বাধীন হয়, তবে এই বিভিন্ন ভাষাভাষী মানুষগুলোকে এক জাতিতে পরিণত করার জন্য ভাষাই হবে একমাত্র বন্ধন। স্বাধীনতা পরবর্তীকালে হিন্দিকে রাষ্ট্রভাষা করার পিছনে খুব সম্ভব তার এ মনোভাবই কাজ করেছিল। তিনি ভেবেছিলেন হিন্দি যেহেতু কোনো বিশেষ প্রদেশের ভাষা নয়, কিন্তু ভারতের সব প্রদেশের লোকই এটা মোটামুটি বুঝতে পারে, তাই তিনি বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের মানুষদেরকে এক ভারতীয় জাতি হিসেবে গড়ে তুলবার মানসে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসেবে প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের উত্তর অঞ্চলে তিনি সফল হলেও দক্ষিণ অঞ্চলে অদ্যাবধি সফল হননি। দক্ষিণের তামিল, তেলেগু অর্থাৎ বৃহত্তর মাদ্রাজ অঞ্চল আজও হিন্দিকে গ্রহণ করেনি। যেমন বাংলাদেশ উর্দুকে গ্রহণ করেনি। হিন্দিকে ভারতে রাষ্ট্রভাষা করার পিছনে জওয়াহেরলালের যেমন সৎ ইচ্ছাই ছিল, কোনো কুমতলব ছিল না, তেমনই আমাদের মনে হয় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পিছনে জিন্নাহ সাহেবেরও সৎ উদ্দেশ্যই ছিল, কোনো প্রকার উদ্দেশ্য-প্রণোদিত দুরভিসন্ধি ছিল না। তার গৃহীত নীতি হয়তো ভুল হতে পারে, তবে এর পিছনে যে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এটা নিঃসন্দেহে বলা চলে।
জিন্নাহ সাহেবের প্রতি দ্বিতীয় অভিযোগ হলো যে তিনি ১৯৪৬ সালের মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগ কনভেনশনে দুই সার্বভৌম স্টেটকে এক স্টেটে রূপান্তরিত করেন। ৪০ সালের মূল লাহোর প্রস্তাবে ছিল পূর্ব
ও পশ্চিম সীমান্তে দুটি সার্বভৌম স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন হবে। ৪৬ সালে তিনি দুই রাষ্ট্রের জায়গায় এক রাষ্ট্র গঠন করে বাংলার মুসলমানদের পশ্চিম পাকিস্তানিদের অধীন করার ষড়যন্ত্র করেছিলেন। আমাদের পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীরা জিন্নাহর ৪৬ সালের এই পরিবর্তনকে বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে তাকে বাঙালির শত্রু হিসেবে প্রতিপন্ন করার প্রয়াস চালিয়ে আসছে।
জিন্নাহ সাহেবের গণতন্ত্রের চেতনা, তার নির্লোভ চরিত্র ও যুক্তিবাদী চিন্তার সঙ্গে যারা পরিচিত, তাদেরকে তার শেষ মুহূর্তের এ সিদ্ধান্ত নেওয়ার পিছনে জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে কোনো তাগিদ ছিল কিনা এ ব্যাপারে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। জিন্নাহ সাহেব জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানের লোক ছিলেন না, তার মাতৃভাষা উর্দু ছিল না। ধন-দৌলতের প্রতি তার কোনো মোহ ছিল না। খ্যাতনামা ব্যারিস্টার হিসেবে বিপুল অর্থ উপার্জনের মারফত যে অগাধ সম্পত্তির মালিক তিনি হয়েছিলেন, সে অর্থ নিজের একমাত্র কন্যাকে দান না করে দেশের জন্য তিনি দান করে গিয়েছিলেন। এহেন ব্যক্তির কাছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের স্বার্থকে আলাদা চোখে দেখার কোনো কারণ ছিল বলে মনে হয় না। দুই অঞ্চলের লোকের স্বার্থকে তার মতো সচ্চরিত্র ও ন্যায়নিষ্ঠ ব্যক্তির সমান দৃষ্টিতে দেখাই ছিল স্বাভাবিক। এই সম্পর্কে গভীরভাবে যারা চিন্তা করেছেন, তাদের কাছে তাই মনে হয়েছে পূর্বাঞ্চলের অধিবাসীদের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।
