মেন্যু
Menu

ক্ষমতার নৈতিক ব্যাকরণ ও গুলিস্তাঁর রাষ্ট্রদর্শন | আনাস ইসলাম

৪ মার্চ, ২০২৬

আধুনিক রাষ্ট্রচিন্তায় ক্ষমতা যখন আইন, সার্বভৌমত্ব ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার এক দৃশ্যমান কাঠামো, শেখ সাদীর ‘গুলিস্তাঁ’ তখন আমাদের সামনে হাজির করে এক ভিন্নতর ‘নৈতিক শাসনবোধ’ (Ethical Governmentality) । সমকালীন তাত্ত্বিক মিশেল ফুকো ক্ষমতাকে যেখানে নাগরিক নিয়ন্ত্রণের প্রযুক্তি হিসেবে দেখেন, সাদী সেখানে ক্ষমতাকে দেখেন শাসকের ‘আত্মসংযম’ ও ‘আখলাক’-এর মানদণ্ড হিসেবে।

আল-ফারাবির তাত্ত্বিক কল্পনাপ্রসূত আদর্শ রাষ্ট্র (Utopia) বা আধুনিক রাষ্ট্রের যান্ত্রিক আইনি কাঠামোর বিপরীতে গুলিস্তাঁ রাষ্ট্রকে একটি ‘নৈতিক পরীক্ষাক্ষেত্র’ হিসেবে উপস্থাপন করে। এখানে ন্যায়বিচার কেবল আইনের প্রয়োগ নয়, বরং শাসকের চারিত্রিক উৎকর্ষের প্রতিফলন। নওশিরওয়ানের ন্যায়পরায়ণতা থেকে শুরু করে ‘রাহমাহ’ বা অনুগ্রহকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে সাদী ক্ষমতার এক বিকল্প বংশানুক্রম (Alternative Genealogy) নির্মাণ করেন।

এই পাঠের মূল উদ্দেশ্য হলো—আইন, প্রতিষ্ঠান ও বয়ান বা আখ্যানের (Narrative) সমন্বয়ে গুলিস্তাঁ কীভাবে একটি প্রাক-আধুনিক হয়েও অনন্য আধুনিক রাজনৈতিক দর্শনের দর্পণ হয়ে ওঠে, তা অন্বেষণ করা। যেখানে প্রশ্নটি কেবল রাষ্ট্রের শক্তি নিয়ে নয়, বরং শাসকের নৈতিক বৈধতা নিয়ে।

 

রাজনৈতিক ক্ষমতা: আইন, প্রতিষ্ঠান ও নৈতিকতা

আধুনিক রাষ্ট্রচিন্তায় ক্ষমতা (Power) সাধারণত একটি দৃশ্যমান, কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা হিসেবে পরিগণিত হয়। রাজনৈতিক দর্শনের ভাষায় একে প্রধানত তিনটি পরস্পরসম্পর্কিত কিন্তু পৃথক মাত্রায় বিশ্লেষণ করা যায়—

১. প্রাতিষ্ঠানিক ক্ষমতা (Institutional Power): আইন, সংবিধান, প্রশাসনিক কাঠামো ও বিচারব্যবস্থার মাধ্যমে ক্ষমতার প্রয়োগ। এখানে ক্ষমতা নিরপেক্ষ কাঠামোর ভেতর সংরক্ষিত ও কার্যকর।

২. সার্বভৌম ক্ষমতা (Sovereign Power): শাসকের চূড়ান্ত সিদ্ধান্তমূলক কর্তৃত্ব। কার্ল শ্মিট-এর ভাষায়, ‘সার্বভৌম তিনিই, যিনি জরুরি অবস্থা বা ব্যতিক্রমী পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন।’ এই ক্ষমতা সংকট মুহূর্তে আইন স্থগিত করার অধিকার পর্যন্ত বিস্তৃত।

৩. শৃঙ্খলাবদ্ধ বা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা (Disciplinary Power): দেহ, আচরণ ও নৈতিক অভ্যাসের ওপর সূক্ষ্ম, অদৃশ্য ও ধারাবাহিক নিয়ন্ত্রণ।

মিশেল ফুকো দেখিয়েছেন যে, আধুনিক রাষ্ট্রে ক্ষমতা আর প্রধানত রাজদণ্ড বা শাসকের সরাসরি আদেশে কাজ করে না; বরং কাজ করে আদর্শগত নিয়মাবলী (Normative Regulation) ও স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার (Internalized Discipline) মাধ্যমে। তাঁর ভাষায়, ক্ষমতার কাজ এখন আর কেবল ‘শাস্তি দেওয়া’ নয়, বরং ‘আজ্ঞাবহ নাগরিক তৈরি করা’। এখানে ক্ষমতা বাহ্যিক বলপ্রয়োগের মাধ্যমে নয়, বরং কার্যকর হয় আত্মনিয়ন্ত্রণ, নৈতিক স্বীকৃতি ও অভ্যাসগত আনুগত্যের ভেতর দিয়ে।

এই তাত্ত্বিক প্রেক্ষাপটে শেখ সাদীর গুলিস্তাঁ একটি ব্যতিক্রমী, প্রাক-আধুনিক কিন্তু গভীরভাবে ক্ষমতা-বিমুখ (Anti-power-centric) রাজনৈতিক বয়ান হাজির করে।

গুলিস্তাঁর বর্ণনায় রাষ্ট্রক্ষমতা আইন, প্রশাসনিক দমন কিংবা শাস্তির ভয় দিয়ে প্রতিষ্ঠিত হয় না। বরং তা দাঁড়িয়ে থাকে তাজকিয়াতুন নাফস (تزكية النفس) বা নৈতিক আত্মসংযমের ওপর। সাদীর শাসক জনগণকে নিয়ন্ত্রণ করে না; সে প্রথমে নিয়ন্ত্রণ করে নিজেকে। ক্ষমতার উৎস এখানে আখলাক (أخلاق) বা নৈতিক চরিত্র, আদল (عدل) বা ন্যায়বিচার, হিলম (حِلم) বা সহনশীলতা এবং জুহদ (زهد) বা ক্ষমতার প্রতি অনাসক্তি।

গুলিস্তাঁয় আমরা যে রাষ্ট্রচিন্তা পাই, তা আধুনিক শাসনপদ্ধতির বিপরীতে একটি নৈতিক শাসনব্যবস্থা (Ethical Governmentality)। আধুনিক রাষ্ট্র বলে জনসমষ্টির শৃঙ্খলাবদ্ধকরণ, আইনকেন্দ্রিক শাসনব্যবস্থা, নজরদারি ও ভয়ভিত্তিক আনুগত্যের কথা। আর সাদী জোর দেন শাসকের আত্মশাসন, নৈতিকতা-কেন্দ্রিক শাসনব্যবস্থা, অভ্যন্তরীণ আধ্যাত্মিক সচেতনতা (মুরাকাবা) ও নৈতিক কর্তৃত্বভিত্তিক আনুগত্যের প্রতি। সাদীর রাজনৈতিক দর্শনে শাসকের বৈধতা (Political Legitimacy) আসে ক্ষমতার সংযম থেকে; ক্ষমতার বিস্তার থেকে নয়।

এই অর্থে গুলিস্তাঁ একটি বিকল্প ইসলামী ক্ষমতার বংশানুক্রম (Islamic Genealogy of Power), যেখানে রাষ্ট্র গঠিত হয় নৈতিক কর্তৃত্ব এবং সবশেষে সামাজিক শৃঙ্খলার মাধ্যমে। আইন এখানে ফল, উৎস নয়।

শেখ সাদীর গুলিস্তাঁ আমাদের দেখায় যে, ইসলামী রাজনৈতিক চিন্তা কেবল খিলাফত, ফিকহ বা শাসনব্যবস্থার ইতিহাস নয়; বরং এটি একটি আখ্যান-নির্ভর নৈতিক রাজনীতি (Narrative-based Ethical Politics), যেখানে গল্প, উপদেশ ও নৈতিক আদর্শই রাষ্ট্রচিন্তার প্রধান বাহন। রাষ্ট্র এখানে ক্ষমতার যন্ত্র নয়; বরং নৈতিক শিক্ষার প্রতিফলন। ফলে গুলিস্তাঁ আধুনিক রাষ্ট্রের একটি সমালোচনামূলক আয়না। এখানে প্রশ্ন তোলা হয়—রাষ্ট্র কতটা শক্তিশালী তা মুখ্য নয়, বরং শাসক কতটা নৈতিক সেটাই মূল আলোচ্য।

 