১৯৪৬ সালে কেবিনেট মিশন প্ল্যানের আলোচনার সময় আলোচনার বিভিন্ন স্তরে এবং শেষ পর্যন্ত যখন কেবিনেট মিশন প্ল্যান প্রত্যাখ্যাত হয়, তখন জিন্নাহ সাহেব বুঝতে পেরেছিলেন যে, তার কল্পিত পুরো পাকিস্তান তিনি হয়তো পাবেন না। কংগ্রেসের চাপে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত পাঞ্চাব ও বাংলাকে ভাগ করে ফেলতে পারে এবং আসামের অধিকাংশ অঞ্চল হাতছাড়া হয়ে যেতে পারে। এমতাবস্থায় খণ্ডিত বাংলা ও আসামের যেটুকু পাওয়া যেতে পারে, তা দিয়ে সার্বভৌম রাষ্ট্র হলে তার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব কিনা সন্দেহ। পূর্বাঞ্চলে এই ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রটিকে পশ্চিমাঞ্চলের বৃহৎ অংশের সঙ্গে একত্র করে এক রাষ্ট্র করাই পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রটিকে রক্ষা করার সর্বোত্তম উপায় বলে তিনি বিবেচনা করলেন। এ কারণেই ৪৬-এর মার্চে দিল্লিতে লীগের ওয়ার্কিং কমিটি ডেকে দুই রাষ্ট্রের পরিবর্তে এক রাষ্ট্র করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পূর্বাঞ্চলে যে ক্ষুদ্র এলাকা নিয়ে সার্বভৌম পূর্ব পাকিস্তান রাষ্ট্র গঠিত হতো, সে রাষ্ট্রকে অস্তিত্ব রক্ষার জন্য যেসব সম্ভাব্য প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক সমস্যার সম্মুখীন হতে হতো, সে সম্পর্কে নিম্নোক্ত আলোচনা থেকে এক রাষ্ট্র করার জিন্নাহর সিদ্ধান্ত কতখানি বাস্তবধর্মী ছিল তা প্রতীয়মান হয়।
মাউন্টব্যাটেনের চক্রান্তের ফলে আমরা গোটা আসাম ও অখণ্ড বাংলার অর্ধেকের মতো শেষ পর্যন্ত হারিয়ে পূর্বাঞ্চলের যে অংশটুকুর মালিক হয়েছিলাম, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে আমরা সক্ষম হতাম না নিম্নোক্ত কারণগুলোর জন্য- যেহেতু ব্রিটিশ আর্মিতে বাঙালিদের সংখ্যা ছিল অতি নগণ্য, তাই যে সময় দেশ-ভাগ হয়, সেই সময় নব্য-স্বাধীন দেশটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য কোনো সেনাবাহিনী গঠন করার মতো লোক আমাদের ছিল না। সব মিলিয়ে ওই সময় চার-পাঁচজন বাঙালি কিংস কমিশন অফিসার ও পঞ্চাশ-ষাটজন জেসিও এবং শ'-দুয়েক সিপাহি আমাদের হাতে ছিল, যাদের দিয়ে দু'-চার অথবা ছয় মাস তো দূরের কথা, দু'-এক বছরের মধ্যেও কোনো সেনাবাহিনী গড়ে তোলা সম্ভব ছিল না। এছাড়া, পূর্ব পাকিস্তানের সাড়ে চার কোটি লোকের উনিশটি জেলায় পুলিশ প্রশাসন আমরা গড়ে তুলতাম কীভাবে? উনিশটি জেলায় কম করে হলেও দু'শত থানায় পঞ্চাশ জন করে অফিসার ও সিপাহি দিতে গেলেও আমাদের কমপক্ষে