আল-ফারাবি ও সাদী: আদর্শ রাষ্ট্র বনাম নৈতিক শাসক

ইসলামী রাজনৈতিক দর্শনের ইতিহাসে আল-ফারাবি (মৃত্যু ৯৫০ খ্রি.) ও শেখ সাদী (মৃত্যু ১২৯২ খ্রি.) দুই ভিন্ন কিন্তু পরস্পর-সংলগ্ন বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন। উভয়েই রাষ্ট্র ও শাসন নিয়ে কথা বলেন, কিন্তু তাঁদের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু সম্পূর্ণ ভিন্ন।

আল-ফারাবির কাছে রাষ্ট্র একটি দার্শনিক নির্মাণ (Philosophical Construct), আর সাদীর কাছে রাষ্ট্র একটি নৈতিক পরীক্ষাক্ষেত্র (ميدان الابتلاءالأخلاقي)।

আল-ফারাবির ‘আল-মদিনা আল-ফাদিলা’–এ রাষ্ট্র গঠিত হয় একটি সুসংহত উদ্দেশ্যমূলক শৃঙ্খলার (Teleological Order) ওপর। রাষ্ট্রের মূল লক্ষ্য হলো মানবিক উৎকর্ষ (سعاده), যা অর্জিত হয় জ্ঞান (علم) ও প্রজ্ঞা (حكمة)–র স্তরবিন্যাসের মাধ্যমে। এই রাষ্ট্রে সমাজ একটি শ্রেণিবিন্যাসিত জ্ঞানতাত্ত্বিক কাঠামো (Hierarchical Epistemic Structure)। প্রতিটি শ্রেণি নির্ধারিত হয় তার জ্ঞানগত সক্ষমতা অনুযায়ী। এখানে ন্যায়বিচার (عدل) আসে প্রত্যেকের সঠিক স্থানবিন্যাস থেকে। আল-ফারাবির শাসক হলেন দার্শনিক-রাজা (الرئيس الأول), যিনি যুক্তি (عقل) ও ওহী (وحي)–র সমন্বয় ঘটান এবং যাঁর নৈতিক অবস্থান প্রায় অভ্রান্ত। এখানে রাষ্ট্র একটি আদর্শিক মানদণ্ড (Normative Ideal), যেখানে বাস্তব মানবিক দুর্বলতা প্রায় অনুপস্থিত।

অন্যদিকে, শেখ সাদীর কাছে রাষ্ট্র কোনো ধরনের কাল্পনিক নীলনকশা (Utopian Blueprint) নয়; রাষ্ট্র হলো মানুষের চরিত্র (خُلُق) উন্মোচনের ক্ষেত্র। সাদীর রাজনৈতিক চিন্তা দাঁড়িয়ে আছে মানবিক দুর্বলতা, ক্ষমতার লোভ, অনুগ্রহ (رحمة) ও অনুশোচনা (توبه)–র বাস্তব অভিজ্ঞতার ওপর। এখানে রাষ্ট্র আদর্শ কাঠামো নয় বরং একটি নৈতিক মল্লভূমি (Ethical Arena)—যেখানে শাসক প্রতিনিয়ত পরীক্ষিত হন।

এই পার্থক্য সবচেয়ে স্পষ্ট হয় শাসকের ধারণায়। আল-ফারাবির শাসক ‘দার্শনিক-রাজা’, যিনি জ্ঞানের সর্বোচ্চ স্তরে আসীন। আর সাদীর শাসক একজন নৈতিকভাবে দায়বদ্ধ মানুষ (Morally Accountable Human Being), যিনি ভুল করতে পারেন এবং ক্ষমতার ভারে নৈতিকভাবে বিপন্ন হতে পারেন। সাদীর শাসক নিজেকে নিরন্তর প্রশ্ন করে (মুহাসাবাতুন নাফস), ক্ষমতাকে আমানত হিসেবে দেখে এবং জানে যে রাষ্ট্র তার নৈতিকতার প্রতিচ্ছবি।

আল-ফারাবি বিমূর্ত দর্শন ও যুক্তিবাদী আদর্শের মাধ্যমে রাষ্ট্রচিন্তা নির্মাণ করেন। আর সাদী রাষ্ট্রচিন্তা নির্মাণ করেন গল্প (حكاية), উপদেশ (نصيحة) ও আত্মশুদ্ধির (تزكية) মাধ্যমে। এখানে আখ্যান (Narrative) নিজেই একটি রাজনৈতিক প্রযুক্তি—যা আইন দিয়ে নয়, বরং বিবেক দিয়ে শাসন করে। সংক্ষেপে, আল-ফারাবির রাষ্ট্র হলো ‘প্রাতিষ্ঠানিক পুণ্য’ (Virtue Institutionalized) আর সাদীর রাষ্ট্র হলো ‘পরীক্ষিত পুণ্য’ (Virtue Tested)। আল-ফারাবি আমাদের দেন একটি আদর্শ মানচিত্র; সাদী আমাদের দেন একটি নৈতিক আয়না।

 

গুলিস্তায় বয়ান (Narrative) একটি রাজনৈতিক প্রযুক্তি

আধুনিক রাজনৈতিক দর্শনে হান্না আরেন্ট রাজনীতিকে কেবল শাসনব্যবস্থা বা ক্ষমতার কাঠামো হিসেবে দেখেন না; তিনি একে সংজ্ঞায়িত করেন ‘বাক্য ও কর্মের এক প্রকাশ্য জগত’ (Public Realm of Action and Speech) হিসেবে। আরেন্টের মতে, রাজনীতি সম্ভব হয় তিনটি শর্তে: ১. কর্ম (Action), ২. বাক্য বা প্রকাশ (Speech), এবং ৩. মানুষের বহুত্ব (Plurality)।

এই তাত্ত্বিক কাঠামোর ভেতর দাঁড়িয়ে গুলিস্তাঁকে পাঠ করলে দেখা যায়, শেখ সাদী ভাষাকে কেবল বক্তৃতা বা আদেশ হিসেবে ব্যবহার করেন না; তাঁর কাছে ভাষা মানেই বয়ান (Narrative)। সাদীর গুলিস্তায় ভাষা আসে গল্প (حكاية), উপাখ্যান (قصة), রূপক (تمثيل) ও সংক্ষিপ্ত নৈতিক দৃশ্যের আকারে। এই আখ্যানগুলো স্রেফ অলঙ্কার নয়; এগুলো হলো সুসংগঠিত নৈতিক হস্তক্ষেপ (Structured Ethical Interventions)। প্রতিটি গল্প আসলে একটি ক্ষুদ্র রাজনৈতিক প্রেক্ষাপট—যেখানে উপস্থিত থাকে শাসক (سلطان), দরবার (ديوان), প্রজা (رعية), দরিদ্র (فقير) ও বিচারক (قاضي)।

গুলিস্তার আখ্যান কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘বলপ্রয়োগহীন নৈতিক শিক্ষাদান’ (Non-Coercive Moral Pedagogy)। সাদী পাঠককে সরাসরি বলেন না ‘এটাই আইন’ বা ‘এটাই আদেশ’। বরং তিনি একটি নৈতিক পরিস্থিতি নির্মাণ করেন, পরিণতির ইঙ্গিত দেন এবং পাঠককে বিচারের (حُكم أخلاقي) দায়িত্বে ছেড়ে দেন। এখানে পাঠক কেবল নাগরিক নয়, সে হয়ে ওঠে একজন নৈতিক প্রতিনিধি (Ethical Agent)।

আধুনিক রাষ্ট্রে ক্ষমতা কাজ করে আইন ও নজরদারির (Surveillance) মাধ্যমে। গুলিস্তাঁয় ক্ষমতা কাজ করে স্মরণ (تذكرة), আত্মসমালোচনা ও বিবেকের (ضمير) ওপর। এই অর্থে আখ্যান হলো একটি ভিন্ন ধরনের রাজনৈতিক প্রযুক্তি—যা আইন প্রয়োগ করে নয়, বরং বিবেক গঠনের মাধ্যমে শাসন করে। এখানে গল্প হলো আইন ছাড়াই প্রতিপালনের কৌশল এবং শাস্তি ছাড়াই শৃঙ্খলার উপায়।

 

নওশিরওয়ান ও ন্যায়ের সার্বজনীনতা: একটি বংশানুক্রমিক পাঠ

শেখ সাদীর রাজনৈতিক চিন্তার অন্যতম গভীর দিক হলো একজন অমুসলিম শাসককেও আদর্শ রাষ্ট্রনেতা হিসেবে উপস্থাপন করা। তাঁর সেই বিখ্যাত উক্তি:

‘রাজ্য কুফর বা অবিশ্বাসে টিকে থাকতে পারে, কিন্তু জুলুম বা অন্যায়ে টিকে থাকতে পারে না।’