পাঁচ-সাত শত অফিসার ও আট-নয় হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সিপাহি কনস্টেবলের দরকার ছিল। এতগুলো অফিসার ও সিপাহি কনস্টেবল যেখানে প্রয়োজন, সেখানে দেশ-ভাগের সময় ঊর্ধে শ'খানেক অফিসার ও তিন-চার শত কনস্টেবল ও সিপাহি আমাদের হাতে ছিল। প্রয়োজনীয় সংখ্যক এই পাঁচ-সাত শত অফিসার ও আট-নয় হাজার কনস্টেবল সিপাহি রাতারাতি তৈরি করে পুলিশ প্রশাসন চালু করা আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। কিন্তু এক পাকিস্তান হওয়ার ফলে ভারতের বিভিন্ন অংশের পুলিশ বিভাগের কয়েক হাজার লোক এসে হাজির হওয়ায় পুলিশ প্রশাসন গড়ে তুলতে আমাদের কোনো অসুবিধা হয়নি।
তৎকালে দেশ শাসনের জন্য প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কেও একই কথা বলা চলে। জেলার প্রশাসক হিসেবে কাজ করার মতো দক্ষ লোক আমাদের একজনও ছিল কিনা সন্দেহ। ব্রিটিশ আমলে জেলার কর্তা হতেন অভিজ্ঞ আইসিএস অফিসাররা। দেশ-বিভাগের সময় আমাদের হাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করা কোনো আইসিএস অফিসারই ছিল না। দেশ-বিভাগের পূর্বে পাশ করা আইসিএস বাঙালিদের মধ্যে একজনই হয়েছিলেন, যার নাম আখতারুজ্জামান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার লোক, দেশ-বিভাগের সময় তিনি পাকিস্তানে না এসে ভারতে থেকে যান। সে সময় অবিভক্ত বাংলায় দু'জন মাত্র বাঙালি আইসিএস ছিলেন। তারা হলেন নূরন্নবী চৌধুরী ও মি. মোর্শেদ। তবে
দু'জনই ছিলেন নমিনেটেড আইসিএস। এ দু'জনের মধ্যে নূরন্নবী সাহেব এ-দেশে এসেছিলেন। মোর্শেদ সাহেব পশ্চিমবঙ্গে রয়ে যান। এ অবস্থায় উনিশটি জেলা ও ষাট-সত্তরটি সাব-ডিভিশনে প্রশাসন ব্যবস্থা গড়ে তুলবার মতো লোক আমরা কোথায় পেতাম? বাঙালি আইসিএস একজনও ছিল না। ডেপুটি, সাব-ডেপুটি আমাদের হাতে তখন বিশ-পঁচিশ জনের বেশি ছিল কিনা সন্দেহ। এ অবস্থায় স্বাধীন পূর্ব পাকিস্তানের প্রশাসন-যন্ত্র গড়ে তোলা ছিল প্রায় অসম্ভব এবং উপযুক্ত প্রশাসন-যন্ত্র ছাড়া দেশ একদিনও চলতে পারতো না। এ অবস্থায় অত্যন্ত বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা জিন্নাহ সাহেব খণ্ডিত স্বাধীন পূর্ব পাকিস্তান ভবিষ্যতে যে-সব সমস্যার সম্মুখীন হবে, তা বুঝতে পেরেছিলেন বলেই এক পাকিস্তান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এক পাকিস্তান হওয়ার ফলে বিহার, উড়িষ্যা, যুক্তপ্রদেশ, আসাম থেকে মুসলমান রেলওয়ে অফিসার ও দক্ষ কর্মচারী ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছিল বলেই আমরা আমাদের কয়েকশত মাইল রেলওয়েকে তখন চালু রাখতে সক্ষম হয়েছিলাম। রেলওয়ে চালু রাখার জন্য আমাদের যেখানে কয়েক হাজার দক্ষ লোকের প্রয়োজন ছিল, সেখানে বাঙালি টিটি, স্টেশন মাস্টার, ট্রেন চালক ও কর্মচারী ছিল সর্বসাকুল্যে কয়েকশত। তাই এক পাকিস্তান হওয়াতেই বিহার, উড়িষ্যা, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসামের দক্ষ রেলওয়ে কর্মীদের সাহায্য-সহযোগিতা আমরা পেয়েছিলাম, না হলে অবাঙালি সবাই পশ্চিম পাকিস্তানে চলে যেত। এক পাকিস্তান হওয়ার ফলে বিহার, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বহু পুলিশ অফিসার, প্রশাসনে দক্ষ আইসিএস ও অন্যান্য বিভাগের অবাঙালি অফিসার পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছিল বলেই আমরা বেসামরিক প্রশাসন ও পুলিশ বিভাগ গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম।
সব সমস্যার মধ্যে সামরিক বিভাগের দুর্বলতার কথাই বোধহয় জিন্নাহ সাহেব সবিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন। কাজেই তিনি বুঝতে পেরেছিলেন যে, পূর্ব পাকিস্তানে কোনো উপযুক্ত সৈন্য বাহিনী না থাকলে পার্শ্ববর্তী ভারত যেকোনো অজুহাতে যেকোনো সময়ে পূর্ব পাকিস্তানকে গ্রাস করে নিতে পারে এবং একবার কোনোভাবে নিতে পারলে পশ্চিম পাকিস্তানের যত আপত্তি ও সমবেদনাই থাকুক না কেন, শেষ পর্যন্ত জাতিসঙ্ঘে প্রস্তাব পাশ করানো ছাড়া আর কিছুই করার থাকবে না। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান যেহেতু আলাদা রাষ্ট্র, তাই পূর্ব পাকিস্তান আক্রান্ত হলে পশ্চিম পাকিস্তানের পক্ষে যুদ্ধে নামা মোটেই সম্ভব হবে না। কিন্তু এক পাকিস্তান যুদ্ধে নামতে বাধ্য এবং ভারত এটা বুঝবে বলে সহজে পূর্ব পাকিস্তান আক্রমণ করতে সাহস করবে না।
জিন্নাহ সাহেবের সিদ্ধান্ত ও ধারণা যে সঠিক ছিল, পরবর্তী ঘটনা থেকে তা স্পষ্ট প্রমাণিত হয়। বিভিন্ন অসিলায় ভারত যখন পর পর জুনাগড়, মান্ডাভার ও হায়দারাবাদ দখল করে নিলো, তখন পাকিস্তান অসহায়ের মতো শুধু তাকিয়েই রইল, কিছুই করতে পারল না। এর পূর্বে কাশ্মীরেরও দুই-তৃতীয়াংশ যখন দখল করে নিলো, পাকিস্তান যুদ্ধে নেমেও আজ পর্যন্ত তার কোনো ফয়সালা করতে পারেনি। উপরোক্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে চিন্তা করলে পরিষ্কার মনে হয়, ১৯৪৬ সালে এক পাকিস্তান করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেটা আমাদের পূর্ব পাকিস্তানিদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নিয়েছিলেন। এ সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানিদের স্বার্থে নেওয়া হয়নি। এখানে স্মরণযোগ্য, পঁচিশ বছর পর যখন আমরা স্বাধীন হয়ে আলাদা হয়ে গেলাম, তখনকার পরিস্থিতি সম্পূর্ণ স্বতন্ত্র ছিল। এ পঁচিশ বছরে আমরা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বিভাগ গড়ে তুলেছি। আমাদের সৈন্য বাহিনীও ততদিনে গড়ে উঠেছে। তাই নতুন রাষ্ট্র পরিচালনায় আমাদের কোনো বেগ পেতে হয়নি।
উপরোক্ত বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করলে পরিষ্কার বুঝা যায়, পূর্বাঞ্চলের সম্ভাব্য ভবিষ্যৎ অবস্থার কথা চিন্তা করেই জিন্নাহ সাহেব 'states' থেকে 's' বাদ দিয়ে 'state' করেছিলেন আমাদের ভবিষ্যৎ মঙ্গল ও নিরাপত্তার জন্যে, পশ্চিম পাকিস্তানের সুবিধার জন্যে নয়।