এই বাক্যটি কেবল রাজনৈতিক উপদেশ নয়; এটি রাষ্ট্রীয় নীতিশাস্ত্রের (State Ethics) একটি নতুন দিক নির্দেশ করে। শেখ সাদীর দৃষ্টিতে, ইসলামী রাষ্ট্র কেবল শরয়ি আইন প্রয়োগের দ্বারা সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রের মূল ভিত্তি হলো ন্যায়ের বাস্তবায়ন (ممارسة العدل)।

এখানে দুটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়—

১. ঐশী আদেশ বনাম নৈতিক অনুশীলন: আধুনিক রাষ্ট্রে ক্ষমতার উৎস যেমন আইন ও সামাজিক প্রথার মধ্যে স্থানান্তরিত হয়, সাদীও একই যুক্তি দেখিয়েছেন: রাষ্ট্রক্ষমতার উৎস শুধুমাত্র বাহ্যিক আদেশ নয়, বরং ন্যায়ের অভ্যন্তরীণ অনুশীলন।

২. সার্বজনীন ন্যায়বিচার (عدل كلي): ন্যায়বিচার নিরপেক্ষ; এটি জাতি, ধর্ম বা সামাজিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়। শাসক অমুসলিম হলেও যদি সে জুলুম না করে, তবে তাঁর শাসন বৈধতা (Legitimacy) পায়। এখানে ন্যায় কেবল আইনি বিষয় নয়, বরং এটি রাজনৈতিক আখ্যান এবং নৈতিক ক্ষমতার এক অনন্য সংমিশ্রণ।

 

নওশিরওয়ান: একটি প্রায়োগিক উদাহরণ

সাদী নওশিরওয়ানকে কেবল দার্শনিক বা ধর্মীয় আদর্শ হিসেবে নয়, বরং নীতিশাস্ত্র ও বাস্তব রাজনীতির মিলনবিন্দু হিসেবে তুলে ধরেন। নওশিরওয়ান শাসনকাজ পরিচালনা করেন প্রায়োগিক ন্যায়বিচার (العدل العملي)-এর মাধ্যমে। তাঁর শাসনদর্শন শেখ সাদীর কাছে ‘রাষ্ট্র একটি নৈতিক পরীক্ষাগার’-এর প্রতীক, যেখানে নৈতিক সিদ্ধান্তের বাস্তব পরীক্ষা হয়। এখানে রাষ্ট্রের লক্ষ্য হলো মানুষের আচরণ, দুর্বলতা এবং ক্ষমতার ব্যবহারকে নৈতিক আলোকে পরিমাপ করা।

এই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, সাদীর গুলিস্তাঁ ক্ষমতার এক বিকল্প ইসলামী বংশানুক্রম (Alternative Islamic Genealogy of Power) গড়ে তোলে। প্রচলিত ইসলামী রাষ্ট্রচিন্তা যেখানে শরীয়াহ্‌ প্রয়োগ, শরীয়াহ্‌-অনুগত শাসক এবং ক্ষমতার উৎস হিসেবে ঐশী অনুমোদনের মাধ্যমে রাজনৈতিক বৈধতা খোঁজে; গুলিস্তাঁ সেখানে সর্বজনীন নৈতিক ন্যায় (‘আদল কুল্লী’) প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক বৈধতা, নৈতিকভাবে জবাবদিহিতামূলক শাসক (মুসলিম না হলেও) এবং ক্ষমতার উৎস হিসেবে নৈতিক কর্মপ্রয়াসের (‘আমল আখলাকী’) প্রতি উৎসাহিত করে।

ফলস্বরূপ, গুলিস্তাঁয় রাষ্ট্রক্ষমতা কেবল দমনমূলক বা প্রাতিষ্ঠানিক নয়; বরং আখ্যান, নীতিশাস্ত্র এবং প্রায়োগিক ন্যায়বিচারের মাধ্যমে কার্যকর। এই দৃষ্টিকোণ থেকে গুলিস্তাঁ প্রমাণ করে যে, ইসলামী রাজনৈতিক চিন্তা কেবল বিধিবিধান-নির্ভর নয়; বরং এটি মৌলিক ন্যায়, নৈতিক ক্ষমতা এবং প্রায়োগিক রাজনীতির একটি বিকল্প ধারা হিসেবে বিবেচিত হতে পারে।

 

অনুগ্রহ (رحمة) একটি রাজনৈতিক নীতি

আধুনিক রাষ্ট্রতত্ত্বে প্রসন্নতা বা অনুগ্রহকে সাধারণত ব্যক্তিগত নৈতিক গুণ হিসেবে দেখা হয়। তবে শেখ সাদীর গুলিস্তাঁয় অনুগ্রহ কেবল ব্যক্তিগত গুণ নয়; বরং রাজনৈতিক স্থিতিশীলতার (استقرار سياسي) একটি অপরিহার্য শর্ত।

সাদীর আখ্যানে বারবার দেখা যায়, একজন নিষ্ঠুর শাসক (الحاكم القاسي) স্বল্পমেয়াদে শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদে সমাজে অবিশ্বাস ও বিদ্রোহ সৃষ্টি করেন। অন্যদিকে, একজন করুণাময় শাসক (الحاكم الرحيم) স্বল্পমেয়াদে কিছুটা সীমাবদ্ধ মনে হলেও দীর্ঘমেয়াদে জনগণের আনুগত্য এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক বৈধতা (الشرعية طويلة الأمد) নিশ্চিত করেন। এখানে স্পষ্ট হয় যে, অনুগ্রহ কোনো নিষ্ক্রিয় আবেগ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক নীতি এবং রাজনৈতিক প্রজ্ঞা (العقلانية السياسية)।

রাহমাহ-এর রাজনৈতিক প্রয়োগের মূল বৈশিষ্ট্যগুলো হলো:

১. প্রতিরোধমূলক শাসন (حكم وقائي): অনুগ্রহ ব্যবহার করে শাসক বিদ্রোহ, অরাজকতা বা সামাজিক বিভাজন প্রতিরোধ করেন। ২. দীর্ঘমেয়াদী বৈধতা (الشرعية طويلة الأمد): শাসকের নৈতিক কর্তৃত্ব (السلطة الأخلاقية) তাঁর ক্ষমতার প্রকৃত ভিত্তি। ৩. আচরণগত রূপান্তর (تعديل السلوك): এটি জনগণের আচরণকে প্রভাবিত করে আনুগত্য এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করে।

ফলত, অনুগ্রহ এখানে একটি নৈতিক-রাজনৈতিক প্রযুক্তি—যা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং শাসকের বৈধতা একসূত্রে গেঁথে দেয়। গুলিস্তাঁর গল্পগুলোতে সাদী দেখান—যে শাসক দয়া প্রদর্শন করেন, প্রজা তাঁর ন্যায়বিচারের প্রতি আস্থা রাখে। আর যে শাসক কঠোর শাসন চাপিয়ে দেন, তিনি দীর্ঘমেয়াদে অঘটন ও বিপর্যয় ডেকে আনেন। এখানে অনুগ্রহ কার্যকর হয় আখ্যানমূলক নীতিশাস্ত্র (أخلاقيات القصة)-এর মাধ্যমে। শেখ সাদী প্রমাণ করেন যে, অনুগ্রহ একটি রাজনৈতিক সম্পদ। এটি কেবল নৈতিক আবেগ নয়, বরং টেকসই শাসনের জন্য একটি যৌক্তিক কৌশল (Rational Strategy)। গুলিস্তাঁয় নৈতিকতা ও রাজনৈতিক বাস্তবতা একত্রিত হয়ে শাসনের কাঠামোকে শক্তিশালী করে।

 

Authoritarian Benevolence: ধারণাটির গভীর বিশ্লেষণ

শেখ সাদীর গুলিস্তাঁয় রাষ্ট্র একধরনের ‘সদয় একচ্ছত্রবাদ’ (السلطة الاستبدادية رحيمة)-এর প্রতিফলন। এটি প্রচলিত অর্থে গণতান্ত্রিক নয়, আবার নিষ্ঠুর স্বৈরাচারও নয়। বরং রাষ্ট্রটি দাঁড়িয়ে থাকে একটি মধ্যবর্তী রাজনৈতিক মডেল (نموذج سياسي وسيط)-এর অবস্থানে।

সাদীর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো হলো:

১. শাসক-কেন্দ্রিক শাসন (حكم مركزي): সিদ্ধান্ত গ্রহণ মূলত শাসকের হাতে। শক্তি কেন্দ্রীভূত, কিন্তু তার ব্যবহার সীমাবদ্ধ। ২. নৈতিক সীমাবদ্ধতা (قيود أخلاقية): শাসক আত্মসংযম (انضباط الذাত) এবং নৈতিক দায়বদ্ধতার মধ্যে অবস্থান করে নিজেকে নিয়ন্ত্রণ করেন। ৩. বিধিবদ্ধ আইনের ঊর্ধ্বে চরিত্র (الأخلاق فوق القانون): আইন বা যান্ত্রিক কাঠামোর চেয়ে শাসকের চরিত্রকে (أخلاق) অগ্রাধিকার দেওয়া হয়। ন্যায়বিচার বাস্তবায়ন নির্ভর করে শাসকের নৈতিকতা ও অনুগ্রহের ওপর।

আধুনিক রাজনৈতিক দর্শনের দৃষ্টিতে এই মডেলে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের অভাব বা ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আদর্শিক রাজনৈতিক চিন্তার (الفلسفة السياسية المعيارية) আলোকে এটি একটি মধ্যবর্তী নৈতিক মডেল (نموذج أخلاقي وسيط)। এটি দেখায়, কীভাবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ (السلطة المركزية) এবং নৈতিক শাসন (الحكم الأخلاقي) একসাথে কাজ করতে পারে। শক্তি ব্যবহার সীমিত করা সম্ভব শুধুমাত্র নৈতিক বিচক্ষণতা (الحكمة الأخلاقية) এবং রাহমাহ (رحمة)-এর মাধ্যমে।

এই মডেল দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করে। শাসকের বৈধতা জন্মায় ন্যায়বিচার থেকে, যার মূলে থাকে নৈতিকতা ও অনুগ্রহের সমন্বয়। রাষ্ট্র এখানে কোনো বিমূর্ত আদর্শের শিকলে বন্দী নয়, বরং প্রায়োগিক নৈতিক কর্তৃত্বের (Pragmatic Ethical Authority) ভিত্তিতে পরিচালিত। সংক্ষেপে, সাদীর এই দর্শন ক্ষমতার কেন্দ্রীয়তা এবং নৈতিক সীমাবদ্ধতার এক অপূর্ব মিশেল, যা গুলিস্তাকে আধুনিক ও প্রাক-আধুনিক রাষ্ট্রচিন্তার সন্ধিক্ষণে এক অনন্য উচ্চতায় স্থাপন করে।

 

আধুনিক রাষ্ট্রের জন্য গুলিস্তার শিক্ষণীয় পাঠ

শেখ সাদীর গুলিস্তাঁর রাজনৈতিক দর্শন আধুনিক রাষ্ট্রচিন্তার জন্য চ্যালেঞ্জিং কিন্তু অন্তর্দৃষ্টিপূর্ণ কিছু শিক্ষণীয় দিক প্রদান করে। নিম্নলিখিত চারটি মূল বিন্দু আলোচনার কেন্দ্রবিন্দু:

১. আইন ন্যায়ের বিকল্প নয়: আধুনিক রাষ্ট্রে আইনকে প্রায়ই ন্যায়বিচারের প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়। গুলিস্তাঁয় শেখ সাদী প্রমাণ করেছেন যে, আইন কেবল একটি কাঠামো (Framework); ন্যায়ের পূর্ণতা আসে শাসকের চরিত্রের মাধ্যমে। অর্থাৎ, বিধিবদ্ধ আইন (Codified Law) কখনো নৈতিক বিচারের বিকল্প হতে পারে না। আইন যদি নৈতিকতার সঙ্গে সংমিশ্রিত না হয়, তবে তা কেবল শাসন চালানোর যান্ত্রিক হাতিয়ারে পরিণত হয়।

২. প্রতিষ্ঠান নৈতিকতার নিশ্চয়তা নয়: প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হলেও তা নৈতিকতার নিশ্চয়তা দেয় না। গুলিস্তাঁয় শাসককে নৈতিকভাবে দায়বদ্ধ রাখা হয় আত্মসংযম (Self-Discipline), রাহমাহ ও মুহাসাবার (আত্মসমালোচনা) মাধ্যমে। অর্থাৎ, কেবল প্রতিষ্ঠানই যথেষ্ট নয়; নৈতিক শাসনের (Ethical Governance) জন্য শাসকের ব্যক্তিগত শুচিতা ও চরিত্র অপরিহার্য।

৩. ক্ষমতা চরিত্র ছাড়া বিপজ্জনক: কেন্দ্রীভূত ক্ষমতা যদি চরিত্রবোধ ও নৈতিকতার ভিত্তি না পায়, তবে তা দ্রুত নিপীড়নের দিকে ধাবিত হয়। সদয় একচ্ছত্রবাদ (Authoritarian Benevolence)-এর ধারণাটি দেখায়—ক্ষমতা যখন শাসকের নৈতিক বিচারের সঙ্গে মিলিত হয়, তখনই তা স্থিতিশীল ও বৈধ থাকে। সুতরাং, চরিত্রহীন ক্ষমতা মানেই রাজনৈতিক ঝুঁকি।

৪. রাজনৈতিক শিক্ষা গল্পের মাধ্যমে বেশি কার্যকর: গুলিস্তাঁর গল্প, উপাখ্যান এবং রূপকের মাধ্যমে নৈতিক ও রাজনৈতিক শিক্ষা প্রদান অনেক বেশি কার্যকর। এখানে নাগরিকের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না; বরং তাঁকে বিচারবুদ্ধি গঠনের (Judgment Formation) সুযোগ দেওয়া হয়। এটি প্রমাণ করে যে, আখ্যানকে রাজনৈতিক প্রযুক্তি (Narrative as a Political Technology) হিসেবে ব্যবহার করে গভীর রাজনৈতিক সচেতনতা সৃষ্টি সম্ভব।

গুলিস্তাঁ আধুনিক রাষ্ট্রকে মনে করিয়ে দেয় যে, রাষ্ট্র কেবল একটি প্রশাসনিক যন্ত্র বা সংবিধানগত কাঠামো নয়; এটি একটি নৈতিক সম্পর্ক। যেখানে ন্যায় অনুপস্থিত, সেখানে ক্ষমতা দীর্ঘমেয়াদে টিকে থাকে না। শাসকের বৈধতা আসে তাঁর নৈতিক চরিত্র এবং জনগণের আস্থার সমন্বয়ে।

আজকের আধুনিক রাষ্ট্রের নৈতিক সংকটের প্রেক্ষাপটে—যেখানে আইন, প্রতিষ্ঠান এবং ক্ষমতা প্রায়শই একে অপরের থেকে বিচ্ছিন্ন—গুলিস্তাঁ নিম্নলিখিত দিকনির্দেশনা প্রদান করে:

  • الأخلاق فوق القانون (আইনের ঊর্ধ্বে নৈতিকতা)

  • الحكم على أساس الشخصية (চরিত্র-কেন্দ্রিক শাসনব্যবস্থা)

  • السرد كتعليم سياسي (রাজনৈতিক শিক্ষা হিসেবে বয়ান)

  • السلطة الأخلاقية كمصدر للشرعية (বৈধ ক্ষমতার উৎস হিসেবে নৈতিক কর্তৃত্ব)

পরিশেষে, গুলিস্তাঁ আজও প্রাসঙ্গিক কারণ এটি রাষ্ট্রকে একটি যান্ত্রিক ব্যবস্থা হিসেবে না দেখে নৈতিক এবং সামাজিক সম্পর্কের জটিল নকশা হিসেবে দেখায়। এটি আধুনিক রাজনীতিতে ন্যায়, স্থিতিশীলতা এবং কর্তৃত্বের সঠিক ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে।

 

তথ্যসূত্র (References)
নিবন্ধে ব্যবহৃত প্রধান গ্রন্থ ও তাত্ত্বিক উৎসসমূহ:
1.    Foucault, Michel. Discipline and Punish: The Birth of the Prison.
2.    Schmitt, Carl. Political Theology.
3.    Lambton, Ann K. S. State and Government in Medieval Islam.
4.    Arendt, Hannah. The Human Condition.
5.    Black, Antony. The History of Islamic Political Thought.
6.    Bowering, Gerhard. The Princeton Encyclopedia of Islamic Political Thought.
7.    Katouzian, Homa. Sa’di: The Poet of Life, Love and Liberty.
8.    المدينة الفاضلة (আল-মদিনা আল-ফাদিলা), আল-ফারাবি।
9.    گلستاں (গুলিস্তাঁ), শেখ সাদী।
10.   نصيحة الملك (নাসিহাতুল মুলুক), ইমাম গাজ্জালি।
11.   سیاست نامہ (সিয়াসাতনামা), নিজামুল মুলক তুসি।